
পূর্বাশা ডেস্ক:
ঢাকা-কুয়েত ও ঢাকা-দোহা রুটে বিমানের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া সীমিত করা হয়েছে লন্ডনসহ কয়েকটি রুটের ফ্লাইট।
ওইসব রুটের ফ্লাইটের ক্রু, পাইলট ও এয়ারক্রাফটদের হজ ক্যাম্পে নিয়োজিত করা হয়েছে। এদিকে রোববার দুপুর ১টা ১৫ মিনিটের একটি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে।
গতকাল রোববার (১২ আগস্ট) বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল জানান, যাত্রী সংকটের কারণে বাতিল হওয়া ফ্লাইটগুলোর যাত্রীদের নেয়ার জন্য বিমান এ ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। ২৬ আগস্ট পর্যন্ত হজযাত্রী পৌঁছানোর কাজে ব্যবহার হবে এ ফ্লাইটগুলো।
তিনি আরও জানান, আগামী এক সপ্তাহের মধ্যে আরও বিভিন্ন রুটে বিমানের সিডিউল ফ্লাইট বাতিল করা হতে পারে। তারপরও ৫ থেকে ৬ হাজার যাত্রীর হজে যাওয়া অনিশ্চিত বলে শঙ্কা প্রকাশ করেন এই বিমান কর্মকর্তা।
এদিকে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব শাহাদাত হোসাইন তসলিম জানান, অবিলম্বে বিমানের বিভিন্ন রুটের সব ফ্লাইট বাতিল করে আরও নতুন স্লটের জন্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, এখন পর্যন্ত মোট ৩০টি হজ ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বিমানেরই প্রায় ২৪টি ফ্লাইট বাতিল করা হয়। এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন।
হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট পৌঁছে ২৪ জুলাই। শেষ ফ্লাইট ২৮ আগস্ট। ফিরতি ফ্লাইট শুরু হবে ৬ সেপ্টেম্বর ও শেষ ফিরতি ফ্লাইট ৫ অক্টোবর। এ বছর চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর।
তবে ভিসা জটিলতার কারণে এ বছর বিশাল সংখ্যক বাংলাদেশি হাজির হজ অনিশ্চিত হয়ে পড়েছে বলে সূত্র জানায়। অবশ্য হজ অফিসের অভিযোগ, ভিসা জটিলতা নয় বিমান সংকটের কারণে হজ ফ্লাইট বাতিল হচ্ছে।
২০১৭/রুমকী
























































