শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সরকার এখন আতঙ্কে: রিজভী


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

সংবিধানের ষোড়শ সংশোধনী মামলায় আদালতে হারের পর সরকার এখন আতঙ্কে আছে বলে মনে করেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। তিনি বলেন, সামনে কোনো বিপদের মুখে পড়ে কি না, সেটাই সরকারের আতঙ্কের কারণ।

বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর মুক্তির দাবিতে সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সভায় এসব কথা বলেন। রিজভী। আসলাম চৌধুরী মুক্তি পরিষদ এর আয়োজন করে।

গত বছরের মে মাসে ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পাটির সদস্য মেন্দি এন সাফাদির সঙ্গে আসলামের একটি ছবি গণমাধ্যমে প্রকাশের পর ওই মাসেই রাজধানী থেকে গ্রেপ্তার হন আসলাম চৌধুরী।

বাংলাদেশ ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক করেনি। দেশটিকে শত্রুরাষ্ট্র হিসেবে ঘোষণা দেয়া হয়েছে। এই অবস্থায় ইসরায়েলের নেতার সঙ্গে বৈঠকের পর আসলাম চৌধুরীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে সরকার উৎখাতের চক্রান্তের অভিযোগ আনা হয়।

ভারতে ইসরায়েলি রাজনীতিক সেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠকের কথা আদালতে স্বীকারও করেছেন আসলাম চৌধুরী। তিনি একে ঘটনাচক্রে বৈঠক দাবি করেছেন।

রিজভী বলেন, ‘ইসরাইলের একজন কর্মকর্তার সঙ্গে কথা বলার অপরাধে আসলাম চৌধুরীকে কারগারে আটকে রাখা হয়েছে। পৃথিবীর বহু আন্তর্জাতিক সম্মেলনে বিভিন্ন দেশের লোক আসে। সেখানে অনেকের সঙ্গেই কথা হয়। তাহলে আসলাম চৌধুরীর অন্যায়টা কি?’।

এই সভাটি করার কথা ছিল জাতীয় প্রেসক্লাবের সামনে। তবে পুলিশের বাধায় পরে ডিআরইউতে কর্মসূচি পালন করা হয়। এর সমালোচনা করে রিজভী বলেন, ‘এই সরকারের পুলিশ বলছে মানববন্ধন করলে নাকি প্রধানমন্ত্রীর চলাচলে বিঘ্ন হবে। এখানে প্রধানমন্ত্রীর অসুবিধা হবে কি?’।

আলোচনায় সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে উচ্চ আদালতের রায় নিয়েও কথা বলেন রিজভী। তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টের বিচারক অপসারণের ক্ষমতায় সংসদের হাত থেকে চলে যাওয়ায় সরকারের মাঝে এক বিমর্ষভাব ও হতাশার জন্ম হয়েছে। এখন তারা (সরকার) আতঙ্কে আছে আবার সামনে কোনো বিপদের মুখে না পড়ে।’

 

রিজভী বলেন, ‘সরকার শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের শাসনকালকে অন্যায় এবং অন্যায্য বলছে। কিন্তু জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদশের স্বাধীনতার বাঁশিতে ফুঁ দেয়ার লোক মিলতো না। একদলীয় শাসনের পরিবর্তে বহুদলীয় গণতন্ত্রের রাজনীতি বাংলাদেশে থাকতো না।’

সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘তারা জনগণের ভোটে ক্ষমতায় আসেনি। তাই জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। আসলে ভোটারবিহীন সরকার ভোটাধিকারবিহীন ভাবেই ক্ষমতায় থাকতে চায়।’

অধ্যাপক জসীম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জম হোসেন আলাল, কেদ্রীয় নেতা কাদের গনি চৌধুরী, শফিউল বারী বাবু, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, সুশীল বড়ুয়া প্রমুখ।

পূর্বাশানিউজ/১০ জুলাই ২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি