শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


যে কারণে শেখ হাসিনার অধীনে নির্বাচন চায় না বিএনপি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

গত কয়েক মাসে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের প্রায় প্রতিটি সভা-সমাবেশে নির্বাচনকালীন সরকারের প্রধান হিসেবে শেখ হাসিনা থাকলে বিএনপি নির্বাচনে যাবে না বলে নিজের অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে বক্তব্য দিয়েছেন।

বৃহস্পতিবার দলের স্থায়ী কমিটির বৈঠকে নির্বাচনকালীন সহায়ক সরকারের ফর্মুলার বিষয়টি অনেকটা স্পষ্ট করে বেগম খালেদা জিয়া বলেন, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখে কোনো সহায়ক সরকার হবে না। কারণ লেভেল প্লেয়িং ফিল্ডের প্রধান অন্তরায় হচ্ছেন প্রধানমন্ত্রী।

খালেদা জিয়া বলেন, আগামী নির্বাচন হতে হবে সহায়ক সরকারের অধীনে। হাসিনার অধীনে এ দেশে কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। হাসিনাকে বাদ দিতেই হবে, ক্ষমতা থেকে সরে দাঁড়াতেই হবে। সেই নির্বাচনে প্রত্যেক ভোটার ভোট দিতে যাবে। সকলে এটা চায়, সারা পৃথিবীর মানুষ এটা চায়।

এর আগে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে খালেদা জিয়া সাংবাদিকদের বলেন, হাসিনাকে ক্ষমতায় রেখে নির্বাচন করলে কোনো দিনই সেই নির্বাচন সুষ্ঠু হবে না, নিরপেক্ষ হবে না। ভোটাররা ভোট দিতে যেতে পারবে না ভোটকেন্দ্রে। আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনীর অত্যাচারের নমুনা আমরা অতীতে দেখেছি।  এই সরকারের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হয়নি। আর হবেও না। হাসিনার অধীনে নির্বাচন আমরা কয়েকবার দেখেছি।

২০১৪ সাল একটা প্রমাণ। সারা পৃথিবী বলেছে ২০১৪ সালে বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি। এ নির্বাচন আর বাংলাদেশে হবে না। এ দেশে নির্বাচন হবেই হবে। সে নির্বাচন হবে সহায়ক সরকারের অধীনে। যে নির্বাচনে সব রাজনৈতিক দল অংশ নেবে।

এ ছাড়া এদিকে বিএনপির নীতি-নির্ধারণী পর্যায়ের নেতারা বলছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলা নিয়ে তারা শঙ্কিত। খালেদা জিয়ার বিরুদ্ধে দুটি দুর্নীতির মামলা চলমান রয়েছে। এ মামলাগুলোয় খালেদা জিয়ার সাজা হলে তার নির্বাচনে অংশগ্রহণ আইনি বাধার মুখে পড়বে। এ ছাড়া যদি খালেদা জিয়া গ্রেফতার হয়ে যান এবং নির্বাচনে অংশ নিতে না পারেন, তখন দলের নীতিনির্ধারণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া নিয়ে কী পরিস্থিতি হবে, তাও ভাবাচ্ছে নেতাদের।

পূর্বাশানিউজ/১৬ জুলাই ২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি