শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


”শতাব্দীর সবচেয়ে বড় কেলেঙ্কারি” !


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:
অরিজিৎ দাস চৌধুরি, কলকাতা থেকে : ভারতে বিমুদ্রাকরণের পর দু’রকমের ৫০০ ও ২০০০ রুপির নোট ছাপা হচ্ছে বলে সংসদে চাঞ্চল্যকর দাবি তুলে হইচই বিরোধীদের।
মঙ্গলবার কংগ্রেসের কপিল সিবাল পয়েন্ট অব অর্ডারের মাধ্যমে রাজ্যসভায় প্রসঙ্গটি তোলেন। স্লোগান দিতে দিতে কংগ্রেস সদস্যরা ওয়েলে নেমেও বিক্ষোভ দেখান। কংগ্রেসের পাশে দাঁড়ায় তৃণমূল, জেডিইউ। বিরোধীদের আক্রমণের চাপে সারাদিনের মতো ভেস্তে যায় সংসদের ঊর্ধ্বকক্ষের কাজকর্ম।
সিবাল দাবি করেন, বিভিন্ন সাইজ, ডিজাইনের নতুন ৫০০, ২০০০ রুপির নোট ছাপা হচ্ছে। নোট বাতিলের কারণ আজ বোঝা গেল। একটি শাসক দলের জন্য, আরেকটি বাকিদের জন্য, দু’রকমের নোট ছাপছে আরবিআই।
বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ মন্তব্য করেন, এই শতাব্দীর সবচেয়ে বড় কেলেঙ্কারি এটা। এই কারণেই ফুলে ফেঁপে উঠেছে বিজেপির তহবিল।
কংগ্রেসের অভিযোগের সমর্থনে এগিয়ে আসেন তৃণমূলের ডেরেক ও ব্রায়েন। জেডি (ইউ) সম্প্রতি শাসক শিবিরে নাম লেখালেও দলের নেতা শারদ যাদব সিবাল, আজাদের পাশে দাঁড়ান। ডেরেক অভিযোগের সমর্থনে দুটি নোট তুলে ধরেন, দেশটির অর্থমন্ত্রী অরুণ জেটলিকেও দেখান। যদিও তাঁর দাবি খারিজ করেন জেটলি।
তিনি পাল্টা অভিযোগ করেন, বিরোধীরা জিরো আওয়ার বানচাল করতে নোটিস না দিয়েই ‘অর্থহীন’ বিষয় তুলছেন। দায়িত্বজ্ঞানহীন কথা বলছেন। জিরো আওয়ারের অপব্যবহার করা হচ্ছে। কংগ্রেস প্রথমে রাজ্যসভা ভোটে নোটা ইস্যু তুলে শোরগোল করল। শেষে দেখা গেল, ওদের আমলেই নোটা আনা হয়।
ভারতের মন্ত্রী মুখতার আব্বাস নকভি ওই নোটের কী উৎস, প্রশ্ন করেন।
পরে জেটলি ওই নোটের বৈধতা খতিয়ে দেখবেন বলে জানান। বলেন, এত বিপুল পরিমাণ নোট ছাপতে হয় যে, ছাপাখানার সমস্যায় নোটের আয়তন সামান্য ছোট, বড় হতে পারে। দেশটির অর্থমন্ত্রক সূত্রে ব্যাখ্যা করা হয়, নোটের আকার, ডিজাইন সামান্য এদিকওদিক হতে পারে। সরকার কখনই ভিন্ন সাইজের নোট ছাপতে বলেনি।
পরে রাজ্যসভায় লিখিত উত্তরে দেশটির অর্থ প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেন, প্রত্য়েকটি অঙ্কের ব্যাঙ্ক নোটের নিজস্ব বৈশিষ্ট্য থাকে। নতুন ৫০০ রুপির নোটের আয়তন ৬৬ এমএমx১৫০ এমএম। নতুন ২০০০ রুপির নোটের সাইজ ৬৬ এমএমx১৫০ এমএম।

09/08/2017/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি