শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


তুরস্ক ফেরত আফগান ভাইস প্রেসিডেন্টকে দেশে ঢুকতে বাধা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৭.২০১৭


পূর্বাশা ডেস্ক:

আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আব্দুর রশিদ দোস্তামকে বহনকারী বিমানকে দেশটির মাজার শরীফ বিমানবন্দরে নামতে দেয়া হয়নি। দুই মাস তুরস্কে অবস্থান করার পর সোমবার তিনি দেশে ফিরতে চেয়েছিলেন।

জেনারেল দোস্তামের অনুগত বাহিনী তার একজন রাজনৈতিক প্রতিপক্ষকে অপহরণ, প্রহার এবং যৌন নির্যাতন করেছে বলে অভিযোগ ওঠার পর গত মে মাসে তুরস্কে চলে গিয়েছিলেন তিনি। দোস্তাম অবশ্য ওই অভিযোগ অস্বীকার করেন। তার মুখপাত্র জানান, তিনি মেডিক্যাল চেকআপের জন্য তুরস্কে গিয়েছেন।

সোমবার রাতে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বলখ প্রদেশের প্রভাবশালী গভর্নর আতা মোহাম্মাদ নুর জেনারেল দোস্তামকে স্বাগত জানাতে প্রাদেশিক রাজধানী মাজার শরীফের আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন। এ সময় তার সাথে ছিলেন দোস্তামের সহস্রাধিক সমর্থক যারা তাকে স্বাগত জানিয়ে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে ছিল। কিন্তু দোস্তামকে বহনকারী বিমানকে অবতরণ করতে দেয়া হয়নি এবং শেষ পর্যন্ত এটি তুর্কমেনিস্তানের রাজধানী আশকাবাদে অবতরণ করে।

দোস্তামকে বহনকারী বিমানকে কে বা কারা নামতে দেয়নি তা এখনো স্পষ্ট নয়। প্রাথমিক খবরে দাবি করা হয়েছিল, আফগানিস্তানে মোতায়েন জার্মান সেনারা এ কাজ করেছে। কিন্তু পরে ন্যাটো এ খবরে সত্যতা অস্বীকার করে জানায়, এ সংক্রান্ত ক্ষমতা আফগান কর্তৃপক্ষের হাতে ন্যস্ত রয়েছে।

এদিকে প্রেসিডেন্ট আশরাফ গনির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, দোস্তাম কাবুল সরকারের অনুমতি না নিয়েই দেশে ফিরছিলেন বলে তার প্রত্যাবর্তনের উদ্দেশ্য নিয়ে কাবুলে সংশয় সৃষ্টি হয়েছিল।

অন‍্যদিকে সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, কাবুলে জেনারেল দোস্তামের দফতর বলেছে, তিনি দেশে ফেরার চেষ্টা করেননি এবং এখনো তুরস্কে অবস্থান করছেন।

পূর্বাশানিউজ/১৯ জুলাই ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি