শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দোষ কার, কাদের না শাজাহানের


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:
দেশে বাস ও ট্রাক চালকদের মাত্র ১ ভাগ বিআরটিএ’র বাধ্যতামূলক প্রশিক্ষণ নিয়ে থাকে। লাইসেন্সধারী চালকের সংখ্যা ১৯ লাখ ৯৫ হাজার ১২’শ ৮০ জন হলেও রেজিস্ট্রিকৃত যানবাহনের সংখ্যা ৩০ লাখ ৪২ হাজার ৮৫৩টি। যার মানে হচ্ছে এসব যানবাহনের ৬৫ ভাগ লাইসেন্স আছে এমন চালক চালাচ্ছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে এশিয়ায় দুর্ঘটনার দিক থেকে বাংলাদেশ সপ্তম স্থানে রয়েছে। চীন, ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তান, থাইল্যান্ড ও ভিয়েতনামের পরেই বাংলাদেশের অবস্থান। তবে দুর্ঘটনায় নিহতের দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বে ১৩ তম।
এখন চালকদের প্রশিক্ষণ বাধ্যতামূলকভাবে নেওয়ার বিষয়টি কেন বাস্তবায়ন কেন হচ্ছে না তা তদারকি করবে কে? সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় নাকি চালকদের অভিভাবক নৌ পরিবহন মন্ত্রী। এর আগে আমরা দেখেছি চালকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ- রহিত করার দাবিতে সড়কে যানবাহন বন্ধ হতে। সমন্বয় না থাকায় বাংলাদেশে যখন মশা মারতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে গাপ্পি মাছ ছাড়ছেন মেয়র সাঈদ খোকন তখন চালকরা প্রশিক্ষণ কেন নিচ্ছেন না তার দায় কে নিবেন তা বলা ভীষণ শক্ত। সুইমিংপুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাঁতার কাটবেন, গাপ্পি মাছের পোনা চাষের জন্যে বুড়িগঙ্গা হয়ত দূষণের জন্যে নিরাপদ নয়, কেন নিরাপদ নয় তা আরো জটিল প্রশ্ন। এমন ইত্যাকার জটিলতায় জানতে ইচ্ছে হয় বছরে যে হাজার হাজার সড়ক দুর্ঘটনা শত শত পরিবার পঙ্গু হয়ে যায় এ জন্যে চালকদের প্রশিক্ষণ নিশ্চিত না করার দায়ভার কে নেবেন? পথে যানজটের সৃষ্টিতে প্রতিদিন ৩২ লাখ কর্মঘন্টা নষ্ট হয় বিশ্ব ব্যাংকের হিসেবেও পুরোনো হয়ে গেছে। যানজটের অনেক কারণের মধ্যে একটি কারণ হচ্ছে ট্রাফিক নিয়ম মেনে না মেনে গাড়ি না চালানো। এত বিপুল কর্ম ঘন্টা বিনষ্ট মানে হিসেবে করলে দেখা যায় দিনে ৩৬৫ বছর সমান কাজের সময় নষ্ট করছি আমরা।

যদিও ভারী যানবাহন সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ তারপরও কর্তৃপক্ষ বাস ও ট্রাক চালকদের পেশাগত প্রশিক্ষণ দিতে ব্যর্থ হচ্ছে। ভারী যানবাহন চালকদের সিংহভাগ এধরনের যানবাহন চালানোর কোনো প্রশিক্ষণ নেই। হালকা ও মাঝারী ধরনের যানবাহন চালনার লাইসেন্স তাদের ভরসা, সে অভিজ্ঞতায় তারা ভারী যানবাহন নিয়ে মহাসড়কে নেমে পড়ছেন।

বিআরটিএ গত বছর নিরাপদ সড়কের জন্যে চালকদের প্রশিক্ষণের আয়োজন করে। কিন্তু এখন পর্যন্ত ভারী যানবাহন চালকদের এ ধরনের প্রশিক্ষণে অংশ নেওয়ার কোনো আগ্রহ দেখা যাচ্ছে না। বিআরটিএ সকল চালকদের জন্যে এ প্রশিক্ষণ শুরু করে যারা তাদের লাইসেন্স নবায়নের জন্যে প্রতিষ্ঠানটিতে যেতেন। কিন্তু ভারী যানবাহন চালকদের মধ্যে এধরনের প্রশিক্ষণ নেওয়ার কোনো আগ্রহ দেখা যাচ্ছে না। অথচ সড়ক দুর্ঘটনার প্রায় অর্ধেকেই ঘটে বাস, ট্রাক ও ভারী যানবাহনের চালকদের হাতে। বিআরটিএর গত ১৭ বছরের সড়ক দুর্ঘটনার তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় ৪৭ ভাগ সড়ক দুর্ঘটনা ঘটেছে ভারী যানবাহনের সংঘর্ষে।

১৯৯৮ সাল থেকে ২০১৪ সালের মধ্যে ৭১ হাজার ৯৩৪ টি সড়ক দুর্ঘটনার মধ্যে ১৬ হাজার ৬৪৭ টি বাস দুর্ঘটনা, ভারী ট্রাক দুর্ঘটনার সংখ্য ১৪ হাজার ৯৫৭ টি ও ট্রাকের দুর্ঘটনা রয়েছে ২ হাজার ২২৯টি। চার থেকে ৬ চাকার ট্রাক সাধারণ ও ১০ চাকার ট্রাককে ভারী ট্রাক হিসেবে ধরা হয়। এবছর মে পর্যন্ত বিআরটিএ ২ লাখ ২৮ হাজার ২০১টি ভারী যানবাহনের রেজিস্ট্রি করেছে। এদের মধ্যে ৪১ হাজার ৭২২টি বাস, ১২ লাখ ৬ হাজার ১টি ট্রাক, ৭ হাজার ৪৪৩টি কার্গো ভ্যান, ২২ হাজার ১৬৯ কাভার্ড ভ্যান, ২৫ হাজার ৭৬৩টি ডেলিভারি ভ্যান ও ৫ হাজার ১০৩টি অন্যান্য যানবাহন। তবে বিশেষজ্ঞরা বলেন, ৪ থেকে সাড়ে ৪ হাজার ভারী যানবাহন রেজিস্ট্রি ছাড়াই সড়কে চলছে।

অধিকাংশ চালকরা শুরুতে সিএনজি অথবা ট্রাক্সি চালক হিসেবে পেশা শুরু করেন। প্রশিক্ষণপ্রাপ্ত চালকদের ১’শ জনের মধ্যে মাত্র ১ জন ভারী যানবাহন চালান। গত ৬ মাসে বিআরটিএর প্রশিক্ষণে প্রতি সপ্তাহে শ’দুয়েক চালক পেশাগতভাবে লাভবান হচ্ছেন। এ প্রশিক্ষণ প্যানেলে পুলিশ, বিআরটিএ,দুর্ঘটনা গবেষণা ইন্সটিটিউট ও বুয়েটের প্রতিনিধিরা থাকেন।

প্রশিক্ষণে পুলিশ ইন্সপেক্টর চালকদের ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর অপরিহার্যতা ও কিভাবে নিরাপদে যানবাহন চালানো যায় তার বিশদ ধারণা দিয়ে থাকেন। মহাসড়কে ৮০ কিলোমিটার গতিবেগের পরিবর্তে ১২০ কিলোমিটার বেগে গাড়ি চালিয়ে তারা যখন অন্য গাড়িকে ওভারটেক করতে যান তখন কি পরিস্থিতির সৃষ্টি হয় তারও শিক্ষা দেওয়া হয়। তারা যে যানবাহন চালাচ্ছেন তার ওজন ও গতিবেগের তুলনায় যানবাহনটির নিয়ন্ত্রণে কখন কি পরিস্থিতির সৃষ্টি হয় ও করণীয় কি তার বিস্তারিত ব্যাখ্যা হয়। নিয়ম না মেনে চললে একজন চালক কি ধরনের শাস্তি পেতে পারেন, প্রাণহানির আশঙ্কা ইত্যাদি সম্পর্কে চালকদের অভিহিত করা হয়। তারা যেন ত্রুটিপূর্ণ যানবাহন না চালান, সড়কে গাড়ি চালনার সময় ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত থাকা, পথচারীদের ঝুঁকিপূর্ণ আচরণ থেকেও সাবধান থাকা সহ বিভিন্ন ধরনের প্রস্তুতি ও সাবধানতা সম্পর্কে চালকদের প্রশিক্ষণ দেওয়া হয়।’

মটর ভেইকেল এ্যাক্ট অনুযায়ী মহাসড়কে সর্বোচ্চ গতিসীমা ৮০ কিলোমিটার এবং শহরে এ গতিসীমা ৪০ কিলোমিটার। সড়ক ও মহাসড়কের ২৪৩টি ‘ঝুঁকিপূর্ণ’ এলাকা বা ব্লাকস্পট সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া হয় চালকদের প্রশিক্ষণে। ফলে ভারী যানবাহন চালনা জন্যে এধরনের প্রশিক্ষণ অপরিহার্য। তবে বাংলাদেশ বাস-ট্রাক ওনারস এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফারুক তালুকদার সোহেল বলেন, যেখানে ২৫ লাখ লাইসেন্স দরকার সেখানে ১২ লাখ লাইসেন্স দেওয়া হচ্ছে। এর ফলে অনেকে ভারী যানবাহন চালনার অভিজ্ঞতা না থাকলেও তা চালিয়ে থাকেন।

পূর্বাশানিউজ/0৮ আগষ্ট ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি