
পূর্বাশা ডেস্ক:
যুদ্ধ-বিগ্রহ, অনাচার, অবিচার মোটকথা সব ধরনের জুলুম নিষেধ করা হয়েছে সম্মানিত জিলহজ মাসে। সম্মানিত মাস চারটি। জিলকদ, জিলহজ, মহররম ও রজব। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে , ‘আকাশ ম-লী ও পৃথিবী সৃষ্টির দিন হতেই আল্লাহর কাছে ও আল্লাহর বিধানে মাসের সংখ্যা ১২টি। এর মধ্যে চারটি মাসে যুদ্ধ নিষিদ্ধ। এটাই সুপ্রতিষ্ঠিত বিধান, সুতরাং এই মাসগুলোতে তোমরা যুদ্ধ করে নিজেদের প্রতি জুলুম করো না। আর তোমরা মুশরিকদের সাথে সর্বাত্মকভাবে যুদ্ধ করবে, যেমন তারা তোমাদের সাথে সর্বাত্মকভাবে যুদ্ধ করে থাকে এবং জেনে রাখ আল্লাহ মুত্তাকীদের সঙ্গে আছেন।” (সূরা তওবা : ৩৬)
পবিত্র কুরআনে অন্যত্র ইরশাদ হয়েছে ‘সম্মানিত মাস সম্পর্কে তোমার কাছে জিজ্ঞেস করে যে, তাতে যুদ্ধ করা কেমন? বলে দাও এতে যুদ্ধ করা ভীষণ বড় পাপ। আর আল্লাহর পথে প্রতিবন্দ্বকতা সৃষ্টি করা এবং কুফরী করা, মসজিদে-হারামের পথে বাধা দেয়া এবং সেখানকার অধিবাসীদেরকে বহিস্কার করা, আল্লাহর নিকট তার চেয়েও বড় পাপ। আর ধর্মের ব্যাপারে ফেতনা সৃষ্টি করা নরহত্যা অপেক্ষাও মহা পাপ। বস্তুতঃ তারা তো সর্বদাই তোমাদের সঙ্গে যুদ্ধ করতে থাকবে, যাতে করে তোমাদিগকে দ্বীন থেকে ফিরিয়ে দিতে পারে যদি সম্ভব হয়। তোমাদের মধ্যে যারা নিজের দ্বীন থেকে ফিরে দাঁড়াবে এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে, দুনিয়া ও আখেরাতে তাদের যাবতীয় আমল বিনষ্ট হয়ে যাবে। আর তারাই হলো দোযখবাসী। তাতে তারা চিরকাল বাস করবে।’ ( সূরা বাকারা ২১৭ )
মহান আল্লাহর বিধানানুসারে যে চারটি মাস পবিত্র ও সম্মানিত, তার একটি হল যিলহজ মাস। এ মাসের সবচেয়ে মর্যাদাপূর্ণ সময় হল যিলহজ মাসের প্রথম দশক। পবিত্র কুরআন ও হাদীসে এই দশকের বিশেষ ফজিলত, গুরুত্ব ও তাৎপর্যের কথা বর্ণিত হয়েছে। স্বয়ং মহান আল্লাহ এই দশকের সম্মান ও পবিত্রতা প্রকাশ করে এই দশকের রজনীগুলোর নামে শপথ করেছেন। ইরশাদ হয়েছে। ‘শপথ ভোরবেলার, শপথ দশ রাত্রির।’ ( সূরা ফজর : ১-২ )
হযরত আব্দুল্লাহ ইবনে আববাস রা. ও মুজাহিদ রাহ. সহ অধিকাংশ সাহাবী, তাবেয়ী ও মুফাসসিরগণের মতে এখানে দশ রাতের দ্বারা যিলহজ মাসের প্রথম দশ রাতকেই বুঝানো হয়েছে। হাফেয ইবনে কাসীর রাহ. বলেন, এটিই বিশুদ্ধ মত। তাফসীরে ইবনে কাসীর ৪/৫৩৫-৫৩৬
হাদীস শরীফে এই দশককে দুনিয়ার সবচেয়ে উত্তম ও মর্যাদাবান দশক হিসেবে আখ্যায়িত করা হয়েছে। হযরত জাবির রা. হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ‘দুনিয়ার সর্বোত্তম দিনগুলো হল যিলহজের দশ দিন। জিজ্ঞাসা করা হল, আল্লাহর রাস্তাও কি তার সমতুল্য নেই? তিনি বললেন, আল্লাহর রাস্তাও তার সমতুল্য নেই, তবে ঐ ব্যক্তি, যার চেহারা ধূলিযুক্ত হয়েছে, অর্থাৎ শাহদাতের মর্যাদা লাভ করেছে।’ মুসনাদে বাযযার, হাদীস : ১১২৮; মুসনাদে আবু ইয়ালা, হাদীস : ২০১০
অন্য বর্ণনায় হযরত জাবির রা. হতে বর্ণিত হয়েছে, ‘জিলহজের দশ দিনের চেয়ে কোনো দিনই আল্লাহর নিকট উত্তম নয়।’ সহীহ ইবনে হিববান, হাদীস : ২৮৪২
06/08/2017/ Choity.

























































