বৃহস্পতিবার,১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


মুখ থুবড়ে পড়েছে স্মার্টকার্ড প্রকল্প


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ঠিকাদারি প্রতিষ্ঠান ফ্রান্সের অবার্থুর টেকনোলজিসের (ওটি) ব্যর্থতায় আইডিইএ (আইডেন্টিফিকেশন সিস্টেম ফর ইনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস) প্রকল্পটি মুখ থুবড়ে পড়েছে। এর মাধ্যমে লেমিনেটেড জাতীয় পরিচয়পত্রের বদলে এই স্মার্টকার্ড দেয়ার কথা। গত এক সপ্তাহের বেশি সময় ধরে বন্ধ রয়েছে স্মাটকার্ড প্রক্রিয়াকরণ (পারসোনালাইজেশন) কার্যক্রম।

৩০ জুনের মধ্যে নয় কোটি স্মার্টকার্ড বিতরণের কথা ছিল। ৮১৬ কোটি টাকায় চুক্তির আড়াই বছরে ঠিকাদারি প্রতিষ্ঠানটি মাত্র ২৫ লাখ ৭০ হাজার নাগরিকের হাতে স্মার্টকার্ড পৌঁছাতে পেরেছে, যা লক্ষ্যমাত্রার মাত্র ২ দশমিক ৮৬ শতাংশ। এ পর্যন্ত ১ কোটি ২৪ লাখ কার্ড প্রস্তুত করেছে, যা লক্ষ্যমাত্রার মাত্র ১৩ দশমিক ৭৯ শতাংশ।

এসব মিলে ১৭ শতাংশের কম কাজ করে ৫০ ভাগের বেশি (৫০ মিলিয়ন ডলারের বেশি) বিল নিয়ে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। এ পরিস্থিতিতে কোম্পানিটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।  খুব শিগগিরই কমিশন থেকে এ সংক্রান্ত ঘোষণা আসতে পারে। সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে জানা গেছে এসব তথ্য।

ইসি সূত্রে জানা গেছে, ওটির সঙ্গে সম্পর্ক ছিন্ন হলে মেশিন টুলস ফ্যাক্টরির মাধ্যমে স্মার্টকার্ড উৎপাদনের বিষয়ে আলোচনা চলছে। প্রকল্পের আওতায় কেনা ১০টি মেশিনেই এসব কার্ড প্রক্রিয়াকরণ করা হবে। সেক্ষেত্রে রাজস্ব খাত থেকে ব্যয় বহন করার চিন্তা করা হচ্ছে।

ইসি ও আইডিইএ প্রকল্পের একাধিক কর্মকর্তা বলেন, নয় কোটি মানুষের হাতে কার্ড তুলে দিতে চুক্তির মেয়াদ আরও ছয় মাস বৃদ্ধির প্রস্তাব দিয়েছিল ওটি। প্রকল্পের স্বার্থে ডিসেম্বর পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য নানান ধরনের সমঝোতামূলক পদক্ষেপ নেয়া হয়। কার্ড প্রক্রিয়াকরণে ৮টি অতিরিক্ত মেশিন আমদানি, নতুন ওয়ার্কিং প্ল্যান তৈরিসহ ওই কোম্পানিকে দেয়া হয় কয়েকটি শর্ত। কিন্তু প্রাথমিক ধাপের শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় সেই প্রক্রিয়াও ভেস্তে গেছে।

এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক আইন অনুযায়ী কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার উদ্যোগ নিয়েছে ইসি। ইতোমধ্যে কোম্পানির কিছু বিল আটকে দেয়া হয়েছে। আগামী ডিসেম্বরে মূল প্রকল্প আইডিইএর মেয়াদ শেষ হচ্ছে। ওই সময়ের পর এ প্রকল্পের মেয়াদ আর বাড়বে না বলে ইতোমধ্যে জানিয়ে দিয়েছে বিশ্বব্যাংক।

এসব বিষয়ে জানতে চাওয়া হলে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কমিটির প্রধান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী বৃহস্পতিবার বলেন, সম্ভবত এক সপ্তাহের মতো কার্ড উৎপাদন বন্ধ রয়েছে। দেশের স্বার্থে ওই কোম্পানিকে আমাদের ডাটাবেজে প্রবেশাধিকার বন্ধ করে দেয়া হয়েছে। তিনি বলেন, সময়মতো কার্ড ডেলিভারি দিতে ব্যর্থ হওয়ায় চুক্তির মেয়াদ হয়তো বাড়াব না। তাদের বিরুদ্ধে ক্ষতিপূরণ আদায়সহ অন্যান্য আইনগত পদক্ষেপ নেয়ার চিন্তা করা হচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ কোম্পানির আবেদনের পরিপ্রেক্ষিতে প্রজেক্ট স্টিয়ারিং কমিটির এক সভায় শর্তসাপেক্ষে মেয়াদ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছিল। কিন্তু তারা যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তা বাস্তবায়ন করেনি উল্টো নির্বাচন কমিশনকে নানান শর্তারোপ করায় প্রজেক্ট স্টিয়ারিং কমিটির অপর সভায় চুক্তির মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অবার্থুর টেকনোলজিসের ব্যর্থতার বিষয়ে এ প্রজেক্টের অপারেশনবিষয়ক কনসালটেন্ট ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাইফুর রহমান বলেন, বিষয়টি নাজুক অবস্থায় রয়েছে। এ বিষয়ে মন্তব্য করতে চাই না। কেন যথাসময়ে কাজ শেষ করতে পারেনি সে বিষয়ে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠান ওটির সদর দফতর ফ্রান্সের ঠিকানায় দুই দফা ই-মেইল করা হয়। প্রথম দফায় বুধবার এবং দ্বিতীয় দফায় শুক্রবার। কিন্তু শনিবার পর্যন্ত তারা কোনো জবাব দেয়নি।

ইসির কর্মকর্তারা জানান, চুক্তি অনুযায়ী ব্ল্যাঙ্ক কার্ড আমদানি করে বাংলাদেশে স্থাপিত মেশিনে তা প্রক্রিয়াকরণ (পারসোনালাইজেশন) করা হবে। এরপর তা থানা ও উপজেলা পর্যায়ে ভোটারদের হাতে তুলে দেয়ার কথা। এসব কাজের পুরোটাই ঠিকাদারি প্রতিষ্ঠানের করার কথা। এমন বিধান রেখে ২০১৫ সালের ১৪ জানুয়ারি ফ্রান্সের ওটির সঙ্গে ১০২ মিলিয়ন মার্কিন ডলার (৮১৬ কোটি টাকার) চুক্তি করে ইসি। চুক্তি অনুযায়ী ২০১৬ সালের ৩০ জুনের মধ্যে ৯ কোটি মানুষের হাতে এ কার্ড তুলে দেয়ার কথা ছিল।

পরে এই মেয়াদ এক বছর বাড়ানো হয়। চলতি বছরের ৩০ জুন সেই মেয়াদ শেষ হয়েছে। চুক্তির পর থেকেই প্রতি ধাপে এ কোম্পানি লক্ষ্যমাত্রা অর্জন করতে ব্যর্থ হয়। ৩ জুলাই ইসি সচিবকে দেয়া এক চিঠিতে আইডিইএ প্রকল্পের পরিচালক স্মার্টকার্ডের অগ্রগতি সংক্রান্ত তথ্য তুলে ধরেন। এতে উল্লেখ করা হয়, এ পর্যন্ত ৯ কোটি ভোটারের মধ্যে ২৫ লাখ ৭০ হাজার (২.৫৭ মিলিয়ন) মানুষকে এ কার্ড দেয়া হয়েছে, যা লক্ষ্যমাত্রার ২ দশমিক ৮৬ শতাংশ। থানা ও উপজেলা পর্যায়ে ১ কোটি ৯ লাখ ৮০ হাজার (১০.৯৮ মিলিয়ন) কার্ড পৌঁছানো হয়েছে, কিন্তু বিতরণ করা হয়নি। কার্ড প্রক্রিয়াকরণ (পারসোনালাইজেশন) করা হয়েছে ১ কোটি ২৪ লাখ ১০ হাজার (১২.৪১ মিলিয়ন), যা লক্ষ্যমাত্রার ১৩ দশমিক ৭৯ শতাংশ। ফ্রান্স থেকে এ পর্যন্ত ব্ল্যাঙ্ক কার্ড এসেছে ৬ কোটি ৬৩ লাখ ৬০ হাজার (৬৬.৩৬ মিলিয়ন), যা লক্ষ্যমাত্রার ৭৩ দশমিক ৭৪ শতাংশ। আরও ২.৯৫ মিলিয়ন কার্ড পাইপলাইনে রয়েছে বলে এতে উল্লেখ করা হয়েছে।

অপর এক সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ৫১ মিলিয়ন মার্কিন ডলারের বেশি বিল নিয়েছে এ কোম্পানিটি। আরও কমবেশি ৩০ মিলিয়ন ডলার পাওনা রয়েছে। ওই টাকা পরিশোধ বন্ধ রয়েছে। বাকি ২০ মিলিয়ন মার্কিন ডলারের কাজই করেনি প্রতিষ্ঠানটি।

পূর্বাশানিউজ/৩০ জুলাই ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি