
পূর্বাশা ডেস্ক:
বিশ্বে বর্তমান যুদ্ধাবস্থা এবং টালমাটাল পরিস্থিতিতে দিনকে দিন বেড়েই চলেছে গৃহহীনের সংখ্যা। শুধুমাত্র ২০১৬ সালেই যুদ্ধ নির্যাতন ও নিপীড়নের কারণে গৃহহীন হয়েছে প্রায় ৬ কোটি ৫৬ লাখ মানুষ। নিজ দেশ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন দেশে নিরাপদ আশ্রয় খুঁজে বেড়াচ্ছে তারা। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জাতিসংঘ। প্রতিবেদন অনুযায়ী, প্রতি ৩ সেকেন্ডে অন্তত একজন মানুষ ঘরবাড়ি হারাচ্ছে। গৃহহীন হওয়ার এই পরিসংখ্যানটি অন্য যে কোন সময়ের চেয়ে বেশি।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনের (ইউএনএইচসিআর) মতে, বর্তমানে পৃথিবীতে অন্য দেশে শরণার্থী বেশে আছে প্রায় ২২.৫ মিলিয়ন মানুষ। নিজ দেশেই গৃহহীনের সংখ্যা প্রায় ৪০.৩ মিলিয়ন মানুষ। আর ২.৮ মিলিয়ন মানুষ বিভিন্ন দেশে আশ্রয় প্রার্থনা করছে। ২০১৫ সালের শেষে গৃহহীনদের যে পরিসংখ্যান ছিলো ২০১৬ সালে এর সঙ্গে আরও ৩ লাখ নতুন যোগ হয়েছে।
ইউএনএইচসিআর-এর প্রধান ফিলিপো গ্রান্ডি সাংবাদিকদের বলেন, ‘এই পরিসংখ্যানটি অন্য যে কোন সময়ের চেয়ে বেশি।’
তিনি আরও বলেন, ‘শরণার্থী সমস্যা মোকাবিলায় এখনই উদ্যোগ নিতে হবে।’
প্রতিবেদনে দেখা যায়, ২০১৩ সালে বিশ্বে ১ কোটি ৩ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে। এরমধ্যে অন্তত ৩৪ লাখেরও বেশি মানুষ শরণার্থী বেশে নিজ দেশের সীমান্ত পাড়ি দিয়েছে।
২০১৬ সালে সিরিয়াতেই গৃহহীন হয়েছে প্রায় ৫৫ লাখ, আফগানিস্তানে ২৫ লাখ এবং দক্ষিণ সুদানে ১৪ লাখ মানুষ। আর সর্বোচ্চ সংখ্যক শরণার্থীকে আশ্রয় দিয়েছে তুরস্ক। দেশটিতে বর্তমানে ২৯ লাখ শরণার্থী অবস্থান করছে। এভাবে পাকিস্তানে ১৪ লাখ, লেবাননে ১০ লাখ, ইরানে প্রায় ১০ লাখ, উগান্ডায় সাড়ে ৯ লাখ এবং ইথিওপিয়ায় প্রায় ৮ লাখ শরণার্থী আশ্রয় নিয়েছে। শরণার্থীদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে মুসলিম দেশগুলোই এগিয়ে আছে। যদিও বেশিরভাগ শরণার্থীও মুসলিম। আল-জাজিরা
১৯/০৬/২০১৭/ Choity.
























































