রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ফখরুলের ওপর আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালায়: খালেদা জিয়া


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

রাঙামাটি যাওয়ার পথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপর আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।  রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খালেদা জিয়া এই অভিযোগ করেছেন।

বিবৃতিতে বিএনপির চেয়ারপারসন অভিযোগ করেন,  রোববার রাঙ্গুনিয়ায় আওয়ামী সন্ত্রাসীদের সশস্ত্র হামলায় বিএনপি মহাসচিবসহ বিএনপির জ্যেষ্ঠ নেতাদের গাড়িবহরে হামলা গণতন্ত্রের শেষ চিহ্নটুকু মুছে ফেলতে সরকারের একটি দুর্বিনীত উদ্যোগ। এই ঘটনা বর্তমান বিনা ভোটের সরকারের আরেকটি হিংসাশ্রয়ী অসুস্থ রাজনীতিরই বহিঃপ্রকাশ।

খালেদা জিয়া অভিযোগ করেন, আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য গুন্ডামিকেই অবলম্বন হিসেবে নিয়েছে। তাই শান্তি, স্বস্তি ও জননিরাপত্তাকে বিসর্জন দিয়ে নৈরাজ্যকেই বেছে নিয়েছে। এভাবে ভয়ভীতি, শঙ্কা ও আতঙ্কের পরিবেশ বজায় রেখে গণপ্রতিবাদকে চাপা দিয়ে রাখাটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য। তাই জনসমাজে সন্ত্রাসীদের শাসনই সর্বত্র বিরাজমান।

বিবৃতিতে বিএনপি মহাসচিবের গাড়িবহরে হামলা চালিয়ে নেতৃবৃন্দকে আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান খালেদা জিয়া। অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

উল্লেখ্য, রাঙামাটি যাওয়ার পথে  রোববার সকাল ১০টায় রাঙ্গুনিয়ার ইছাখালী এলাকায় মির্জা ফখরুলের গাড়িবহর হামলার শিকার হয়। এরপর তিনি রাঙামাটি না গিয়ে চট্টগ্রামে ফিরে এসে সংবাদ সম্মেলনে বলেন, ‘এ আঘাত গণতন্ত্রের প্রতি আঘাত।’

রাঙামাটির ওই এলাকায় একদল লোক রড ও দা নিয়ে ওই গাড়ি বহরে হামলা চালায় এবং ভাংচুর করে বলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান। তিনি স্থানীয় সাংসদ আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদের লোকজনকে এই হামলার জন্য দায়ী করেছেন। অন্যদিকে হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নেতাদের গাড়ির ধাক্কায় দুইজন আহত হওয়ার পর স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে এ ঘটনা ঘটিয়েছে।

হামলার পর পরই খালেদা জিয়া এক টুইট বার্তায় বলেছেন, হামলার পরিণাম শুভ হবে না।

এদিকে বিএনপির মহাসচিবের গাড়িবহরে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার গণমাধ্যমে দেয়া এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

পূর্বাশানিউজ/১৯,জুন ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি