শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নয়াদিল্লিতে ‌‘বাংলাদেশি খেদাও’ অভিযান


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ভারতের রাজধানী নয়াদিল্লির নয়ডার গৃহপরিচারিকা নিয়ে জটিলতার জেরে ‘বাংলাদেশি খেদাও’ অভিযানে নেমেছে বিজেপির টিকেটে নির্বাচিত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকার। আসামে বাংলাদেশি খেদাও অভিযানের পর দিল্লিতে এই অভিযান শুরুতে বিপাকে পড়েছে পশ্চিমবঙ্গ থেকে যাওয়া বাঙালিরাও। সংখ্যালঘু ও বাংলাভাষী হওয়ায় তাঁদের ‘বাংলাদেশি’ তকমা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। এবার শুরু হওয়া বাংলাদেশি খেদাও অভিযানে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী মহেশ শর্মা পুরোপুরি মদত দিচ্ছেন বলেও অভিযোগ।

এদিকে পশ্চিমবঙ্গের মানুষের হেনস্থার অভিযোগ শুনে তৎপর হয়েছেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ খুলেছে একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনও। তৃণমূল সূত্রের খবর, নির্যাতিত পরিবারগুলির সঙ্গে কথা বলতে তৃণমূলের একটি মহিলা প্রতিনিধি দল পাঠানোর পাশাপাশি মমতা রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েনকে বলেছেন গোটা ঘটনাটি বিস্তারিত জেনে তাঁকে অবহিত করতে। প্রয়োজনে সংসদে বিষয়টি নিয়ে সরব হতেও বলা হয়েছে ওই সাংসদকে।

ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার। নয়াদিল্লির পার্শ্ববর্তী নয়ডার একটি অ্যাপার্টমেন্টের বাসিন্দা মিতুল শেট্টির বিরুদ্ধে তার গৃহ পরিচারিকা জোহরা বিবিকে আটকে রাখার অভিযোগ ওঠে। পরের দিন সকালে জোহরার স্বামী স্ত্রীর খোঁজে আত্মীয় ও পড়শিদের নিয়ে ওই অ্যাপার্টমেন্টের ভেতর যেতে চাইলে অ্যাপার্টমেন্টের নিরাপত্তারক্ষীদের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায়। অভিযোগ জানায় দু’পক্ষই। শেট্টিরা জোহরার নামে ১০ দশ হাজার টাকা চুরি ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে বাড়িতে ভাঙচুরের অভিযোগ দায়ের করে। ইতিমধ্যেই ওই ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জোহরার অভিযোগ, তাঁকে সারা রাত আটকে রেখে মারধরও করা হয়। সকালে সুযোগ বুঝে ওই বাসা থেকে পালিয়ে আসেন তিনি।

জোহরার অভিযোগের সত্যতা মানতে রাজি নয় উত্তরপ্রদেশ তথা কেন্দ্রের শাসক দল বিজেপি। তাদের দাবি, শুধু শেট্টি পরিবারের অভিযোগ দায়ের হয়েছে। প্রয়োজনে শেট্টি পরিবারের হয়ে আইনি লড়াই করার পক্ষে অবস্থান নিয়েছেন স্থানীয় সাংসদ মহেশ শর্মা। তাঁর দাবি, ‘‘এরা সকলেই কোথাকার তা ভাল করেই জানা আছে। কারণ আমি নিজেও নয়ডাতেই থাকি।’’ মহেশের দাবি, হামলাকারীরা যাতে অন্তত এক বছর জামিন না পায় তার ব্যবস্থা করবেন তিনি।

ওই অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট রয়েছে প্রায় দু’হাজার। কাজ করেন প্রায় ছ’শো পরিচারিকা। ঘটনার পরে ঢোকা বারণ হয়ে গিয়েছে অর্ধেকের বেশি পরিচারিকার। ভেঙে দেওয়া হয়েছে তাঁদের ঝুপড়ি, খাবার দোকান। খেটে খাওয়া মানুষগুলির দাবি, তাঁরা কুচবিহারের বাসিন্দা। ভোটার কার্ডও রয়েছে তাঁদের। তাতে অবশ্য বিশেষ হেলদোল হয়নি স্থানীয় প্রশাসনের। অভিযোগ, এদের তাড়ানোই এখন লক্ষ্য বিজেপি সরকারের। মহেশ শর্মার দাবি, ‘‘যাঁরা এতে সাম্প্রদায়িকতার রং লাগানোর চেষ্টা করছেন তাঁদের আমাদের সংগঠনের সদস্যরাই দেখে নেবে।’’

মদনলাল খুরানা যখন ১৯৯৩ থেকে ৯৬ পর্যন্ত দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন, তখন এভাবে বাংলাদেশি তাড়াও অভিযানে নেমেছিল বিজেপি সরকার। বাংলাদেশি অভিযোগে বহু লোকের মাথা ন্যাড়া করে দেওয়া হয়েছিল। সেই ভয় আবার ফিরে আসছে খেটে খাওয়া বাঙালি পরিবারগুলোতে।

১৯/০৭/২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি