
:
খেলা দেখতে এসে লাশ হয়ে ফিরলেন আট দর্শক। সেনেগালের রাজধানী ডেম্বা ডিওপ স্টেডিয়ামে এমন ঘটনা ঘটেছে। আহতের সংখ্যা সঠিকভাবে এখনও জানা যাচ্ছে না৷ লিগ কাপ ফাইনালের ম্যাচ চলছিল স্তাদে দে বোর ও ইউনিয়ন স্পোর্টিভ ওউকামের মধ্যে৷
নির্ধারিত সময় ম্যাচ অমীমাংসিত (১-১) থাকায় খেলা অতিরিক্ত সময় গড়ায়৷ স্তাদে দে বোর ২-১ ম্যাচ জিতে নেয়৷ ম্যাচ শেষের বাঁশি বাজতেই গোটা স্টেডিয়াম রণক্ষেত্র।
দুই দলের সমর্থকরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ৷ তাতেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। ভয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ঘটনাস্থলেই নিহত আটজন।
মূলত প্রাণ বাঁচাতে দেওয়াল টপকাতে গিয়েই বিপত্তিটা ঘটেছে৷ দেওয়াল ভেঙেই আটজন মারা যান৷ ঘণ্টা খানেক আগে যেখানে ছিল উচ্ছ্বাস। মুহূর্তেই সেখানকার বাতাসে ভেসে বেড়ায় কান্নার রোল। সেনেগালের স্থানীয় গণমাধ্যম বলছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
১৬ জুলাই ২০১৭/রুমকী
























































