
পূর্বাশা ডেস্ক :
গত সোমবার ভোর ৫টায় বাসা থেকে যখন কবি ও কলামিষ্ট ফরহাদ মজহার বের হয়ে যান, তখন সিসিটিভির ফুটেজে স্পষ্ট দেখা যায়, শুধু পাঞ্জাবি ও লুঙ্গি পড়ে বের হন তিনি। হাতে কোনো ব্যাগ বা কিছুই ছিল না। বাসার নিচে কর্তব্যরত নিরাপত্তা কর্মী মোহাম্মদ আলী টিভিএনএ’কে জানান, স্যারের সাথে ব্যাগ ছিল না। তিনি এক কাপড়ে বাসা থেকে বের হয়ে যান।
সোমবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে খুলনার ফুলতলা থানায় সংবাদ সম্মেলনে পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহমেদ জানিয়েছিলেন, ফরহাদ মজহারের ব্যাগে মোবাইল ফোনের চার্জার, শার্টসহ বেড়াতে যাওয়ার জন্য প্রয়োজনীয় জিনিস পাওয়া গেছে। ব্যাগ দেখে বোঝা যায় যে তিনি স্বেচ্ছায় ভ্রমণে এসেছেন। তিনি সুস্থ আছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশের এই কর্মকর্তা বলেন, অপহরণ নাটক সাজানো হয়েছিল বলে মনে হয়।
ব্যাগ প্রসঙ্গে তার স্ত্রী ফরিদা আখতার বলেন, ‘ব্যাগ সঙ্গে নিয়েছেন কিনা তা তো জানি না। বাট উনি প্রায়ই একটা ব্যাগ সঙ্গে রাখেন। যার মধ্যে পড়ার জন্য বই ও ওষুধ থাকে। তবে তার কাছে যেমন ব্যাগ দেখা গেছে তেমন ব্যাগ উনি ব্যবহার করেন না। এ ব্যাগ কোথা থেকে আসলো?’
তিনি আরও বলেন, ‘উনি ব্লাড প্রেসারের রোগী। ওষুধ না খেলে অসুস্থ হয়ে পড়েন। আর আমার মনে হচ্ছে উনি ঠিকমত খাননি। সঙ্গে ওষুধ নেননি। ওনাকে দেখে খুব খারাপ লাগছে। আগে এমন দেখিনি।’
ফরহাদ মজহারের মেয়ে সমতলী হক বলেন, ‘আপনারা তো বাড়ি থেকে বের হওয়ার ফুটেজ দেখেছেন। তার কাছে তো কোনও ব্যাগ ছিল না। এখন ব্যাগ আসলো কিভাবে?’
পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফরহাদ মজহারের কাছে একটি ব্যাগ পাওয়া গেছে। মোবাইল ফোনের চার্জার পেয়েছে। শার্টও পেয়েছে। অথচ তিনি কখনই শার্ট পরেন না।
ফরহাদ মজহারের খুব কাছের একজন মানুষ ওয়াহিদ ফারুকী। তিনি জানান, একটি মহল ফরহাদ মজহারের লেখালেখি নিয়ে অসন্তুষ্ট ছিল। হয়তো তারাই তাকে অপহরণ করেছিল। আইন শৃংখলা বাহিনী তৎপরতায় বাধ্য হয়ে ফরহাদ মজহারকে ছেড়ে দিয়েছে। নিরপেক্ষভাবে তদন্ত করলে অপহরণকারীদের ধরা খুব কঠিন হবে না যোগ করেন তিনি।
০৪/০৭/ ২০১৭/ Choity.






















































