
সোশ্যাল মিডিয়া যেমন মানুষকে বিশ্বের সঙ্গে জুড়ে দিতে বিরাট ভূমিকা পালন করছে, তেমনই এর অপপ্রয়োগ ডেকে আনছে সর্বনাশ। নির্ভয়া স্মৃতি উসকে ফের ধর্ষণের ঘটনা ঘটল ভারতের রাজধানীতে। ফের পুরুষের লালসার শিকার হতে হল এক মহিলাকে। ভেবেছিলেন নতুন চাকুরি জুটবে। কিন্তু চাকুরির পরিবর্তে যে তাঁর জন্য এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা অপেক্ষা করে রয়েছে, তা হয়তো স্বপ্নেও ভাবেননি ওই মহিলা। চাকুরির টোপ ফেলেই তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। তাও আবার শপিং মলের মতো জনবহুল জায়গায়।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত সোনু সিংকে আগে থেকেই চিনতেন ওই মহিলা। সপ্তাহ খানেক আগেই ফেসবুকে তার সঙ্গে আলাপ হয়েছিল। সামান্য কথাবার্তার পরই মোবাইল নম্বর দেওয়া-নেওয়া হয়। চাকরির প্রলোভন দেখিয়েই তাঁকে দক্ষিণ দিল্লির এক শপিং মলে ডেকে নেয় সোনু। জানায়, নাম করা হোটেলে চাকুরির ব্যবস্থা করে দেবে সে। কিন্তু তার মনে ঠিক কী চলছিল, ঘুণাক্ষরেও টের পাননি ২৪ বছরের ওই মহিলা। সোমবার সন্ধায় সোনুর সঙ্গে দেখা কথা ছিল ওই যুবতীর। সেই মতো তিনি দেখা করতেও যান।
অ্যাডিশনাল ডেপুটি কমিশনার চিন্ময় বিশওয়াল জানান, মোবাইল নম্বর নেওয়ার পর ফোনেই সোনুর সঙ্গে কথা হয়েছিল ওই যুবতীর। সোনু তাঁকে নিজের গাড়িতে তুলে দক্ষিণ দিল্লির একটি শপিং মলের পার্কিংয়ের জায়গায় নিয়ে যায়। সেখানেই তাঁর হাতে নরম পানীয় তুলে দেয় সোনু। তা পান করার পরই জ্ঞান হারিয়ে ফেলেন মহিলা। এবং সেই সুযোগে গাড়ির ভিতর তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনার পর পলাতক সোনু সিং। তাকে গ্রেপ্তারের জন্য খতিয়ে দেখা হচ্ছে মলের পার্কিংয়ের জায়গার সিসিটিভি ফুটেজ। তবে গোটা ঘটনায় মলের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। সাধারণত পার্কিং জোনে নিরাপত্তারক্ষী থাকেন। তাহলে ওই সময় সেখানে কেউ উপস্থিত ছিলেন না কেন? ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।
























































