
অ্যাম্বুলেন্স না পেয়ে রিকশায় করে মেয়ের মৃতদেহ হাসপাতালে নিতে বাধ্য হয়েছে এক গরীব পরিবার। চেষ্টা করেও হাসপাতাল থেকে সাহায্য পায়নি তারা। এমনকী দেশটির রেল পুলিশ ফোন করেও অ্যাম্বুলেন্স আনাতে পারেনি। সম্প্রতি দেশটিতে সরকারি অ্যাম্বুলেন্স না পেয়ে পায়ে হেঁটে প্রিয়জনের লাশ নিয়ে যাওয়ার একটি ঘটনা সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। ওই ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও একই ঘটনা ঘটলো দেশটিতে।
ভারতের বিতর্কিত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশে এমন অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে।
দেশটির স্থানীয় সংবাদমাধ্যম জানায়, রাজ্যের আত্রা স্টেশনে রেললাইনের পাশে রামাশ্রী নামে ওই তরুণীর মৃতদেহ পড়ে ছিল। পরে রেলপুলিশের পক্ষ থেকে তার পরিবারের লোকদের খবর দেয়া হয়। পরিবারের লোকরা আসলে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে নেয়ার নির্দেশ দেয় পুলিশ।
তবে এসময় কোনো সরকারি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে পারেনি তারা। পরে বাধ্য হয়ে রিকশায় করে ওই তরুণীর মৃতদেহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনা প্রসঙ্গে রেল পুলিশের কর্মকর্তা সেপাক দিবাকর সিং বলেন, হাসপাতাল থেকে কোনো সদুত্তর না পাওয়ায় আমরা ওই মেয়েটির পরিবারকে রিকশায় করে মৃতদেহটি হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দেই।
১০ জুলাই ২০১৭/রুমকী
























































