শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


জেলের হাতের জাল নিয়ে নিজেই মাছ শিকার করলেন পরিকল্পনামন্ত্রী!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৮.২০১৭

 

পূর্বাশা ডেস্ক:

জেলের হাতের জাল নিয়ে নিজেই মাছ শিকার করলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তার মাছ শিকারের ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।

এর আগে আওয়ামী লীগের নেতাকর্মী-মন্ত্রী এমপিদের মধ্যে কেউ মাটি কেটে, কেউ ফুটপাতে দাঁড়িয়ে চা-বিস্কুট খেয়ে, আবার কেউ রিকশা বা মোটরসাইকেল চালিয়ে, কেউ গান গেয়ে দেশজুড়ে বেশ আলোচিত হয়েছেন। এবার সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করলেন সরকারের পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

কুমিল্লার নাঙ্গলকোট পরিকল্পনামন্ত্রীর নিজের নির্বাচনী এলাকা। সেখানে যাওয়ার সময় হঠাৎ এক জেলেকে দেখে রাস্তায় গাড়িবহর থামিয়ে দিলেন মন্ত্রী। জেলে স্থানীয় একটি খালে জাল ফেলছেন। জেলেকে জাল ফেলতে দেখে মন্ত্রী গাড়ি থেকে নামেন। ওই জেলের হাত থেকে জাল নিয়ে নিজেই খালে জাল ফেললেন। পরে  মন্ত্রীর মাছ ধরার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

জানা যায়, ৪ আগস্ট শুক্রবার পরিকল্পনামন্ত্রী তার নিজ নির্বাচনী এলাকা কুমিল্লার নাঙ্গলকোটের একটি সভায় যাচ্ছিলেন। পথিমধ্যে দুপুর আড়াইটার দিকে ওই উপজেলার ঢালুয়া এলাকায় স্থানীয় এক জেলে জাল দিয়ে খালে মাছ শিকার করছেন। জেলেকে দেখে আচমকা গাড়ি থেকে নেমে পড়েন মন্ত্রী।

মন্ত্রীর গাড়িবহরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ, অন্যান্য কর্মকর্তা ও দলীয় নেতা-কর্মীরা কিছু বুঝে উঠার আগেই মন্ত্রী ওই জেলের কাছ থেকে জালটি হাতে নেন।

এ সময় ওই ব্যক্তি হতভম্ব হয়ে পড়েন এবং আনন্দে জালটি মন্ত্রীর হাতে তুলে দেন। পরে মন্ত্রী মাছ ধরার জন্য জালটি খালে নিক্ষেপ করার প্রস্তুতি নেন। মন্ত্রী যথারীতি জাল হাতে নিয়ে অনেকটা পাকা মাছ শিকারির মতোই জাল ও রশি (ডান হাতে) বেঁধে নেন, পরে খালের পানিতে জাল নিক্ষেপ করেন।

এরপর রশি হাতে টেনে টেনে ডাঙ্গায় টেনে তুলে আনেন। এ সময় কাঙ্ক্ষিত মাছ না পাওয়া গেলেও জাল দিয়ে মন্ত্রীর মাছ শিকারের এ দৃশ্য অনেকেই মোবাইল ও ক্যামেরায় ধারণ করে তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

পূর্বাশানিউজ/0৬ আগষ্ট ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি