
বিরূপ আবহাওয়া কারণে নির্ধারিত কর্মপরিকল্পনা থেকে ১০ ভাগ পিছিয়ে পদ্মাসেতু প্রকল্প। বর্ষায় মাঝ নদীতে কাজ করতে সমস্যা হওয়ায় পিছিয়েছে প্রথম স্প্যান বসানোর কাজ। এতে সঠিক সময়ে প্রকল্প শেষ করা নিয়ে দেখা দিয়েছে সংশয়। তবে সময় বাড়ানোর এখনও কোনো পরিকল্পনা নেই জানিয়েছেন প্রকল্প পরিচালক।
নিজেদের টাকায় দেশের সবচেয়ে বড় প্রকল্প বাস্তবায়নে পদ্মার দুপাড়ে চলছে বিশাল কর্মযজ্ঞ। ১০ হাজার বিদেশিসহ দিনরাত কাজ করছে অসংখ্য শ্রমিক। তবে এখনও নদীতে স্পষ্ট হয়নি সোয়া ছয় কিলোমিটার সেতুর কোনো অবয়ব।
বর্ষায় ওয়ার্কশপে পুরোদমে চলছে পাইল ও স্প্যান জোড়া লাগানোর কাজ। তবে প্রবল স্রোতের কারণে মাঝ নদীতে রাখা যাচ্ছে না ভারী যন্ত্রপাতি। এতে আপাতত বন্ধ ১২০ মিটার গভীর পাইলিং।
ছয়টি পাইলের ওপর দাঁড়াচ্ছে একটি পিলার। জাজিরা পয়েন্টে এরকম দুইটি পিলারে কংক্রিটের ঢালাই দিয়ে তৈরি হচ্ছে ক্যাপ। দুই ক্যাপের মাঝেই আগষ্টের শেষদিকে বসবে ১৫০ মিটারের স্প্যান।
সেতু বিভাগ বলছে, এখন পর্যন্ত প্রকল্পের কাজ শেষ হয়েছে ৪৪ ভাগ। সংযোগ-সড়ক ও সার্ভিস এরিয়া তৈরি প্রায় শেষ। তবে লক্ষ্য থেকে পিছিয়ে মূলসেতু ও নদীশাসন। এরই মধ্যে ব্যয় হয়েছে প্রকল্পের ৪৯ ভাগ অর্থ। অগ্রাধিকার প্রকল্প হওয়ায় নেই অর্থের সংকট।
১২ জুলাই ২০১৭/মাহি






















































