শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আপনার সময় একই নিয়ম থাকবে তো?


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

সংসদ সদস্যদের নির্ধারিত সময়ের বাইরে বক্তব্যের সুযোগ না দেয়ার আহ্বান জানানোর পর প্রধান হুইপ আ স ম ফিরোজকে উদ্দেশ্য করে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আপনার বক্তব্যের সময়ে একই নিয়ম থাকবে তো? এসময় সংসদে হাসির রোল পড়ে যায়। গতকাল সংসদ অধিবেশনে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা চলাকালে প্রধান হুইপ ফিরোজ ফ্লোর নিয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, বাজেটের ওপর এ পর্যন্ত ১২৬ জন বক্তব্য দিয়েছেন। আরো ১২০ থেকে ১২৫ জন বক্তব্য দেবেন। আমাদের হাতে সময় কম। বিরোধী দলের প্রধান হুইপসহ সকল হুইপ বসে কোন সংসদ সদস্য কতক্ষণ বক্তব্য দেবেন, সময় ঠিক করে দিয়েছি। মাননীয় স্পিকার, আপনার প্রতি অনুরোধ ওই সময়ের মধ্যে যেন থাকেন। আর সংসদ সদস্যদের অনুরোধ জানাবো, আপনারা নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য শেষ করবেন। প্রধান হুইপের কথা শেষ হলে স্পিকার শিরীন শারমিন বলেন, ‘মাননীয় চিফ হুইপ, আপনার বক্তব্য দেয়ার সময় এই নিয়ম থাকবে তো? অবশ্য চিফ হুইপের ওই অনুরোধের পরও স্পিকারকে একাধিক সংসদ সদস্যের বক্তব্যের সময় বাড়িয়ে দিতে দেখা গেছে। উল্লেখ্য, বাজেট আলোচনায় বক্তার তালিকা ও সময় স্ব স্ব দলের হুইপদের মাধ্যমে ঠিক করে স্পিকারের কাছে জমা দেন প্রধান হুইপ। নির্ধারিত সময়ের বাইরে প্রায় প্রতিদিনই অধিবেশনে সভাপতিত্বকারী স্পিকার-ডেপুটি স্পিকারকে সময় বাড়িয়ে দিতে দেখা যায়।

২০ জুন ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি