শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ঢাকা-১৬: এবারও মনোনয়ন লড়াই মোল্লা-কচির


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

গত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিজেদের মধ্যে যে কয়টি আসনে নির্বাচন হয়েছিল, তার মধ্যে ঢাকা-১৬ একটি। সেবার দলের মনোনয়ন না পেয়ে এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মান্নান কচি। কিন্তু দলীয় প্রার্থী পল্লবী থানা আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস উদ্দিন মোল্লার কাছে হেরে যান তিনি।

দলীয় সূত্র জানায়, বিএনপির অনুপস্থিতি ও বিশেষ পরিস্থিতিতে ওই নির্বাচন হয়েছিল বলে প্রার্থিতা নিয়ে তেমন কোনো কড়াকড়ি করেনি দল। ফলে বিদ্রোহী প্রার্থী হলেও মান্নান কচির লড়া্ইটা উপভোগই করে দল। কিন্তু এবার বিএনপি নির্বাচনে আসবে ধরে নিয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন দলটি।

জানা গেছে, এবারও দলের মনোনয়ন চাইবেন এম এ মান্নান কচি। বর্তমান সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লা তো চাইবেনই। দুজনই আগাম গণসংযোগ করছেন, প্রস্তুতি নিচ্ছেন নির্বাচনে প্রার্থিতার।

ইলিয়াস উদ্দিন মোল্লা দীর্ঘদিন ধরে পল্লাবী থানা আওয়ামী লীগের দায়িত্ব পালন করছেন। বৃহত্তর পল্লবী এলাকায় আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে গোছানোর কাজ ও শক্তিশালী করেন তিনি। নবম সংসদ নিবার্চনে তিনি প্রথমবারের মতো সাংসদ নির্বাচিত হন বিএনপির শক্তিশালী প্রার্থী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে পরাজিত করে। এরপর এলাকার উন্নয়নে বেশ কাজ করেন তিনি।

পল্লবী এলাকায় মোল্লা পরিবারের বড় একটা প্রভাব আছে আগে থেকেই। এলাকার উন্নয়নের অবদান রয়েছে তাদের পরিবারের। ইলিয়াস মোল্লার একজন অনুসারী ঢাকাটাইমসকে বলেন, ‘তাই আগামী নির্বাচনেও তিনি দলের মনোনয়ন পাবেন বলে আমরা আশা করি। আর তাহলে আসনটি আমরা ধরে রাখতে পারব।’

মিরপুরে বহুদিন ধরে বসবাস অন্য মনোনয়নপ্রত্যাশী ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মান্নান কচির। তিনি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি। তার অনুসারীরা বলছেন, ‘এলাকার মানুষের সঙ্গে তার একটা ভালো সম্পর্ক রয়েছে। তিনি সুখে-দুঃখে মানুষের পাশে থাকার চেষ্টা করেন। এ ছাড়া আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক সভা-সমাবেশেও নিয়মিত উপস্থিত থাকেন তিনি।’

এম এ মান্নান কচির একজন অনুসারী বলেন, ‘কচি ভাই এলাকার উন্নয়নে কাজ করছেন। তিনি নিজে শিল্পপতি হওয়ায় এলাকার অনেককে চাকরি দিয়েছেন। এ ছাড়া তিনি দলের নেতাকর্মীদের সুখে-দুঃখে সব সময়ই থাকেন। তাই দলের হাইকমান্ড তার মূল্যায়ন করবে বলে আশা করি।’

দলের মনোনয়ন নিয়ে আশাবাদী ইলিয়াস আলী মোল্লা এবং এম এ মান্নান কচিও।

ইলিয়াস উদ্দিন মোল্লা ঢাকাটাইমসকে বলেন, ‘ঢাকা-১৬ আসনের অন্তর্গত এলাকা স্বাধীনতার পর থেকে তেমন উন্নয়ন হয়নি। আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে এলাকার রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করেছি। পাশাপাশি মানুষের ভালোবাসা পেয়েছি। আগামী নির্বাচনে মনোনয়ন শুধু আমিই পাব না, পাবে জনগণ।’ মনোনয়ন না পাওয়ার মতো কোনো অন্যায় তার নেই বলে দাবি করেন তিনি।

একই প্রত্যাশা ব্যক্ত করে মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মান্নান কচি ঢাকাটাইমসকে বলেন, ‘আমি পল্লবী এলাকার জনগণের জন্য দীর্ঘদিন ধরে কাজ করছি। তাই প্রত্যাশা করি মনোনয়নের। তারপরও দল যে সিদ্ধান্ত নেবে, তার সঙ্গে একমত থাকব।’

পূর্বাশানিউজ/0২ আগষ্ট ২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি