শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চকবাজারে দোকানের আগুনে দগ্ধ চতুর্থজনের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

রাজধানীর চকবাজারে একটি ইলেকট্রনিক পণ্যের দোকানে আগুন লেগে দগ্ধ পাঁচজনের মধ্যে আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শামীম হোসেন নামের ৩৪ বছর বয়সী ওই ব্যক্তি তাবা ইলেট্রনিক্স নামের ওই দোকানের কর্মচারী ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ষোল দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার বেলা ১১টার দিকে তার মৃত্যু হয় বলে মেডিকেল ফাঁড়ি পুলিশের এসআই মো. বাচ্চু মিয়া জানান।

ওই ঘটনায় দগ্ধ পাঁচজনের মধ্যে এ নিয়ে মোট চারজনের মৃত্যু হল। দোকান মালিক মামুনুর রশিদ (৪০) এখনও হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।

বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, শামীমের শরীরের ২৮ শতাংশ পুড়ে গিয়েছিল। আর মামুনের শরীরের ১৮ শতাংশ পুড়ে গেছে।

গত ২ জুন বেলা সোয়া ১২টার দিকে লালবাগের রয়েল হোটেলের বিপরীত দিকের ওই দোকানে বিকট শব্দে বিস্ফোরণের পর আগুন ধরে যায়।

আগুনে দোকানে রাখা ফ্রিজ, টেলিভিশন, এসিসহ বিভিন্ন সামগ্রী পুড়ে যায় এবং দোকানের মালিক-কর্মচারীসহ পাঁচজন দগ্ধ হন।

তাদের মধ্যে দোকান মালিকের বন্ধু মো. মাসুম (৩৭) গত ৭ জুন, কেনাকাটার জন্য ওই দোকানে যাওয়া আবুল কাশেম (৬৫) গত ১১ জুন এবং দোকানের কর্মচারী জাকির হোসেন (২৪) গত ১২ জুন মারা যান।

ওই দোকানের কোনো বৈদ্যুতিক সামগ্রীর কমপ্রেসার বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়েছিল বলে ফায়ার সার্ভিস কর্মীদের ধারণা।

পূর্বাশানিউজ/১৮ জুলাই ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি