
যমুনা, ব্রহ্মপুত্র, পদ্মা ও তিস্তা নদীর পানি সমানতালে বেড়েই চলেছে। মঙ্গলবার আবহাওয়া অফিস এসব নদীর পানি আরও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে। এ পানি বৃদ্ধির সঙ্গে বাড়ছে বানভাসি মানুষের দুঃখও। সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, কুড়িগ্রাম ও জামালপুরসহ দেশের উত্তরাঞ্চলের আট জেলার লাখ লাখ মানুষ এখন পানিবন্দি অবস্থায় রয়েছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বন্যাকবলিত অনেক স্থানে বিশুদ্ধ পানি ও জ্বালানির সংকট দেখা দিয়েছে। খাবার সংকটে অনেকে দিন কাটাচ্ছেন অনাহারে ও অর্ধাহারে। এসব অঞ্চলে বন্ধ রয়েছে শত শত শিক্ষাপ্রতিষ্ঠান। মঙ্গলবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ব্রহ্মপুত্র, যমুনা, গঙ্গা ও পদ্মা নদ-নদীগুলোর পানি সমানতালে বৃদ্ধি পাচ্ছে এবং এ বৃদ্ধি ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। অন্যদিকে কুশিয়ারা নদীর পানি কিছুটা হ্রাস পাচ্ছে। সুরমার পানি স্থিতিশীল আছে। সংবাদদাতাদের খবর—
সিরাজগঞ্জ : প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। বন্যাকবলিত এলাকার প্রায় ৭৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। সিরাজগঞ্জ ও শাহজাদপুর পৌর এলাকার অনেক মহল্লায় বন্যার পানি ঢুকে পড়েছে। বর্তমানে যমুনা নদীর পানি বিপদসীমার ৪৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হচ্ছে আরও নতুন নতুন অঞ্চল। যমুনা নদীর তীরবর্তী শাহজাদপুর, চৌহালী, বেলকুচি, কাজিপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার নিম্নাঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও হাটবাজারসহ বহু বাড়িঘর ডুবে গেছে। এসব এলাকার পাকা ও কাঁচা সড়ক ডুবে গিয়ে যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে।
নৌকা ও কলাগাছের ভেলায় চলাচল করছেন বানভাসি মানুষ। বন্যাকবলিত এলাকার অনেক স্থানে বিশুদ্ধ পানি ও জ্বালানি সংকট দেখা দিয়েছে। যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকলে এবার সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে বলে মনে করা হচ্ছে। এরই মধ্যে বাঁধ-অভ্যন্তরীণ নিচু এলাকার বহু পরিবার ঘরবাড়ি ছেড়ে স্থানীয় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপরসহ বিভিন্ন স্থানে আশ্রয় নিচ্ছেন। বন্যাকবলিত এলাকায় ত্রাণ সামগ্রী এখনও না পৌঁছায় দুর্গতরা মানবেতর জীবন যাপন করছেন।
এদিকে জেলা বন্যা নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বে নিয়োজিত জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবদুর রহিম জানান, যমুনা নদীর তীরবর্তী পাঁচটি উপজেলার নিম্নাঞ্চলের অনেক পরিবার এখন পানিবন্দি রয়েছেন। তিনি আরও বলেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত অসহায় ও গরিব মানুষের জন্য ৬৪ মেট্রিক টন চাল ও ৩ লাখ ৩৫ হাজার টাকা বরাদ্দ দিয়েছেন।
জামালপুর : যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি বিপদসীমার ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার সকালে বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার ৪০ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। এতে জামালপুর সদর, ইসলামপুর, মেলান্দহ, মাদারগঞ্জ, দেওয়ানগঞ্জ ও সরিষাবাড়ি উপজেলার লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। দুর্গত এলাকায় বিশুদ্ধ খাবার পানি ও শুকনো খাবার ও গো-খাদ্যের অভাব দেখা দিয়েছে। পানি উঠে পড়ায় জেলার ১০৩টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। দুর্গত এলাকায় ৭৯টি মেডিকেল টিম কাজ করছে।
কুড়িগ্রাম : কুড়িগ্রামে সব নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি ১৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২০ সেন্টিমিটার ও সেতু পয়েন্টে ধরলার পানি ৫৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বেড়েছে তিস্তা ও দুধকুমার নদীর পানিও। বন্যাকবলিত হয়ে পড়েছে উলিপুর, চিলমারী, রৌমারী, রাজিবপুর, নাগেশ্বরী ও সদর উপজেলার ৩৫টি ইউনিয়নের আড়াই শতাধিক গ্রাম। পানিবন্দি হয়ে পড়েছেন এসব এলাকার প্রায় দেড় লক্ষাধিক মানুষ। বানভাসি মানুষজন ঘরবাড়ি ছেড়ে বাঁধ ও উঁচু জায়গায় আশ্রয় নিতে শুরু করেছেন। এসব এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট। বন্ধ রয়েছে জেলার দেড় শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান।
বগুড়া : জেলার সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট পয়েন্টে বন্যা পরিস্থিতি আবারও অবনতি হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ১৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সারিয়াকান্দি ও ধুনট পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার ৩৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে মঙ্গলবার বগুড়ায় ভারি বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অফিস ৪৪ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দি মানুষের সংখ্যা বাড়ছে। পানি প্রবেশ করায় মঙ্গলবার পর্যন্ত তিন উপজেলার ৭০টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়েছে। বিভিন্ন ফসলি জমি পানির নিচে ডুবে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ২০ হাজার ৫০ কৃষক পরিবার। বন্যার পানির নিচে ডুবে গেছে রোপা আমন, আউশ, বীজতলা, পাট, মরিচ এবং শাকসবজির ৪ হাজার ৫১৫ হেক্টর জমি।
গাইবান্ধা : গাইবান্ধার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্রের পানি ১১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে এখন বিপদসীমার ৩৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া তিস্তা, যমুনা ও করতোয়া নদীর পানি এখন বিপদসীমা ছুঁই ছুঁই করছে। ফুলছড়ি উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধসহ চরাঞ্চলবেষ্টিত ৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশপাশে বন্যার পানি ওঠায় পাঠদান বিঘ্নিত হচ্ছে। অপরদিকে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় জেলার সুন্দরগঞ্জ, সদর, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। চার উপজেলার প্রায় ৮০ হাজার পরিবার এখন পানিবন্দি। ওইসব এলাকার নিম্ন ও চরাঞ্চলের রাস্তাঘাট, ফসলি জমি জলমগ্ন হয়ে পড়েছে। দ্রুত পানি বৃদ্ধির কারণে নদী তীরবর্তী ও চরাঞ্চলের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন।
লালমনিরহাট : ভারি বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল অব্যাহত থাকায় মঙ্গলবার লালমনিরহাটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তিস্তার পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পাউবো। লালমনিরহাটের পাঁচ উপজেলার তিস্তা নদীবেষ্টিত ১৮টি চর এলাকায় অন্তত অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। খাদ্যাভাব এবং নানা সংকটে পড়েছেন এসব মানুষ। এরই মধ্যে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে শুরু করেছে প্রশাসন। তিস্তার পানি পর্যবেক্ষণ এবং ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়নে সার্বিক মনিটরিং করছে পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ।
টাঙ্গাইল : টাঙ্গাইল পানি উন্নয়ন র্বোডের নির্বাহী প্রকৌশলী শাহজাহান সিরাজ জানান, পানি বৃদ্ধি পাওয়ায় মঙ্গলবার সকাল থেকেই গোপালপুর উপজেলার নলিন পয়েন্টে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৪১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে ভূঞাপুর উপজেলার ফকির পাড়া, চরবেতুয়া, চরবামন হাটা, চরকুতুবপুর গ্রামে নতুন করে যমুনার পানি প্রবেশ করেছে। অন্যদিকে পানি বাড়তে থাকায় উপজেলার গাবসারা, গোবিন্দাসী ও অর্জুনা ইউনিয়নের বেশ কয়েকটি এলাকায় ভাঙন শুরু হয়েছে।
নীলফামারী : নীলফামারীতে তিস্তা নদীর পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে তিস্তা নদীর পানি ডালিয়া তিস্তা ব্যারাজ পয়েন্ট বিপদসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এতে করে নদীর তীরবর্তী নীলফামারীর দুইটি উপজেলার অন্তত ২৫টি গ্রামের ১০ সহস্রাধিক মানুষ বন্যাকবলিত হয়ে পড়েছেন। জেলার ডিমলা উপজেলার পূর্বছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, খালিশাচাপানী, ঝুনাগাছচাপানী, গয়াবাড়ি ও জলঢাকা উপজেলার গোলমুণ্ডা, ডাউয়াবাড়ি, শৌলমারী ও কৈমারী ইউনিয়নের নদী তীরবর্তী ২৫ গ্রাম প্লাবিত হয়েছে। এসব গ্রামের ১০ সহস্রাধিক মানুষ বন্যাকবলিত হয়ে অন্তত ৫ সহস্রাধিক মানুষ পানিবন্দি রয়েছেন বলে জানান স্থানীয় জনপ্রতিনিধিরা।
১২ জুলাই ২০১৭/রুমকী























































