
পূর্বাশা ডেস্ক:
অনলাইনে ভুয়া লেনদেনের মাধ্যমে জঙ্গি অর্থায়নের একটি বৈশ্বিক আর্থিক নেটওয়ার্কের সন্ধান পেয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের তদন্তকারীরা। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়ার (আইসিস বা আইএস) ওই নেটওয়ার্ক যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত বলে আদালতে জমা দেওয়া যুক্তরাষ্ট্রের ফেডারেল তদন্ত সংস্থা এফবিআইয়ের হলফনামায় উল্লেখ করা হয়েছে।
সেই হলফনামার বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বহুজাতিক ই-কমার্স প্রতিষ্ঠান ‘ই-বে’ ব্যবহার করে আইএস যুক্তরাষ্ট্রের জঙ্গি-সন্ত্রাসবাদে অর্থায়ন করেছে বলে এফবিআই দাবি করেছে। তাদের হলফনামায় বলা হয়েছে, মোহাম্মদ এলজিনাওয়ি নামের এক আমেরিকান ব্রিটেন থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত বৈশ্বিক এ নেটওয়ার্কের অংশীদার।
যুক্তরাষ্ট্রের তদন্তকারীরা গত জানুয়ারি মাসে মোহাম্মদ এলজিনাওয়ি ও অন্য সন্দেহভাজনদের ইমেইল ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টগুলোর বিষয়ে তথ্যের জন্য যখন দেশটির সংশ্লিষ্ট বিভাগের কাছে আবেদন করেন, তখন এর সঙ্গে এফবিআইয়ের ওই হলফনামা সিলবদ্ধ আকারে উপস্থাপন করেন। এরপর এ নিয়ে প্রকাশ্যে আলোচনা হয়নি। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের উগ্রবাদবিষয়ক কর্মসূচির একজন গবেষক এর বিষয়বস্তু প্রকাশ্যে আনেন।
মোহাম্মদ এলজিনাওয়ির বয়স যখন ৩০-এর গোড়ায় ছিল তখন তিনি আইএসের ওই অর্থ গ্রহণ করেছিলেন বলে অভিযোগ করেছে এফবিআই। এক বছরেরও বেশি সময় আগে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর ব্যাপারে দীর্ঘ নজরদারির পর এফবিআই ওই সন্দেহভাজন নেটওয়ার্ক সম্পর্কে প্রথম সূত্র পায়।
মোহাম্মদ এলজিনাওয়ির বিরুদ্ধে ২০১৬ সালে যুক্তরাষ্ট্র সরকারের অভিযোগে বলা হয়, তিনি আইএসের আনুগত্য স্বীকার করেন।
তিনি সম্ভাব্য জঙ্গি-সন্ত্রাসী হামলার জন্য তহবিল গড়ার জন্য ই-বেতে কম্পিউটার প্রিন্টার বিক্রির নামে পেপলের মাধ্যমে অর্থ সংগ্রহ করেন।
যুক্তরাষ্ট্রের বাল্টিমোরের ফেডারেল আদালতে দাখিল করা হলফনামায় এফবিআই বলেছে, সিরিয়ায় আইএস নেতা সাইফুল সুজনের নির্দেশক্রমে আইএসের তহবিল গড়তে মোহাম্মদ এলজিনাওয়ি এ ধরনের আরো উদ্যোগ নেন। উল্লেখ্য, সাইফুল সুজন এখন আর বেঁচে নেই।
জানা গেছে, ওই সাইফুল সুজনই ২০১৫ সালে সিরিয়ায় নিহত বাংলাদেশি কম্পিউটার প্রকৌশলী ও জঙ্গি সাইফুল হক সুজন। ড্রোন হামলা চালিয়ে তাঁকে হত্যার কথা ঘোষণা করে পেন্টাগন বলেছিল, সাইফুল হক সুজনের মৃত্যুর ফলে আইএস বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগের একটি মাধ্যম হারাল।
ওই সাইফুল হক সুজন বাংলাদেশ থেকে পড়ালেখার জন্য যুক্তরাজ্যে গিয়ে উগ্রবাদে জড়ান। শুধু নিজে নয়, স্ত্রী ও সন্তানদের নিয়ে তিনি আইএসে যোগ দিতে সিরিয়ায় যান। এ ছাড়া তিনি বাবা ও পরিবারের আরো কয়েকজন সদস্যকে উগ্রবাদে উদ্বুদ্ধ করেও গণমাধ্যমের শিরোনাম হয়েছিলেন। যুক্তরাজ্যের টেলিগ্রাফ পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, সাইফুল হক সুজন সিরিয়ায় যাওয়ার আগে কার্ডিফে থাকতেন। তিনিই ছিলেন আইএসের সাইবার যুদ্ধের অন্যতম মূল কাণ্ডারি।
সুজন ২০০৩ সালে যুক্তরাজ্যে ঢোকেন এবং গ্লেমরগান বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সিস্টেম ইঞ্জিনিয়ারিং বিষয়ে লেখাপড়া করেন। এরপর তিনি তাঁর ভাইকে নিয়ে একটি অনলাইন ক্রয় আদেশবিষয়ক ফার্ম খুলেছিলেন। ২০১৪ সালে সুজন যুক্তরাজ্যে দীর্ঘমেয়াদে থাকার জন্য আবেদন করে ব্যর্থ হন। ওই বছর ঈদুল আজহার আগে তিনি সপরিবারে বাংলাদেশে আসেন। ঈদের পর তাঁরা যুক্তরাজ্যে যান বলে স্বজনরা জানতেন। পরে তাঁরা জানতে পারেন, সুজন সপরিবারে সিরিয়ায় পাড়ি জমিয়েছেন।
এফবিআইয়ের হলফনামায় বলা হয়েছে, মোহাম্মদ এলজিনাওয়ি তদন্তকারীদের জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে সম্ভাব্য হামলার উদ্দেশ্যেই সাইফুল হক সুজন তাঁকে অর্থ সংগ্রহের নির্দেশ দিয়েছিলেন। বর্তমানে তিনি ফেডারেল হেফাজতে বিচারের অপেক্ষায় আছেন। তাঁর আইনজীবীও এ সম্পর্কে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
বাংলাদেশ পুলিশের তথ্য অনুযায়ী, সাইফুল হক সুজনের বাড়ি খুলনার পাকুড়তিয়া গ্রামে। তাঁর ভাই শরীফুল হক ইমন এবং দুই ভাইয়ের স্ত্রী-সন্তানরাও বেশ কয়েক বছর ধরে নিখোঁজ।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো বলেছে, আইএস কিভাবে সীমান্তের বাইরে থেকে অনলাইন আর্থিক কাঠামোর মাধ্যমে অর্থ সংগ্রহ করার চেষ্টা করছে তার ধারণা পাওয়া যায় মোহাম্মদ এলজিনাওয়ির বিরুদ্ধে মামলা থেকে। ৯/১১ সন্ত্রাসী হামলার পর থেকে যুক্তরাষ্ট্র ও অন্য দেশগুলো সন্ত্রাসবাদে অর্থায়ন ঠেকাতে প্রাতিষ্ঠানিক আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থার ওপরই জোর দিয়েছে। অনেকে অভিযোগ করেন, নিয়ন্ত্রক কর্তৃপক্ষগুলোর খুব একটা নজরে নেই এমন ছোটখাটো আর্থিক প্রতারণার মাধ্যমে আইএস হয়তো কিছু অর্থ পেয়ে থাকতে পারে।
সন্ত্রাসবিরোধী আন্তঃসরকার সংস্থা ফিন্যানশিয়াল অ্যাকশন টাস্কফোর্সের মতে, এগুলোর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তহবিল সংগ্রহ, শিক্ষা ঋণ, অনলাইন ঋণ জালিয়াতি উল্লেখযোগ্য। আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর জন্য এগুলো চিহ্নিত করা ও সন্ত্রাসবাদে ব্যবহার চ্যালেঞ্জিং হয়ে উঠছে।
ই-বে ইনকরপোরেশনের একজন মুখপাত্র বলেছেন, তাঁর কম্পানি তাঁদের বাজার ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ডের ব্যাপারে কোনো ছাড় দেয় না। বিষয়টি নিয়ে তাঁরা আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে।
অন্যদিকে পেপল হোল্ডিং ইনকরপোরেশনের মুখপাত্র বলেছেন, তাঁদের প্ল্যাটফর্মে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে তাঁরা উল্লেখযোগ্য সময় ও সম্পদ বিনিয়োগ করেন। সন্দেহভাজন লেনদেন সম্পর্কে তাঁরা নিজেরাই আইন প্রয়োগকারী সংস্থাকে জানান এবং ওই সংস্থাগুলোর অনুরোধে দ্রুত সাড়া দেন।
এফবিআইয়ের হলফনামায় বলা হয়, সন্দেহভাজন ওই চক্রের আরো কয়েকজন সদস্য ব্রিটেন ও বাংলাদেশে গ্রেপ্তার হয়েছে। তবে ওই নেটওয়ার্ককে পুরোপুরি চিহ্নিত করা যায়নি। তদন্তসংশ্লিষ্ট একজন কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন, তদন্তকারীদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ও বেশ কয়েকটি দেশের সমন্বয় হচ্ছে।
এফবিআইয়ের হলফনামায় বলা হয়েছে, সন্দেহভাজন ওই নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ কিছু সদস্য সামরিক সরঞ্জামও কিনে থাকে। ২০১৫ সালের ডিসেম্বরে বিশ্বব্যাপী সমন্বিত অভিযানে তারা গ্রেপ্তার বা নিহত হয়।
এফবিআইয়ের হলফনামায় আরো বলা হয়, সাইফুল সুজন ২০১৫ সালের ১০ ডিসেম্বর সিরিয়ায় ড্রোন হামলায় নিহত হন। তিনি আইএসের কম্পিউটার অপারেশন্স বিভাগের পরিচালক ছিলেন। ব্রিটিশ প্রযুক্তি কম্পানি প্রতিষ্ঠার মাধ্যমে তিনি আইএসের আর্থিক নেটওয়ার্ক পরিচালনা করতেন। বাংলাদেশে তাঁর অফিস ছিল, তুরস্কেও খোলার চেষ্টা করছিলেন। আইএসে যোগ দিতে কবে তিনি সিরিয়ায় যান তা স্পষ্ট নয় এফবিআইয়ের কাছে।
ওই হলফনামার তথ্যানুযায়ী, সাইফুল সুজনের কম্পানি ওয়েবসাইট ও প্রিন্টার নির্মাণ করত। ওই কম্পানি ১৮ হাজার মার্কিন ডলার খরচ করে কানাডীয় একটি কম্পানির কাছে সামরিক মানের নজরদারি সরঞ্জাম কিনেছিল, যা দিয়ে আকাশ থেকে লক্ষ্য স্থির করা যায়। এ ছাড়া ওই কম্পানি যুক্তরাষ্ট্রের একটি কম্পানির কাছ থেকে ছাড়পোকা ধরার ইলেকট্রনিক যন্ত্র কিনেছিল তুরস্কে পাঠানোর জন্য।
মোহাম্মদ এলজিনাওয়ি আইএস সম্পৃক্ত ব্যক্তিদের কাছ থেকে আট হাজার ৭০০ মার্কিন ডলার পেয়েছিলেন। সেগুলোর মধ্যে সুজনের কম্পানির কাছ থেকে পাঁচটি বিল পেয়েছিলেন পেপলের মাধ্যমে।
এফবিআইয়ের হলফনামা অনুযায়ী, ল্যাপটপ, সেলফোন ও ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) যোগাযোগের প্রযুক্তি কিনতে এলজিনাওয়ি ওই অর্থ ব্যয় করেন। তিনি এফবিআইকে বলেছেন, যুক্তরাষ্ট্রে সন্ত্রাসবাদে ওই অর্থ ব্যয় হবে এটি তিনি জানতেন। তবে তিনি কখনো কোনো হামলার পরিকল্পনা করেননি।
২০১৭/রুমকী























































