শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পাখির সঙ্গে ধাক্কা : এয়ার এশিয়ার বিমানের অস্ট্রেলিয়ায় ফেরত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক :

মালয়েশিয়াগামী এয়ার এশিয়ার ডি৭ ২০৭ বিমান মঙ্গলবার অস্ট্রেলিয়ায় ফিরে আসতে বাধ্য হয়েছে। সম্ভবত পাখির সঙ্গে ধাক্কা লাগার কারণে বিমান কাঁপতে শুরু করার পর এটি জরুরি অবতরণে বাধ্য হয়।

গত দুই সপ্তাহের মধ্যে এয়ার এশিয়ার বিমানের ক্ষেত্রে এধরনের এটি দ্বিতীয় ঘটনা।

এয়ার এশিয়ার বিমানটি সোমবার অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট বিমান বন্দর থেকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা হয়।

এতে ৩৪৫ যাত্রী ও ১৪ ক্রু ছিল। কিন্তু উড্ডয়নের পর পরই বিমানটিতে সশব্দ কম্পন শুরু হয় এবং তা ডান ইঞ্জিন থেকেই হচ্ছিল বলে যাত্রীরা জানায়। পরে এটি নিরাপদে বিসবেন এয়ারপোর্টে অবতরণ করে।

এয়ার এশিয়া কর্তৃপক্ষ এ কথা জানিয়ে এক বিবৃতিতে বলেছে, বিমান বন্দরের রানওয়েতে দুটি পাখিকে দেখা গেছে। বিমানের ডানদিকের ইঞ্জিনটিতে পাখির ধাক্কা লেগেছে বলে ধারণা করা হচ্ছে।

এয়ার এশিয়ার প্রধান বেনিয়ামিন ইসমাইল জানান, বিশেষ বিমানে করে যাত্রীদের কুয়ালালামপুরে পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে।

পূর্বাশানিউজ/০৪-জুলাই,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি