শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভোটের আগে জোটের মহড়া


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৮.২০১৭

ডেস্ক রিপোর্ট :

ভোটের রাজনীতিতে চলছে জোটের তোড়জোড়। আগামী নির্বাচনকে ঘিরে জোট-মহাজোট গঠনে রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হয়েছে নীরব প্রতিযোগিতা। নিজেদের জোটের বাইরের দলগুলোকে কব্জায় রাখার পুরনো কৌশলেই হাঁটছে তারা। জোট শরিকদের ধরে রাখার পাশাপশি আওয়ামী লীগ, বিএনপি এমনকী জাতীয় পার্টিও- কে কাকে কাছে টানতে পারে সেই লড়াইয়ে নেমেছে। পাশাপাশি তৃতীয় শক্তি গঠনে মাঠে নেমেছে বামপন্থীরাসহ অন্যান্য দলগুলোও। ভোটের বাজারে গুরুত্বহীন এসব অধিকাংশ দলের একদিকে যেমন সাংগঠনিক শক্তি নেই, নেই জনসমর্থনও। প্রধান দুটি রাজনৈতিক ধারার কোনো একটির সঙ্গে গাঁটছড়া বাঁধাই এদের মূল টার্গেট। কেউ উঠতে চান নৌকায়। আবার কেউ ঠাঁই পেতে চান খালেদার আঁচলের ছায়ায়। তাই নির্বাচনকে সামনে রেখে নিজেদের গুরুত্ব বাড়াতে ও বড় দলগুলোর সঙ্গে দর কষাকষির সুযোগ সৃষ্টির জন্য জোটের মহড়া দিচ্ছেন এসব দলের নেতারা।

রাজনীতিতে সক্রিয় রয়েছে ২টি জোট। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। এর বাইরে নামসর্বস্ব ৫৮ দলের সমন্বয়ে সবচেয়ে বড় জোট গঠন করেছে জাতীয় পার্টি। তৃণমূল বিএনপি নামে সাবেক বিএনপি নেতা নাজমুল হুদারও একটি জোট রয়েছে। বসে নেই বামদলগুলোও। আওয়ামী লীগ ও বিএনপি জোটের বিকল্প গড়ার চিন্তা বামদের। ক্ষমতার স্বাদ নেয়ার জন্য জোটের রাজনীতিতে সক্রিয় হয়ে উঠছে ইসলামি দলগুলোও। অন্যদিকে ছোট ছোট দল মিলিয়ে আরো কয়েকটি জোট গঠনের প্রস্তুতি চলছে। চলতি বছরের শেষ দিকে এসব জোটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হতে পারে। পরিধি বাড়তে পারে আওয়ামী লীগ-বিএনপি জোটেরও।
এদিকে নতুন করে জোট করার কথা ভাবছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর মতো রাজনীতিবিদরাও। তবে তারা অতীতের মতো একসঙ্গে পথ চলবেন নাকি পৃথক জোট গড়বেন তা এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন তারা।
বামদের ‘বিকল্প গণতান্ত্রিক শক্তি’ : আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বে জোটের বাইরে ‘বিকল্প গণতান্ত্রিক শক্তি’ গড়ে তোলার প্রত্যয় নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের ঘোষণা দিয়েছে সরকারের বাইরে থাকা বাম দলগুলো। সিপিবি, বাসদ, গণতান্ত্রিক বাম মোর্চা, বাসদ (মার্কসবাদী), গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, ইউনাইটেড কমিউনিস্ট লীগ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের সমন্বয়ে নির্বাচনী জোটে মাঠে থাকবে তারা। নির্বাচনের আগে বামপন্থীদের ঐক্য নিয়ে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, এটা নির্বাচনকে কেন্দ্র করে ঐক্য নয়, আমাদের যেসব দাবি-দাওয়া আছে সেগুলো আদায়ে আমাদের সংগ্রাম, এর মধ্যে নির্বাচনের প্রসঙ্গও আছে। নির্বাচন বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি হলো- অবাধ, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্য সেই লড়াইয়ে গুরুত্ব দিচ্ছি।
দলছুটদের দল গোছানোর উদ্যোগ : একসময়ের জাঁদরেল রাজনীতিবিদদের অনেকেই এখন দলছুট। এক ব্যক্তি এক দল নিয়ে রাজনীতির মাঠে নীরব দর্শক সাবেক ডাকসাইডে রাজনীতিবিদরা এখন নড়েচড়ে বসেছেন। নতুন জোটের জন্য তোড়জোড় করছেন কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। এক সময় রাজনীতির মাঠ কাঁপানো এই নেতারা জোটবদ্ধ হওয়ার উদ্দেশ্যে ইতোমধ্যে কয়েকটি বৈঠকও করেছেন। গত বুধবার রাতে বি চৌধুরীর বারিধারার বাড়িতে এক বৈঠকে আ স ম আবদুর রব, আবদুল মালেক রতন, মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টির জি এম কাদের, গণফোরামের সুব্রত চৌধুরী উপস্থিত ছিলেন। এর আগে গত ১৩ জুলাই রাতে আ স ম আবদুর রবের উত্তরার বাসায় বি চৌধুরী, কাদের সিদ্দিকী, মাহমুদুর রহমান মান্না, সুব্রত চৌধুরীরা এক হয়েছিলেন। দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি তৃতীয় রাজনৈতিক জোট করা যায় কি না, তা নিয়ে নিজেদের মধ্যে মতবিনিময় করেছেন তারা। নতুন প্ল্যাটফরমের ধরন নিয়ে আরো অনেকের সঙ্গে বৈঠক করবেন তারা। বি চৌধুরীর ছেলে মাহী বি চৌধুরী বলেন, রাজনীতিকরা একজন আরেকজনকে সহ্য করতে না পারার যে সংস্কৃতি তৈরি হয়েছে, তা থেকে বেরিয়ে আসতে চাইছি আমরা। এই উদ্যোগকে ‘গণতন্ত্রের সৌন্দর্য’ আখ্যা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, রাজনীতিতে শত ফুল ফুটছে। নতুন জোট হবে, মেরুকরণ হবে- এটাই তো রাজনীতির নিয়ম। তবে এ মেরুকরণ কোথায় গিয়ে দাঁড়ায়, সেটির জন্য অপেক্ষা করতে হবে।
জোট বাড়ানোর চিন্তা ক্ষমতাসীনদের : জোটের আকার বাড়ানোর চিন্তা করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ১৪ দলের বাইরে সমমনা দলগুলো ছাড়াও বেশ কিছু ধর্মভিত্তিক ইসলামি দল ও সংগঠনের সঙ্গে সম্পর্কোন্নয়নে উদ্যোগ নিয়েছে তারা। ধর্মভিত্তিক ইসলামি দল তরিকত ফেডারেশন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটে দীর্ঘদিন ধরেই আছে। আরেক ইসলামি দল জাকের পার্টির সঙ্গে আওয়ামী লীগের পুরনো সখ্য। এখন নতুন করে তারা মিত্র খুঁজছে। সেইসঙ্গে একটি পৃথক ইসলামিক ফোরাম গঠন করার কথা ভাবছে আওয়ামী লীগ। এ নিয়ে দলের মধ্যে প্রাথমিক আলোচনাও হয়েছে। ইসলামি দলগুলো ছাড়াও হেফাজতকে রাজনীতিতে আনার কথা ভাবছেন দলের কেউ কেউ। তাদের মতে, ইসলামপন্থী দলগুলোর ভোটের চেয়ে নির্বাচনী মাঠে সমর্থনকে বড় করে দেখছে দলটি। এমনও শোনা যাচ্ছে, হেফাজতের মাধ্যমে বিএনপির জোটভুক্ত অন্যান্য ইসলামপন্থী দলগুলোর সমর্থন আদায়ের চেষ্টাও চলছে। কারণ ১৪ দলে তরীকত ফেডারেশন ছাড়া কোনো ইসলামি দল নেই।
মিত্র বাড়াতে চায় বিএনপি : মিত্র বাড়াতে সক্রিয় রাজপথের বিরোধী দল বিএনপি। তাদের জোটের প্রধান শরিক জামায়াতে ইসলামী ছাড়াও একাধিক ছোট ছোট ইসলামি দল খালেদা জিয়ার ছত্রছায়ায় রয়েছে। একই সঙ্গে যারা তাদের সঙ্গে আছেন তারা যাতে জোট থেকে বের হয়ে না যান সে ব্যাপারে সতর্ক দলটির হাইকমান্ড। জোটের বাইরে ইসলামপন্থী দলগুলোর সমর্থন আদায়ে বসে নেই তারাও। দলের নীতিনির্ধারণী সূত্রমতে, ইসলামী ঐক্যজোট (একাংশ) খেলাফতে মজলিস, জমিয়তে উলামা ইসলাম ও খেলাফত আন্দোলনসহ জোটভুক্ত ইসলামি দলগুলোর সঙ্গে বিএনপির সম্পর্ক আগের মতোই রয়েছে। ভোটের মাঠে জামায়াতে ইসলামীর সমর্থনও আগের মতো। তবে হেফাজতে ইসলামের সঙ্গে সম্পর্কের কিছু অবনতি হলেও সেটা পূরণের চেষ্টা চলছে।
পিছিয়ে নেই জাপাও : পর্বতের মুসিক প্রসবের মতো নাম সর্বস্ব ৫৮ দল নিয়ে জোট গড়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। আওয়ামী লীগের সঙ্গে মহাজোট করে বিগত মেয়াদে সবচেয়ে লাভবান তিনি। একসঙ্গে সরকার ও বিরোধী দলে থাকা জাতীয় পার্টি মূলত আওয়ামী লীগে থেকেই প্রস্তুতি নিচ্ছে নির্বাচনের। পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের নেতৃত্বে ‘ইসলামি মূল্যবোধের’ নতুন এক জোটের আত্মপ্রকাশ ঘটেছে, যার নাম দেয়া হয়েছে ‘সম্মিলিত জাতীয় জোট’, সংক্ষেপে ইউএনএ। তবে একাধিক সূত্র জানিয়েছে, যতই জোট গঠন করা হোক না কেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবেন এরশাদ। যদি বিএনপি নির্বাচনে আসে, তাহলে আওয়ামী লীগের সঙ্গেই থাকবেন। আর বিএনপি কোনো কারণে নির্বাচন বর্জন করলে আবারো বিরোধী দলের আসনটি পাকাপোক্ত করতে চান তিনি।
সক্রিয় ইসলামি দলগুলোও : ১০টি ইসলামি মূল্যবোধ ও সমমনা দলকে নিয়ে শিগগিরই নতুন জোটের ঘোষণা আসছে বলে জানিয়েছেন গণতান্ত্রিক ইসলামিক মুভমেন্টের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম খান। নতুন এই জোটের নাম হবে ইসলামিক ডেমোক্রেটিক এলায়েন্স অথবা বাংলাদেশ ডেমোক্রেটিক এলায়েন্স। মুক্তিযুদ্ধের চেতনা ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠায় এই জোট কাজ করে যাবে। নতুন এই জোটের চেয়ারম্যান হতে পারেন ইসলামি ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী। নূরুল ইসলাম খান বলেন, জোটবদ্ধ হতে চলা এই দলগুলোর নেতারা আগামী নির্বাচনেও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিজয় চান। গণতান্ত্রিক ইসলামিক মুভমেন্ট ছাড়া বাকি দলগুলো হলো- বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ইসলামী ঐক্যজোট, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), বাংলাদেশ ইসলামিক পাটি, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী), জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল), জমিয়তে হিজবুল্লাহ বাংলাদেশ, পিপলস জাস্টিস পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ।
ঝোপ বুঝে কোপ : নিজেদের মধ্যে জোট হলেও মূলত বড় দুই দলের সঙ্গে গাঁটছড়া বেঁধে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবেই এই অঙ্ক কষছে ইসলামি দলগুলো। সে পথ ধরেই অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামের নতুন করে রাজনৈতিক দলে রূপ নেয়ার কথা শোনা যাচ্ছে। নিজেদের মধ্যে জোট গঠনের চিন্তাভাবনাও চলছে। এর মধ্য দিয়ে নির্বাচনে এক ধরনের দর কষাকষির পথও তৈরি করছে দলগুলো। গোপনে আলোচনা চালিয়ে যাচ্ছে বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গেও। এ ছাড়া দেড় বছর আগে বিএনপি জোট থেকে বেরিয়ে আবদুল লতিফ নেজামী নতুন একটি মোর্চা গঠন করে নির্বাচনে অংশ নিতে চাইছেন। তবে আপাতত চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ, আটরশি পীরের নেতৃত্বাধীন জাকের পার্টি, খেলাফত আন্দোলনের মতো ইসলামি দলগুলো এখনো কোনো জোটে নেই। ভোটের রাজনীতিতে পরিবেশ-পরিস্থিতি দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তারা।
এদিকে ভোটের আগে এ ধরনের জোটকে স্বাভাবিক হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শান্তনু মজুমদার বলেন, এসব জোটের মূল উদ্দেশ্য ভোটের চেয়ে মাঠ দখলে রাখা। কারণ নামসর্বস্ব দলের তেমন ভোট নেই। এরা রাজনৈতিকভাবে সক্রিয় হলেও ভোটে প্রভাব খুব বেশি পড়বে বলে মনে হয় না। নির্বাচনী রাজনীতির জন্যই এদের ফ্যাক্টর হিসেবে ভাবা হচ্ছে।

০৪/০৮/ ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি