শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


জর্ডানে বিয়ে করে ধর্ষণের শাস্তি মওকুফের আইন বাতিল হচ্ছে


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

জর্ডানে ধর্ষণের শিকার নারীকে বিয়ে করলে ধর্ষণকারীর শাস্তি মওকুফের যে আইন ছিলো তা বাতিলের পক্ষে ভোট দিয়েছেন দেশটির এমপিরা। ৩০৮ ধারা নামের ওই বিতর্কিত আইন বাতিল হতে এখন কেবল পার্লামেন্টের উচ্চ কক্ষ এবং বাদশার অনুমতির অপেক্ষা।

মানবাধিকার ও নারী অধিকারকর্মীরা দীর্ঘদিন ধরেই এ আইনটি বাতিলের জন্য আন্দোলন করছিলেন। কিন্তু কার্যকর আইনের পক্ষের লোকেরা বলছেন, এর ফলে নারীদেরকে সামাজিক দুর্নামের হাত থেকে রক্ষা করা সম্ভব হতো।

ওই আইনে ধর্ষণের শিকার নারীকে ধর্ষণকারী বিয়ে করলে মামলা তুলে নেয়া যেতো। পাশাপাশি তিন বছরের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটানো ঘটানো যেতো না।

আইনটি বাতিল হওয়ার প্রস্তাব পার্লামেন্টে পাস হওয়ায় নারী অধিকার গোষ্ঠীগুলো আনন্দ প্রকাশ করেছে। তারা একে নারী আন্দোলনের বিজয় বলে আখ্যায়িত করেন।

জর্ডান ছিল এমন অল্প কয়েকটি দেশের একটি যাতে এ ধরণের আইন রয়ে গিয়েছিল। কিছুদিন আগে তিউনিসিয়া ধর্ষণ সংক্রান্ত এ ধরণের আইন বাতিল করেছে। লেবাননেও এ রকম একটি আইন সংস্কার প্রক্রিয়া চলছে।

তবে মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার যেসব দেশে এরকম আইন আছে সেগুলো হলো আলজেরিয়া, ইরাক, কুয়েত, লিবিয়া, ও সিরিয়া, এবং ফিলিস্তিন। এ তথ্য হিউম্যান রাইটস ওয়াচের।

পূর্বাশানিউজ/0২ আগষ্ট ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি