শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘বন্যার্তদের পাশে না গিয়ে যড়ষন্ত্র করতে লন্ডনে খালেদা’


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, ‘দেশের মানুষ যখন বন্যায় পানিবন্দি হয়ে দুর্ভোগ পোহাচ্ছে, ঠিক তখনই বেগম খালেদা জিয়া বন্যার্ত মানুষের পাশে না দাঁড়িয়ে যড়ষন্ত্র করতে লন্ডনে গেছেন।’ তার কোনো যড়ষন্ত্রই সফল হবে না বলে মন্তব্য করেন মন্ত্রী।

মঙ্গলবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বন্যার্ত ও নদী ভাঙন এলাকা পরিদর্শন শেষে লোকমান হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে মায়া এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, ‘দুর্যোগ মোকাবেলায় সরকারের সবধরনের প্রস্তুতি এবং বন্যার্তদের জন্য পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে। সুতরাং বন্যার্ত একটি মানুষও না খেয়ে মারা যাবে না। বন্যা বা ত্রাণ নিয়ে কেউ রাজনীতি করবেন না। ত্রাণ নিয়ে কোনো অনিয়ম মেনে নেয়া হবে না।’

মন্ত্রী আরও বলেন, ‘বন্যার পানি নেমে যাচ্ছে। পানি নেমে গেলে তারা ঘরে ফিরে যাবেন। তখন ৪০ দিনের কর্মসূচি দিয়ে কাজের ব্যবস্থা করা হবে। ইতোমধ্যে যাদের ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে। পানি নেমে যাওয়ার পরেই তাদের তালিকা তৈরি করে পুনর্বাসন করা হবে।’

লালমনিরহাট জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলা উদ্দিন খানের সভাপতিত্বে সভায় প্রাথমিক ও গণশিক্ষা সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র সভাপতি মোতাহার হোসেন এমপি, সফুরা বেগম রুমী এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহা-পরিচালক রিয়াজ আহমেদ, হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু ও সির্ন্দুনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরল আমিন প্রমুখ বক্তব্য দেন।

পূর্বাশানিউজ/১৮ জুলাই ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি