
পূর্বাশা ডেস্ক:
ভারসাম্য আর কার্যকর পর্যবেক্ষন ব্যবস্থার অনুপস্থিতিতে উদ্ধত আর অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে সরকার। সংবিধানের ষোড়শ সংশোদনী বাতিল করে দেয়া রায়ে এমনটাই বলেছেন সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের আপিল বিভাগের রায়ে আরো বলা হয়েছে, ‘মানবাধিকার হুমকির মুখে, দুর্নীতি অবাধ, সংসদ অকার্যকর, মৌলিক স্বাস্থ্যসেবা বঞ্চিত কয়েক কোটি মানুষ আর প্রশাসনে অব্যবস্থাপনা মারাত্মক।’
মঙ্গলবার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। সুপ্রিম কোর্টের বিচারক অপসারনের ক্ষমতা সংসদের হাতে দেয়া সংশোধনীকে বাতিল করেন আদালত।
আদালত বলেছেন, প্রযুক্তির উন্নয়ন আর অপরাধের পরিবর্তনশীল মাত্রায় নাগরিকদের জীবন ও নিরাপত্তা অত্যন্ত অনিশ্চিত হয়ে যাচ্ছে। রায়ে বলা হয়, ‘আইন প্রয়োগকারী সংস্থাগুলো পরিস্থিতি সামাল দিতে সক্ষম নয় আর এসবের সামগ্রিক ফল হলো একটি পঙ্গু সমাজ, এমন একটি সমাজ যেখানে একজন ভালো মানুষ ভালো কোন স্বপ্ন আদৌ দেখে না। কিন্তু মন্দ লোকজন আরও কিছু সুবিধা আদায় করে নিতে নিরন্তর প্রচেষ্টায় রয়েছে।’ রায়ে আরো বলা হয়, ‘এমন একটি পরিস্থিতিেিত, নির্বাহীরা উদ্ধত আর অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে আর আমলাতন্ত্র কখনই কার্যকর হওয়ার দিকে ঝুকবেনা।’
আদালত বলেন, ‘স্বাধীনতার ৪৬ বছর পরও আমরা কোন সরকারি প্রতিষ্ঠানকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সক্ষম হই নি। ভারসাম্য নিশ্চিত করার কোন ব্যবস্থা নেই। কোন পর্যবেক্ষণ ব্যবস্থা সক্রিয় নয়। ফলে ক্ষমতায় থাকা লোকজন ক্ষমতার আরও অবব্যাবহার করার দিকে ঝুকছে আর তারা ক্ষমতার যথেচ্ছা ব্যবহারের ধৃষ্ঠতা দেখাচ্ছে।’
রায়ে সর্বোচ্চ আদালত বিচার ব্যবস্থা নিয়েও কথা বলেছে। অশেষ এই চ্যালেঞ্জের মুখে, বিচারব্যবস্থা তুলনামূলকভাবে রাষ্ট্রের একমাত্র স্বতন্ত্র অঙ্গ যা তলিয়ে যাওয়া অবস্থায় থাকা স্বত্ত্বেও ভেসে থাকার প্রাণপন চেষ্টা করে যাচ্ছে। রায়ে বলা হয়, ‘বিচার ব্যবস্থাও এ পরিস্থিতিতে বেশিদিন টিকতে পারবে না। তারপরও উচ্চতর বিচারিক ব্যবস্থায় বিচারক নির্বাচন ও নিয়োগের জন্য কোন আইন প্রণয়ন করা হয় নি। উচ্চতর বিচারিক ব্যবস্থার বিচারকদের জন্য পক্ষপাতহীনতার প্রশিক্ষনের কোন সুযোগ নেই। বিচারক নির্বাচন ও তাদের প্রশিক্ষণের জন্য আইন প্রণয়ন করার সময় এসেছে যেন তারা ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত হতে পারে।’ বলা হয়, ‘বিচার ব্যবস্থাকে শক্তিশালী করার পরিবর্তে নির্বাহীরা এখন তা খোড়া করে দেয়ার চেষ্টা করছে। আর সেটা যদি হয় তাহলে পরিণতি হতে পারে ভয়াবহ।’
রায়ে সুপ্রিম কোর্ট দেশের রাজনৈতিক সংস্কৃতি নিয়েও কথা বলেছে। বলা হয়, রাষ্ট্রীয় ক্ষমতা আজকাল গুটিকয়েক লোকের একচেটিয়া ব্যবহারের বিষয়বস্তুতে পরিণত হয়েছে। ক্ষমতা জোরালো করার এই আত্মঘাতী প্রবণতা ক্রমেই বাড়ছে। আদালতের ভাষায়, ‘ক্ষমতার লোভ মহামারির মতো। একবার এসে গেলে তা সবকিছু গ্রাসের চেষ্টা করবে। এটা যে আমাদের স্বাধীনতা সংগ্রামের লক্ষ্য ও উদ্দেশ্য ছিল না তা বলাই বাহুল্য। আমাদের পূর্বপুরুষেরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছিল, কোন ক্ষমতা-দানব তৈরি করা নয়।’
আদালত সর্বশেষ দুই সামরিক শাসক গোষ্ঠীরও সমালোচনা করেন। এতে বলা হয়, স্বাধীনতার পর এসব ক্ষমতালোভী অশুভ জোটগুলো দু’বার দেশকে ‘ব্যানানা রিপাবলিকে’ নামিয়ে আনে। তাদের ক্ষমতার অন্যায় ব্যবহারকে বৈধতা দিতে জনগণকে ধোকা দেয়া হয়েছিল আর বিপদগ্রস্থ করা হয়েছিল।
আদালত বলেন, ‘তারা জনগণের ক্ষমতায়ন করে নি। বরং তারা তাদের অবস্থানের অপব্যবহার করেছে এবং নিজেদের ক্ষমতার খেলা দীর্ঘায়িত করতে ধোকা দেয়ার বিভিন্ন হাতিয়ার (কখনও গণভোট, কখনও কারচুপির ভোট আর কখনও কোন নির্বাচনই নয়!) উপস্থাপন করেছে। ফলে, একটি প্রতিষ্ঠান হিসেবে ‘রাজনীতি’র ধারণা সম্পূর্ণ ধংস হয়ে গেছে।’
রাজনীতি প্রসঙ্গে আরও বলা হয়েছে, ‘রাজনীতি এখন আর ফ্রি নেই। এটা এখন অত্যন্ত বাণিজ্যিক আর চালকের আসনে রয়েছে অর্থ যা কাজের ধারা এবং এর গন্তব্য নিয়ন্ত্রন করে।
২ আগস্ট ২০১৭/ Choity.

























































