
পূর্বাশা ডেস্ক:
রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকার একটি মাদরাসায় নামাজ পড়াকে কেন্দ্র করে ছাত্রদের মধ্যে সংঘর্ষে মোফাজ্জল হোসেন (১৬) নামের এক ছাত্র নিহত হয়েছেন। নিহত মোফাজ্জল চাঁদপুর জেলার মতলব (উত্তর) উপজেলার পূর্ব পুটিয়াপার গ্রামের আবুল কাশেমের ছেলে।
রবিবার (১৩ আগস্ট) রাত ১২টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৬টার দিকে তাঁর মৃত্যু হয়।
নিহত মোফাজ্জল মোহাস্মদপুর জয়েন্ট কোয়ার্টার এলাকার কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া কামিল মাদরাসার দশম শ্রেণির ছাত্র ছিল। মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল আলিম রেজভী জানান, গত শনিবার নবম শ্রেণি ও দশম শ্রেণির ছাত্রদের মধ্য নামাজ পড়তে ডাক দেওয়া নিয়ে একটি ঝগড়া সৃষ্টি হয়। এর রেশ ধরেই গতরাতে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হন। এদের মধ্যে মোফাজ্জল আহত অবস্থায় মাদরাসার বাথরুমে পড়ে ছিল।
পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তাঁর মৃত্যু হয়।
মোহাম্মদপুর থানার এসআই সুজানুর ইসলাম জানান, সে একজন মেধাবী ছাত্র ছিল, গত রবিবার রাত আনুমানিক ১০টার দিকে মাদরাসার নবম ও দশম শ্রেণির ছাত্রদের মাঝে সামান্য বিষয় নিয়ে মারামারিতে মোফাজ্জল আঘাতপ্রাপ্ত হয়। পরবর্তীতে মাদরাসা কর্তৃপক্ষ তাকে হাসপাতালে ভর্তি করান, চিকিৎসাধীন অবস্থায় সকালে সে মারা যায়। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মর্গে রাখা হয়েছে। এক ভাই এক বোনের মধ্যে সে ছিল বড়। এ ঘটনায় থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই কর্মকর্তা।
মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর জানান, নামাজ পড়া নিয়ে ছাত্রদের মধ্যে সংঘর্ষে মোফাজ্জল আহত হয়। পরে ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্য হয় বলে আমরা জানতে পেরেছি। মামলা প্রক্রিয়াধীন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
১৪ আগস্ট, ২০১৭/ Choity.






















































