
পূর্বাশা ডেস্ক:
জাতীয় নির্বাচন সামনে রেখে জোট গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে নানা হিসাব-নিকাশ। বিশেষ করে ইসলামী দলগুলোকে কাছে টানতে বড় দুই জোট ছাড়াও বিভিন্ন মহল থেকে নেয়া হচ্ছে নানা উদ্যোগ। নিজেরাও জোট গঠনের চেষ্টা চালাচ্ছে বিভিন্ন ইসলামী দল। তবে আদর্শগত মিল ছাড়া মৌসুমি কোনো জোটে না যাওয়ার সিদ্ধান্তে এখন পর্যন্ত অটল রয়েছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। বরং এককভাবে সব আসনেই প্রার্থী দিয়ে নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছে প্রথম সারির এ ইসলামী দল। এরই মধ্যে প্রার্থী বাছাইয়ের কাজ ৮০ শতাংশ শেষ করেছে দলটি। ঈদের আগেই বাকি কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন দলের নেতারা।
দলীয় সূত্র জানায়, ইসলামী আন্দোলনকে জোটে ভেড়াতে বিচ্ছিন্নভাবে আওয়ামী লীগ ও বিএনপি জোটের পক্ষ থেকে প্রস্তাব দেয়া হয়। তবে আনুষ্ঠানিক এখনও কেউ কিছু বলেনি। অবশ্য জাতীয় পার্টির পক্ষ থেকে জোটে যোগ দেয়ার জন্য ইসলামী আন্দোলনকে সরাসরি প্রস্তাব দেয়া হলেও বিভিন্ন শর্তের অজুহাতে তাতে সাড়া দেয়নি দলটি। বর্তমানে ইসলামী ঐক্যজোট, খেলাফত আন্দোলনসহ কয়েকটি ইসলামী দলের পক্ষ থেকে পৃথক জোট করার ব্যাপারে যোগাযোগ করা হলেও তাতে সাড়া দেয়ার তেমন কোনো সম্ভাবনা নেই; বরং এককভাবেই নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদ বলেন, এখন পর্যন্ত আমরা আগামী নির্বাচনে এককভাবেই অংশগ্রহণের সিদ্ধান্তে রয়েছি। তবে কোনো দল যদি আমাদের আদর্শ মেনে তথা সর্বস্তরে ইসলামী আদর্শ বাস্তবায়নের লক্ষ্য-উদ্দেশ্যে জোট করতে চাইলে আমরা তাদের স্বাগত জানাব। তিনি বলেন, আমরা কোনো মৌসুমি জোট করার পক্ষে নই। আমরা চাই একটি স্থায়ী জোট করতে। তবে এখন পর্যন্ত এ ধরনের কোনো সম্ভাবনা দেখা যায়নি।
ইউনুছ আহমাদ আরও বলেন, নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে সব জেলায় দলের সহযোগী সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করে আসনপ্রতি তিন প্রার্থীর নাম প্রস্তাক করার নির্দেশনা দেয়া হয়। প্রাপ্ত নামগুলো কেন্দ্রীয় বাছাই কমিটির মাধ্যমে বিশ্লেষণ ও সংশ্লিষ্টদের সাক্ষাৎকার শেষে কোথাও একজন আবার কোথাও একাধিক প্রার্থী চূড়ান্ত করা হচ্ছে। এরই মধ্যে ৮০ শতাংশ প্রার্থী বাছাই সম্পন্ন হয়েছে। ঈদুল আজহার আগেই বাকিগুলোর কাজ চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে। সব শেষে দলের আমির আনুষ্ঠানিক ৩০০ আসনে প্রার্থীর নাম প্রকাশের পরই সংশ্লিষ্টরা নিজ নিজ এলাকায় কাজ শুরু করবেন বলেও তিনি উল্লেখ করেন।
দলের প্রার্থী বাছাই কমিটি সূত্র জানায়, ইসলামী আন্দোলনের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে দলের সঙ্গে সম্পৃক্ততা, তাকওয়া, শিক্ষাগত যোগ্যতা, আর্থিক ও সামাজিক অবস্থান, আত্মীয়স্বজনের রাজনৈতিক পরিচয় ইত্যাদি খতিয়ে দেখা হচ্ছে। ‘এ’, ‘বি’ ও ‘সি’- এ তিন ক্যাটাগরিতে প্রার্থী বাছাই করা হচ্ছে। ‘এ’ ক্যাটাগরির প্রার্থীদের নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও জয়লাভের ব্যাপারে জোর চেষ্টা করা হবে। এ সংখ্যা ১৫ জনের মতো হতে পারে বলে একটি সূত্র জানিয়েছে। বাকি ক্যাটাগরির প্রার্থীদের নিয়ে তুলনামুলক কম প্রতিদ্বন্দ্বিতার আশা করবে দলটি।
সূত্র মতে, নির্বাচনী প্রস্তুতি ও দলকে শক্তিশালী করতে সারা দেশে ইসলামী আন্দোলন ও এর সাতটি সহযোগী সংগঠনের মাধ্যমে সদস্য সংগ্রহ কর্মসূচি চালানো হচ্ছে। এ বছর ২০ লাখ নতুন সদস্য সংগ্রহের টার্গেট রয়েছে দলটির। এজন্য দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমসহ কেন্দ্রীয় নেতারা সারা দেশে নিয়মিত সফর করছেন।
জানা গেছে, ১৯৮৭ সালের ১৩ মার্চ একটি ইসলামী মোর্চা হিসেবে প্রতিষ্ঠিত হয় ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। এর উদ্যোক্তাদের মধ্যে ছিলেন বায়তুশ শরফ ও চরমোনাই পীর মাওলানা আবদুর রহীম, মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী, মোস্তফা আল মাদানী প্রমুখ। তবে ৯০ সালের দিকে এরশাদবিরোধী আন্দোলনের মাধ্যমে মোর্চাটি চরমোনাইয়ের মরহুম পীর মুফতি ফজলুল করিমের নেতৃত্বে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে। তখন এ দল থেকে বের হয়ে যান অন্য নেতারা। ২০০৮ সালে নিবন্ধনের সময় দলটির নাম পরিবর্তন করে ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’ করা হয়।
চরমোনাই পীরের এ দল প্রথম দিকে নির্বাচনবিমুখ হলেও একপর্যায়ে সেই অবস্থান থেকে সরে আসে। ২০০৮ সালে নবম জাতীয় নির্বাচনে ১৬৫ আসনে প্রার্থী দেয় দলটি। তবে তাদের কেউ জয়লাভ করতে পারেননি। ভোটপ্রাপ্তির হার ছিল ১.০৫ শতাংশ। প্রয়োজনীয় প্রস্তুতি থাকা সত্ত্বেও সুষ্ঠু পরিবেশ না থাকার অভিযোগে দশম সংসদ নির্বাচনে অংশ নেয়নি দলটি। অবশ্য বর্তমান মহাজোট সরকারের মেয়াদে অনুষ্ঠিত বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেন ইসলামী আন্দোলনের প্রার্থীরা। যদিও নির্বাচন সুষ্ঠু না হওয়ার অভিযোগে কিছু নির্বাচন বর্জনও করে দলটি। কয়েকটি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচিতও হয়েছেন দলটির প্রার্থীরা। তবে আগামী জাতীয় নির্বাচনে দলটির ভোটের সংখ্যা অনেক বাড়বে বলে আশা প্রকাশ করেছেন নেতারা।
২০১৭/রুমকী

























































