
পূর্বাশা ডেস্ক:
নির্বাচন কমিশন (ইসি) বা কোনো বিদেশি শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে পারবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের জনগণই আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে।’
নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালত পরিদর্শন করে একথা বলেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আছে। ক্ষমতায় ফিরে যাওয়ার জন্য, উন্নয়ন অর্জনের স্বার্থে, অব্যাহত রাখার জন্য, ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগ এদেশের জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে চায়। ইসি আওয়ামী লীগকে ক্ষমতায় নিতে পারবে না। ইলেকশন কমিশনের কোনো দলকে ক্ষমতায় নেওয়ার ক্ষমতা নেই।’
তিনি বলেন, ‘বিএনপির ব্যাপারটা হচ্ছে, বিএনপিকে ইসির আশ্বাস দিতে হবে, তারাই আবার ক্ষমতায়। তা না হলে এটা-ওটা, একেকদিন একেক অভিযোগ, নানান অভিযোগ তারা দেবে। আমাদের পরিষ্কার বক্তব্য, ইলেকশন কমিশন আমাদের ক্ষমতায় বসাতে পারবে না, কোনো বিদেশি শক্তি আমাদের ক্ষমতায় বসাতে পারবে না, আমাদের ক্ষমতায় বসাতে পারবে বাংলাদেশের জনগণ।’
ওবায়দুল কাদের বলেন, ‘কাজেই বিএনপি এই অর্বাচীনের মতো যে অভিযোগ আনছে এবং অনবরত প্রলাপ বকছে, এটার কোনো বাস্তব ভিত্তি নেই। বিএনপিকে আসলে ইসির বোধহয় এই অঙ্গীকার করতে হবে, যে তারা তাদের ক্ষমতায় যাওয়ার ব্যবস্থা করবে। এ ধরনের কথা বললে বোধহয় তারা খুশি হবে। এ ছাড়া বিএনপিকে খুশি করা যাবে না। বিএনপি এখন নানা ধরনের কথাবার্তা বলে নির্বাচনী প্রক্রিয়াকে তারা বিঘ্নিত করছে এবং ইসিকে বিতর্কিত করছে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘আমরা একটা কথা বলি, আমরা কিন্তু কমেন্ট করেছি যে ইসির যে রোডম্যাপ, এই রোডম্যাপের প্রক্রিয়া বাস্তবায়ন দেখে আমরা এ ব্যাপারে মন্তব্য করব। আমরা দলের পক্ষ থেকে কিন্তু এই মুহূর্তে মন্তব্য করতে চাই না। ইসি সবার, ইলেকশন কমিশন কোনো দলের নয়। আমরাও আশা করব, ইলেকশন কমিশন সমান সুযোগ প্রদানে তাদের ওপর যে আরোপিত সাংবিধানিক দায়িত্ব, এ দায়িত্ব তারা যথাযথভাবে পালন করবে।’
অপরদিকে ফতুল্লার আলীগঞ্জে বুড়িগঙ্গা নদীর তীরে বৃক্ষরোপণ করতে এসে নৌমন্ত্রী শাজাহান খান বলেন, ‘নির্বাচন কমিশনকে সহায়তা করার দায়িত্ব সরকারের। সেই সহায়তা করবে শেখ হাসিনার সরকার। আমরা বুড়িগঙ্গা নদীর দূষণ কমিয়ে আনতে পেরেছি। ট্যানারি সাভারে স্থানান্তর করার ফলে আমরা সফল হয়েছি। আগামী ১০ বছর পর নদীদূষণ একেবারেই থাকবে না।’

























































