সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই ৬ গ্রামের ভরসা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৭.২০১৭

 

পূর্বাশা ডেস্ক:

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড উত্তর দাড়িয়ারপাড় কালঘোষা নদীর শাখা খালের ওপর দাসাস মোড়সংলগ্ন মো. করিম মাস্টারের বাড়ির সামনে, আলহাজ রোস্তম আলীর বাড়ির পেছনে, মো. নুর ইসলামের বাড়ির উত্তর পার্শ্বে, মিয়ার আলী ফকিরের বাড়ির সামনে সেতু নেই। ফলে খালের ওপর নির্মিত কাঠ ও বাঁশের সংমিশ্রণে তৈরি সাঁকোগুলো দিয়ে এ ওয়ার্ডের ৬টি গ্রামের খুদে শিক্ষার্থী ও সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে। সাঁকোগুলো পারাপার হতে গিয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে শিশু শিক্ষার্থী, রোগী, বয়োজ্যেষ্ঠ নারী-পুরুষ ও গর্ভবতী নারীদের। কিন্তু প্রায় ৪০ ফুট দৈর্ঘ্যের একটি সেতু হলে বদলে যাবে এখানকার চিত্র।

জানা যায়, স্বাধীনতার পর থেকেই এলাকাবাসীর চাঁদায় নির্মিত বাঁশের সাঁকোগুলো দিয়ে ওই খালের ওপর দিয়ে পারাপার হয় খুদে শিক্ষার্থী ও পথচারীরা। প্রতিদিন এ পথে ধানশাইল ইউনিয়নের উত্তর দাড়িপাড়, নয়া পাড়া, পূর্বপাড়া, পশ্চিম পাড়া, বড় বাড়ি, বিলবাড়ি গ্রামের প্রায় ৪ হাজার মানুষ ওই ভাঙা ও নড়বড়ে সাঁকোগুলোর ওপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে।

ধানশাইল উচ্চ বিদ্যালয়, ধানশাইল বালিকা উচ্চ বিদ্যালয়, উত্তর দাড়িয়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাপাঝোড়া নুরানি ইসলামিয়া মাদরাসা, ঝিনাইগাতী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়সহ উপজেলা সদরের প্রাইভেট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রায় ১ হাজার শিক্ষার্থী যাতায়াত করে এ পথগুলো দিয়ে।

বর্ষা মৌসুম এলেই অতি বর্ষণ ও পাহাড়ি ঢলে পানির প্রবল স্রোত থাকায় খুদে শিক্ষার্থীরা ভয়ে বিদ্যালয়ে যায় না। ফলে তাদের ব্যাহত হয় পড়াশোনা। এ ছাড়া এ সাঁকোগুলোর ওপর দিয়ে কৃষকদের কৃষিপণ্য, গবাদিপশু ও রিকশা, ভ্যান বা মোটরসাইকেল যাতায়াত করতে পারে না।
যেকোনো সময় সাঁকোগুলো ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী আশঙ্কা প্রকাশ করেছেন। এ জায়গাগুলোতে পাকা সেতু নির্মাণ করা হলে এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা উন্নয়নের পাশাপাশি শিক্ষা ও কৃষিক্ষেত্রে উন্নয়ন সাধিত হবে।

উত্তর দাড়িয়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ফারজানা জানায়, বৃষ্টি এলেই পানির স্রোত বেড়ে যায় তখন (পানিতে) পড়ে যাওয়ার ভয়ে বিদ্যালয়ে যায় না সে। শেরপুর সরকারি কলেজের শিক্ষার্থী শ্রাবণ আহাম্মেদ বলেন, সাঁকো পার হয়ে কলেজে যেতে হয়। অনেকে প্রায়ই সাইকেল নিয়ে যাওয়ার সময় পানিতে পড়ে যায়।

উত্তর দাড়িয়ারপাড় গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল করিম বলেন, পাকা সেতুর অভাবে আমাদের যাতায়াত ব্যবস্থা ভালো না। ফলে কৃষক তার উৎপাদিত পণ্য বাজারে নিয়ে বিক্রি করতে পারে না, শিক্ষার্থী ও রোগীদের ব্যাপক সমস্যায় পড়তে হয়। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষর নিকট দ্রুত সেতু নির্মাণের দাবি জানান।

ধানশাইল ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ওই স্থানগুলোতে সেতু না থাকায় দীর্ঘদিন ধরে মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সেতু নির্মাণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে আবেদন করা হয়েছে। বরাদ্দ এলেই সেতুগুলো নির্মাণ করা হবে।

পূর্বাশানিউজ/২৩ জুলাই ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি