
পূর্বাশা ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৩০০ কোটি ডলার মূল্যের অত্যাধুনিক ও বিশ্বের সর্ব বৃহৎ যুদ্ধ জাহাজ ‘ইউএসএস জিরাল্ড আর ফর্ড’র উদ্বোধন করেছেন। স্থানীয় সময় শনিবার তিনি ভার্জিনিয়ার নরফকে পরমাণু চালিত যুদ্ধ জাহাজটির উদ্বোধন করেন।
সুপারক্যারিয়ার খ্যাত এই জাহাজটির ২০০৯ সালে নির্মাণ কাজ শুরু হয়। পরমাণু শক্তি চালিত এই জাহাজটি কোনো ধরণের জ্বালানি নেয়া ছাড়াই ২০ বছর ধরে চলতে সক্ষম।
আমেরিকার ৩৮তম প্রেসিডেন্টের নামানুসারে জাহাজটির নামকরণ করা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই জাহাজটি উদ্বোধন করার সময় মার্কিন সামরিক বাহিনীর নতুন করে প্রাণ সঞ্চার হয়েছে বলে মন্তব্য করেন।
উদ্বোধনের সময় ট্রাম্প বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের সামরিক বাহিনী প্রস্তুত করে ফেলেছে জাহাজটি। বিগত কয়েক বছর ধরে আমাদের সামরিক বাহিনীর খুব খারাপ সময় যাচ্ছিল। এই জাহাজটি উদ্বোধনের মধ্যে দিয়ে খারাপ সময়ের অধ্যায় শেষ হলো।
ট্রাম্প আরো বলেন, জাহাজটি আমেরিকার সামরিক বাহিনীর সর্বোচ্চ প্রতীক। এখন থেকে সবাই জানবে আমেরিকার জন্য আগামী দিন সুদিন, আমেরিকার জন্য আগামী দিন শক্তিশালী দিন। নতুন প্রজন্ম এই জাহাজ উদ্বোধনের প্রেরণা নিয়ে এগিয়ে চলবে।
চলতি বছরের শুরুতে একটি সাক্ষাতকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাইটেক ইলেকট্রনম্যাগনেটিক প্রযুক্তি ব্যবহারের জন্য সামরিক বাহিনীর সমালোচনা করেছিলেন। তবে বিশ্বের সর্ববৃহৎ জাহাজটি উদ্বোধন করার সময় এর প্রশংসাই করেছেন ট্রাম্প। পূর্বে তিনি কি বলেছিলেন তা মনেও নেই ট্রাম্পের।
জুলাই ২০১৭/মাহি
























































