
পূর্বাশা ডেস্ক:
বঙ্গবন্ধুকে বড় এবং আরও বড় করতে চাই, এই কারণে মুক্তিযুদ্ধের সময় যে অন্য শক্তিগুলো ছিল, যারা নেতৃত্বে ছিলেন তাদের কথা ভালভাবে আনতে চাই না। শুধু বঙ্গবন্ধুকে বড় করার জন্যে। আর এটা সকলেই বোঝেন। তাই এখানে বিস্তারিত আলোচনার দরকার হয় না বলে মন্তব্য করলেন, অধ্যাপক আবুল কাশেম ফজুলল হক।
মাইটিভির ‘ফিফটি মিনিট’ অনুষ্ঠানে তিনি আরও বলেন, বঙ্গবন্ধু আর তাজউদ্দীন আহমদ এক সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন এবং শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধ এর মধ্যে কাজ করেছেন। মুক্তিযুদ্ধের সময় একান্তভাবেই তাজউদ্দীন আহমদই সামনে ছিলেন। সরকার গঠন করেছেন। এছাড়া বন্ধবন্ধুর অনুপস্থিতিতে ঐক্যের বড় অভাব ছিলো। এমতাবস্থায় সব সমস্যা ম্যানেজ করে তাজউদ্দীন আহমদ অসাধারণ কৃতিত্বের সঙ্গে সমস্ত বিরোধ এবং অনৈক্য মিটিয়ে প্রধানমন্ত্রী হয়ে সরকার পরিচালনা করেছেন।
অধ্যাপক আবুল কাশেম ফজুলল হক বলেন, আমাদের আরেকটা কষ্টের বিষয় হচ্ছে, মুক্তিযুদ্ধের আলোচনায় আমরা কেবল মাত্র যারা অস্ত্র হাতে যুদ্ধে করেছেন তাদেরকে সামনে আনি তাদেরকে বিবেচনায় ধরি। কিন্তু যে, সমস্ত মুক্তিযোদ্ধা ও অন্যরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ে অনেক ঘটনার নেতৃত্ব দিয়েছেন তাদের কথা বলছি না।
তিনি বলেন, বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে রাজনৈতিক নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে এবং সরকারের কেন্দ্র বিন্দুতে ছিলেন তাজউদ্দীন আহমদ। তার এই রাজনৈতিক নেতৃত্ব ছাড়া তখন অনেক আর্মি মিলিটারি জেনারেল ছিল। তারা কি পারতেন যুদ্ধ জয় করতে ? তারা কি পারতেন শক্রুর মোকাবেলা করে বাংলাদেশকে মুক্ত করতে ?
আবুল ফজুলল হক আরো বলেন, তাজউদ্দীন আহমেদ ভারত সরকারের সহযোগিতা নেওয়ার জন্য আলোচনা করতে হয়েছে। নানা রকম এগ্রিমেন্টে যেতে হয়েছে। গোটা বিশ্বব্যাপি কূটনৈতিক সম্পর্ক তৈরি করতে হয়েছে। তাছাড়া তখনকার সময় বিভিন্ন দেশের সরকার বাংলাদেশ সরকারকে নানা কারণে সমর্থন দেয়নি বা দিতে পারেনি। কারণ বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন রকমের পরিকল্পনায় বাধা ছিল বলে। যে বিষয়গুলো তাজউদ্দীন আহমদকেই ম্যনেজ করতে হয়েছে।
এই সময় তিনি আরও বলেন, আমাদের বর্তমান রাজনীতিতে সেই ধারাবাহিকতা রক্ষা করে চলছি কি না, আমাদের রাজনীতিতে তাজউদ্দীন আহমেদের যে গতি ছিল সেই গতি এখনকার রাজনীতিতে আছে কি না ? অথবা আরও বাড়িয়ে বললে, তখনকার মুক্তিযুদ্ধের যে চেতনা বঙ্গবন্ধু তাজউদ্দীন আহমদ এবং আরও অনেক ছাত্রলীগ, আওয়ামী-লীগ ছিল। পরবর্তিকালে আওয়ামী-লীগ যুবলীগ হয়েছে। এই সস্ত শক্তির মধ্য দিয়ে আজকের বাংলাদেশ হয়েছে। তাছাড়া মাওলানা ভাসানীসহ আরও অনেকেই ছিল। তিনি বলেন, এদেরকে যদি আমরা সম্পূর্ণ ভুলে গিয়ে দূরে রাখি তাহলে কিন্তু আমরা ঠিক ইতিহাস ধরে রাখছি না। যাদের যেটুকু ভূমিকা তাকে সেইটুকু সম্মান দেওয়া দরকার।
অধ্যাপক আবুল কাশেম ফজুলল হক বলেন, আর মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে যত বড় করে দেখানো হচ্ছে ১৯৭১ সালে তারা কিন্তু এত বড় ছিল না। যদি মুক্তিযুদ্ধে বিরোধী শক্তি এত বড়ই থাকতো তাহলেতো মুক্তিযুদ্ধ ৯ মাসে শেষ হতো না। এটা নানাভাবে বর্তামান সময়ের স্বার্থ উদ্ধার করার জন্য ঐ বিরোধী শক্তিকে অনেক বড় করে দেখানো হচ্ছে।
তিনি বলেন, আসলে মুক্তিযুদ্ধ বিরোধীতার প্রধান শক্তি ছিল মুসলিম-লীগ। ১৯৭১ সালের যুদ্ধের ৯ মাসে বাংলাদেশের প্রধান শক্রুই ছিল মুসলিম-লীগ। তারা পাকিস্তানকে রক্ষা করতে চেয়েছে নানাভাবে। কিন্তু সেই মুসলিম-লীগের কথাতো আজকে নেই। আজকে কেবল আমরা জামায়াত, জামায়াত বলে তাদেরকে সামনে আনছি।
অধ্যাপক আবুল কাশেম বলেন, যদিও ৭১’এ জামায়াত অনেক অপকর্ম করেছে। এগুলোর জন্য তারা শাস্তি পাবে। কিন্তু সেই সঙ্গে মুসলিম-লীগ, নেজামী ইসলামসহ এই রকমের কতগুলো পার্টি ছিল এগুলোর কথাতো আমাদের ইতিহাসে রাখা উচিত।
তিনি বলেন, তাজউদ্দীন সরকার ১৯৭১ সালের ১১ ডিসেম্বর ৪টি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছিল। তিনি বলেছিলেন, ‘আমরা অচিরেই স্বাধীনতা অর্জন করবো’ এবং আমরা আইন করেছি যে, ৪টি রাজনৈতিক দল স্বাধীন বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ পাবে না। সেই ৪টি দল আগাগোড়া বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে । সেই ৪টি দল ৯ মাস ধরে পাকিস্তানি হানাদার বাহিনীদের সহযোগিতা করেছে। এই কারণে আমরা এই ৪টি দলকে নিষিদ্ধ করে দিলাম। এখানে ধর্মের কথা একবারও উল্লেখ করা হয়নি।
তিনি আরও বলেন, পরবর্তীতে নানা কারণে, নানা স্বার্থে এই বিষয় নিয়ে একটা স্রোত তৈরি করা হচ্ছে। এই মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বিপক্ষ শক্তি যেভাবে আজকে আমরা ভাগ করতে দেখছি। এইভাবে যদি ১৯৭১ সালে ভাগ করা হতো কিংবা ৬ দফার সাথে ভাগ করা হতো তাহলে কি আমরা ৬ দফা পেতাম ? তাহলে কি আমরা মুক্তিযুদ্ধে জয়ই হতে পারতাম ?
২৫/০৭/২০১৭/ Choity.

























































