শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা থাকবে’


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক :

নির্বাচনে সেনা মোতায়েনের ক্ষেত্রে বিএনপির দাবি স্ববিরোধী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবে। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আমলেও একইভাবে মোতায়েন ছিল।

আজ রোববার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের সংবিধানে নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে বলা আছে। তা ছাড়া নির্বাচন কমিশনের রুলসেও (বিধি) স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা মোতায়েনের কথা বলা আছে।’

আগামী জাতীয় নির্বাচনে সেনা মোতায়েনের যে দাবি বিএনপি জানিয়েছে, সেটা স্ববিরোধী উল্লেখ করে কাদের বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে যেটা করেনি, এখন তারা সেটা করার দাবি করছে।

‘জিয়াউর রহমানের সময়েও সেনা মোতায়েন হয়নি, খালেদার সময়েও হয়নি। তারা কোন যুক্তিতে সেনা মোতায়েনের দাবি করছে? তাদের সময়েও সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে ছিল’, মন্তব্য করেন কাদের।

বিএনপির দাবি, সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার বেশির ভাগই আওয়ামী লীগ নেতাদের-এ বিষয়ে ওবায়দুল কাদেরের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘বাংলাদেশে তারেক-কোকো হলো স্বীকৃত দুর্নীতিবাজ। তাঁদের দুর্নীতি আড়াল করার জন্যই বিএনপি এই কথা বলছে।’

সুইস ব্যাংকের টাকা আওয়ামী লীগ নেতাদের নয় বলে দাবি করেন কাদের বলেন, ‘সুইস ব্যাংকের টাকার সঙ্গে আওয়ামী লীগের নেতাদের কোনো সম্পর্ক নেই।’

পূর্বাশানিউজ/০২-জুলাই,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি