শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ঝিনাইদহ-৩: বিএনপি থেকে লড়তে মাঠে শিমুল


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

একাদশ সংসদ নির্বাচনকে ঘিরে মাঠের রাজনীতিতে বইছে নির্বাচনী হাওয়া। অন্য রাজনৈতিক দলের মতো পিছিয়ে নেই বিএনপিও। বিশেষ করে সাবেক ছাত্রনেতারা বেশি সময় দিচ্ছেন মাঠে। দলের পক্ষ থেকে নির্বাচনে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হলে যেন নজরে থাকতে সেজন্য আগেভাবেই এই চেষ্টা।

নিয়ম করে এলাকায় যাওয়া, নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন আগ্রহীরা। জানা গেছে, আগামী নির্বাচনে লড়তে প্রস্তুতি নিচ্ছেন প্রায় শতাধিক সাবেক ছাত্রদল নেতা। অন্যদের মতো নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন সাবেক ছাত্রনেতা আমিরুজ্জামান খান শিমুল।

বিএনপির কেন্দ্রীয় সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল নিজ এলাকা ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসন থেকে আগামী নির্বাচনে প্রার্থী হতে চান। সেজন্য তিনি ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন।

নবম সংসদ নির্বাচনে এই আসন থেকে সংসদ সদস্য হয়েছিলেন বিএনপির শহিদুল ইসলাম মাস্টার। চারবারের এই জনপ্রতিনিধি গতবছর মারা গেছেন।

আমিরুজ্জামান খান শিমুল ১৯৯১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন। এরপরই ছাত্রদলের রাজনীতি সক্রিয় অংশ নেন তিনি। ১৯৯৩ সালে ছাত্রদলের জিয়া হলের সদস্য, ৯৮ সালে হল শাখার সভাপতি হন।

১৯৯৯ ছাত্রদল কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি নির্বাচিত হন শিমুল। ২০০২ সালে কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও ২০০৮ সালে ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক হন শিমুল। পরে আমিরুল ইসলাম খান আলিম কারাগারে থাকায় দীর্ঘদিন ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন শিমুল।

এক এগারোর সময় এম সাইফুর রহমানকে সভাপতি ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে মহাসচিব ঘোষণা করার পর নির্বাচন কমিশনে যান মেজর হাফিজ। সেই সময় তাকে ধাওয়া দেয়ার ঘটনায় জরুরি আইন ভঙ্গ ও নির্বাচন কমিশন ঘেরাওয়ের অভিযাগে মামলা হয়। আমিরুজ্জামান খান শিমুল সেই মামলার প্রধান আসামি ছিলেন।

ঢাকাটাইমসকে আমিরুজ্জামান খান শিমুল বলেন, ‘প্রায় ২৫ বছর ধরে দলের সঙ্গে আছি। দলের জন্য সাধ্যমত ত্যাগ শিকার করেছি। দল মূল্যায়নও করেছে। আশা করি আগামী নির্বাচনে দল অংশ নিলে মূল্যায়ন পাব।’

দল কেন আপনাকে মনোয়ন দেবে- জানতে চাইলে শিমুল  বলেন, ‘ঝিনাইদহ-৩ আসনে যারা বিএনপির সঙ্গে যুক্ত এবং নির্বাচন করতে আগ্রহী তাদের থেকে সবচেয়ে বেশিদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে আমি জড়িত। দলে তরুণদের মূল্যায়ন করা হচ্ছে। দল মাঠে খোঁজ নিলেও আশা করি ইতিবাচক ফলাফল আসবে।’

দলীয় সূত্রে জানা গেছে, সাবেক মন্ত্রী-এমপিদের মধ্যে যারা বেশি বিতর্কিত তাদের অনেকেরেই এবার নির্বাচনে দলীয় টিকিট পাওয়ার সম্ভাবনা নেই। এ ছাড়া বিগত আন্দোলন-সংগ্রামে দায়িত্বশীল যেসব নেতা নিষ্ক্রিয় ছিলেন, তাদের অনেকেই বাদ পড়বেন। সে ক্ষেত্রে আন্দোলন-সংগ্রামে ত্যাগী ও অপেক্ষাকৃত তরুণ নেতাদেরই প্রাধান্য দেওয়া হবে। এ কারণে ছাত্রদলের সাবেক নেতারা বেশি আশাবাদী হয়ে উঠেছেন। এরই মধ্যে অনেকে এলাকায় মাঠ চষে বেড়াচ্ছেন।

পূর্বাশানিউজ/০১আগষ্ট ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি