শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আরব দেশের দেয়া সময়সীমা শেষ: কি করবে কাতার?


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক :

কাতারের প্রতি আরব দেশগুলোর অবরোধ তুলে নিতে আল জাজিরা টেলিভিশন বন্ধ করা, তুরস্কের সামরিক ঘাঁটি তুলে দেয়া এবং ইরানের সাথে সম্পর্ক হ্রাস করাসহ যে ১৩ দফা দাবি বেধে দিয়েছিল সৌদি আরব ও তার মিত্ররা, তার সময়সীমা শেষ হয়েছে। দাবি মানতে সম্মত হয়নি কাতার।

তবে এ বিষয়টি নিয়ে আজ আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে কাতার। আর সেটি পাঠানো হবে কাতার সংকটে মধ্যস্থতাকারী কুয়েতের কাছে। সেই সঙ্গে আলোচনার জন্যও কাতার প্রস্তুত বলে জানিয়েছে। এদিকে আরব দেশগুলোর দাবি না মানলে আরও নিষেধাজ্ঞা যে আরোপ করা হতে পারে সেই বিষয়ে হুঁশিয়ারিও দিয়ে রেখেছে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো।

সময়সীমা পেরিয়ে যাবার পর এখন কাতারের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ আসতে পারে?

কাতার সংকটের বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক আলী রিয়াজ মনে করেন, দুই একদিনের মধ্যে কাতারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা নেই। বরং বুধবার সৌদি আরব, মিসর, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসবেন। সেখান থেকে এ সংক্রান্ত নতুন কোনো নির্দেশনা আসতে পারে।

পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল-থানি।

তিনি আরও মনে করেন, কুয়েত সংকট নিরসনে মধ্যস্থতার যে চেষ্টা চালাচ্ছে, সেটি যদি সফল হয়, তাহলে এখনকার উত্তেজনা কিছুটা উপশম হবে।

তবে, কাতারের জন্য অর্থনৈতিক চাপ মোকাবেলা করা কঠিন হবে বলে মন্তব্য করে অধ্যাপক আলী রিয়াজ বলেন, দেশটির প্রধান আয়ের উৎস এবং রপ্তানি পণ্য প্রাকৃতিক গ্যাস, এর ওপর এখনো পর্যন্ত কোনো চাপ আসেনি, কিন্তু যদি আসে তাহলে অর্থনৈতিকভাবে সে ধকল মোকাবেলা করা কাতারের জন্য কঠিন হবে। যদিও এখন পর্যন্ত ইরান ও তুরস্কের কাছ থেকে সমর্থন ও সহায়তা পেয়েছে কাতার, কিন্তু দীর্ঘ মেয়াদে সেটি কাজ নাও করতে পারে।

এদিকে, কোনো সার্বভৌম দেশকে অন্য কেউ আল্টিমেটাম দেয়ার কোনো অধিকার নেই বলে মন্তব্য করে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল-থানি বলেছেন, আন্তর্জাতিক আইন ও শৃঙ্খলার কারণে বড় দেশগুলো ছোটো দেশগুলোকে পীড়ন করতে পারে না; আল্টিমেটামও দিতে পারে না।

পূর্বাশানিউজ/০৩-জুলাই,২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি