শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুষ্টিয়া সরকারি কলেজ মাঠ থেকে তরুণীর লাশ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কুষ্টিয়া সরকারি কলেজের খেলার মাঠ থেকে অজ্ঞাত (২৫) তরুণীর শ্বাসরোধ করা লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

আজ বুধবার সকালে কলেজ মাঠের মাঝামাঝি স্থান থেকে পুলিশ এ লাশ উদ্ধার করে।

মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম জানান, সকালে স্থানীয়রা পুলিশকে খবর দেন সরকারি কলেজ মাঠে এক তরুণীর লাশ পড়ে রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিন জানান, লাশের গলাই ও থুতনিতে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে অন্য কোন স্থানে হত্যা করে মঙ্গলবার রাতের যে কোন সময় লাশটি এখানে ফেলে রেখে যাওয়া হয়েছে।

কুষ্টিয়া সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড.আমজাদ হোসেন জানান, আমি কয়েকদিন যাবত ঢাকাতে অবস্থান করছিলাম। ভোরে ঢাকা থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হই। পথের মধ্যে ছাত্র নেতারা মোবাইলে আমাকে জানায় কলেজের মাঠের মধ্যে এক তরুণীর লাশ পড়ে আছে। ঘটনা তদন্তের জন্য পুলিশকে চিঠি দেয়া হয়েছে।

তবে মৃত্যুর সঠিক রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। এ ঘটনায় কাউকে আটক করেনি পুলিশ। তবে প্রেম ঘটিত কারণে হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত লাশের পরিচয় মেলেনি।

পূর্বাশানিউজ/১৯ জুলাই ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি