শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » ক্ষমতা নেই, নগরীর সমস্যা সমাধান করতে পারছেন না মেয়ররা : মোবাশ্বের হোসেন


ক্ষমতা নেই, নগরীর সমস্যা সমাধান করতে পারছেন না মেয়ররা : মোবাশ্বের হোসেন


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বিশ্বের সকল নগরের কর্তা হচ্ছেন মেয়র। আর ঢাকা একমাত্র শহর যার মেয়রের কাজ হচ্ছে রাস্তা ঝাড়– দেওয়া, রাস্তা কোন রকম সংস্কার করা এবং বাড়ি থেকে ট্যাক্স আদায় করা। সত্যিকার অর্থে মেয়রের কোন ক্ষমতা নেই। মেয়রের ক্ষমতা না থাকার পরও মানুষ মেয়রের কাছেই যায়। টিভিএনএ’কে দেয়া একান্ত সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন স্থপতি ও নগর পরিকল্পনাবিদ মোবাশ্বের হোসেন। বলেন, নগর উন্নয়নে যে সকল প্রতিষ্ঠান কাজ করছে, মানুষ সেগুলোর নামও জানে না। তাছাড়া প্রতিষ্ঠানগুলোর প্রধানরা দ্রুত পরিবর্তন হওয়ার কারণে কোনো কাজ হচ্ছে না। গণতন্ত্রের দিকে থেকে তাদেরকে যেই পরিমান ক্ষমতা দেওয়া উচিত ছিল আমরা তাদের সেই ক্ষমতা দেইনি।

মোবাশ্বের হোসেন বলেন, ঢাকার আশেপাশের নদীগুলো ভরাট এবং ধ্বংস হওয়ার কারণে রাজধানীর অতিবৃষ্টির পানি নি:স্কাশন হচ্ছে না। ঢাকায় জলাবদ্ধতার এটি অন্যতম কারণ। নদী ধ্বংসের পেছনে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। ধোলাই খালসহ রাজধানীর অন্তত ৪৩টি খাল মৃত ও অর্ধমৃত অবস্থায় পড়ে আছে। এসব খালের অধিকাংশের উপর এখন কালভার্ট হয়েছে। প্রধানমন্ত্রীকে এই সম্পর্কে অবহিত করার পর তিনি বলেছেন প্রয়োজনে বক্স কালর্ভাট ভেঙ্গে ফেলো। বক্স কালর্ভাটগুলো ভাঙ্গলে জনরোষ সৃষ্টি হতে পারে। কারণ এই কালর্ভাট গুলোর আশেপাশে বড় বড় কমাশিয়াল মার্কেট হয়েছে।
স্থপতি মোবাশ্বের বলেন, ঢাকা শহরে ছোট ড্রেনগুলো দেওয়া হয়েছে সিটি করপোরেশনকে এবং বড় ড্রেনগুলো দেওয়া হয়েছে ওয়াসাকে। এখন সিটি করপোরেশনে ছোট ড্রেনগুলোতে পাতা বা সামান্য আবর্জনা পড়লেই এগুলো বন্ধ হয়ে যাচ্ছে। ফলে ওয়াসা সিটি করপোরেশনকে দোষারোপ করছে আর সিটি করপোরেশন ওয়াসাকে দোষারোপ করছে।

ঢাকা শহরের বাসিন্দাদের সেবা করার জন্য ৫৪টি প্রতিষ্ঠান আছে। এই প্রতিষ্ঠানগুলোর মালিক ৭টি মন্ত্রণালয়। এই দুরাবস্থার বড় কারণ প্রতিষ্ঠানগুলোর একটির সাথে আরেকটির কোন সমন্বয় নেই। তারা সবাই নিজেদেরকে সর্বেসর্বা মনে করেন। যে কারণে নগরের কোন উন্নয়ন হচ্ছে না।

এ নগর পরিকল্পনাবিদ বলেন, অনেকেই বলে পানির ড্রেনগুলো পরিস্কার হলে এর সামাধান হবে। এটি ভুল ধারণা পানির ড্রেনগুলো পরিস্কার করলে এর সামাধান হবে না। এর একমাত্র সমাধান পানিগুলো নদীতে যেতে হবে। নদীতে যাওয়ার পথে অন্য সিটি করপোরেশন আছে, পানি উন্নয়ন বোর্ড আছে সবাইকে সমন্বয় করতে হবে। অর্থাৎ ঢাকা শহরকে জলজট মুক্ত করতে হলে ঢাকা শহরের দুই মেয়রকে একতাবদ্ধ হতে হবে, ঢাকার চারপাশে যতগুলো সিটি করপোরেশন আছে তাদের সহযোগিতা করতে হবে। তাছাড়া পানি প্রবাহের সাথে যতগুলো মন্ত্রণালয় ও প্রতিষ্ঠান আছে তাদেরকে নিয়ে একসাথে বসতে হবে এবং মেয়রকে সবার ওপর ক্ষমতা দিতে হবে। মেয়রের কাছে জবাবদিহিতার ব্যবস্থা করতে হবে। তাছাড়া মেয়রের অনুমতি নিয়ে সকলকে কাজ করতে হবে। এই ধরনের কোনো ব্যবস্থা করা না গেলে ঢাকা শহরের জলাবদ্ধতার কোন সমাধান করা সম্ভব নয়। মেয়রকে প্রশাসনিক ক্ষমতা না দিলে তিনি কোন কাজই সহজভাবে করতে পারবেন না। তাই মেয়রের স্পেশাল পুলিশ বাহিনীসহ প্রশাসনিক সহায়তা প্রয়োজন।

৩১/০৭/২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি