
একাত্তরে মুক্তিযুদ্ধে সুন্দরবনের সাব সেক্টর কমান্ডার ও বঙ্গবন্ধু হত্যা মামলার সাক্ষী মেজর জিয়াউদ্দিন আহমেদের প্রথম নামাজে জানাজা ৩০ জুলাই রোববার দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে অনুষ্ঠিত হবে।
সংবাদমাধ্যমকে এ তথ্য জানান মেজর (অব.) জিয়াউদ্দিনের ভাগ্নে শাহানুর রহমান শামীম। তিনি আরও জানান, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মেজর জিয়াউদ্দিনের মরদেহ আজ বিকাল ৩টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে।
৩১ জুলাই সোমবার মেজর জিয়াউদ্দিনের মরদেহ পিরোজপুরে নেওয়া হবে। জোহরবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তার দাফন করা হবে।
এর আগে ২৯ জুলাই শনিবার রাত ১০টার দিকে সিঙ্গাপুর থেকে ঢাকায় আনা হয় মেজর জিয়াউদ্দিনের মরদেহ। এর পর মরদেহ রাখা হয় সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘরে।
মেজর জিয়াউদ্দিন আহমেদ প্রায় দুই বছর ধরে লিভার সিরোসিসে ভুগছিলেন। সর্বশেষ গত ১ জুলাই অসুস্থ হওয়ার পর তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয় মেজর জিয়াউদ্দিনকে। ২৮ জুলাই শুক্রবার দুপুর ১টা ১৫ মিনিটে সিঙ্গাপুরের ন্যাশনাল হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
মেজর জিয়াউদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধকালীন জেড ফোর্সের অধীন প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার ছিলেন। ১৯৮৯-৯১ সালে তিনি পিরোজপুর পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
একাত্তরে সুন্দরবন অঞ্চলকে শত্রুমুক্ত রাখতে নেতৃত্ব দেওয়া মুক্তিযোদ্ধা মেজর জিয়াউদ্দিন আহমেদ মৎস্যজীবীদের সংগঠন দুবলা ফিশারম্যান গ্রুপের চেয়ারম্যান ছিলেন। তিনি সুন্দরবন এলাকায় ডাকাত নির্মূল অভিযানেও সক্রিয় ছিলেন।
‘সুন্দরবন বাঁচাও’ নামে একটি অরাজনৈতিক সংগঠন তোলেন মেজর জিয়াউদ্দিন। ২০১৩ সালে বনদস্যুদের গুলিতে তিনি আহতও হয়েছিলেন। স্থানীয়ভাবে তাকে ডাকা হতো সুন্দরবনের ‘মুকুটহীন সম্রাট’ নামে।
মুক্তিযুদ্ধকালীন সুন্দরবনের বিভিন্ন ঘটনা নিয়ে তিনি ‘মুক্তিযুদ্ধে সুন্দরবন’ নামে একটি বইও লিখেছেন মেজর জিয়াউদ্দিন আহমেদ।
জুলাই ২০১৭/রুমকী























































