শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


হোয়াইট হাউজে বিভক্তি!


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

হোয়াইট হাউজের ভিতরে বিভক্তি পরিষ্কার হয়ে উঠেছে। এতদিন এমন বিভক্তি, মতভেদের কথা মিডিয়ায় ব্যাপক প্রচার পেয়েছে। এমনকি প্রেস সেক্রেটারির দায়িত্ব থেকে অপসারিত স্কারামুচ্চি পর্যন্ত বলেছেন, হোয়াইট হাউজের ভিতরে ষড়যন্ত্র হচ্ছে। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে সরিয়ে দেয়ার চক্রান্ত হচ্ছে। বিভিন্ন কারণে, এ পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রশাসনের শীর্ষ স্থানীয় পদের অধিকারীদের বরখাস্ত করেছেন। সর্বশেষ বরখাস্ত করলেন তার চিফ অব স্ট্রাটেজিস্ট স্টিভ ব্যাননকে। এর আগে হোয়াইট হাউজ থেকে তিনি গুডবাই জানান কমিউনিকেশন্স ডাইরেক্টর অ্যান্থনি স্কারামুচ্চি, চিফ অব স্টাফ রায়ান্স প্রিবাস, প্রেস সেক্রেটারি শন স্পাইসার, কমিউনিকেশন ডাইরেক্টর মাইক ডুবকে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন সহ বেশ কিছু কর্মকর্তাকে। এসব নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক চরমে। টেলিভিশন চ্যানেলগুলো খুললে বোঝা যায় প্রশাসনে কি এক অস্থিরতা বিরাজ করছে। এরই প্রেক্ষিতে অনলাইন সিএনএন বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্প তার ক্ষমতার শেষ দিকের এই সপ্তাহটি সবচেয়ে বাজেভাবে কাটিয়েছেন। এমনকি ট্রাম্পের ‘আর্ট অব দ্য ডিল’ বইয়ের সহ লেখক টনি শওয়ার্টজ ট্রাম্প প্রেসিডেন্সি নিয়ে বিস্ময়কর মন্তব্য করেছেন। ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে এক বছর অতিবাহিত করতে পারবেন কিনা সে বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন তিনি। তিনি আরো পূর্বাভাস দিয়েছেন। বলেছেন, কমান্ডার অব চিফের ভূমিকা থেকে শিগগিরই পদত্যাগ করবেন প্রেসিডেন্ট ট্রাম্প। যদি তিনি প্রেসিডেন্ট হিসেবে এক বছরের বেশি ক্ষমতায় টিকে থাকেন তাহলে তাতে বিস্মিত হবেন টনি শওয়ার্টজ। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন, ডেইলি মেইল ও বিবিসি। এতে বলা হয়, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার চিফ স্ট্রাটেজিস্ট ও প্রভাবশালী স্টিভ বেননকে বরখাস্ত করেছেন শুক্রবার। এ খবরে তোলপাড় হয় মার্কিন মুলুকে। টেলিভিশন চ্যানেলগুলো ব্রেকিং রিপোর্ট হিসেবে প্রচার করতে থাকে এ রিপোর্ট। এরই মধ্যে স্টিভ বেননকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সারাহ হাকাবি স্যান্ডার্স। উল্লেখ্য, হোয়াইট হাউজের চিফ অব স্টাফ জন কেলির তার অবস্থান পর্যালোচনার পর বিদায় নিতে হলো স্টিভ বেননকে। ট্রাম্প প্রশাসনে তিনি ছিলেন গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। কারণ, প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় ট্রাম্প যে ‘আমেরিকা ফার্স্ট’ নীতি গ্রহণ করেছিলেন তা রূপায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন স্টিভ বেনন। এখন হোয়াইট হাউজ ছাড়লেও তিনি প্রশাসনের প্রতি অনুগত থাকার কথা বলেছেন। বলেছেন, তার ব্রেইতবার্ত ডট কমের প্রধানের পদে ফিরে যাবেন। ৬৩ বছর বয়সী স্টিভ বেনন এই ওয়েবসাইটের নির্বাহী চেয়ারম্যান। জাতিবিরোধী বক্তব্য দেয়া ও শ্বেতাঙ্গ উগ্রপন্থা দৃষ্টিভঙ্গি পোষণ করেন বলে তার বিরুদ্ধে ব্যাপক অভিযোগ আছে। ওদিকে ট্রাম্প টিম থেকে বিদায় নেয়ার কথা জানিয়েছেন আরেক বিলিয়নিয়ার বিনিয়োগকারী কার্ল ইকাহন। তিনি ঘোষণা দিয়েছেন, প্রেসিডেন্টের রেজুলেটরি সংস্কার বিষয়ক স্পেশাল উপদেষ্টার পদ থেকে বিদায় নিচ্ছেন তিনি। তার গৃহীত নীতিতে নিজের ব্যবসা সুবিধা পাবে এমন সমালোচনার পর এমন সিদ্ধান্ত নিয়েছেন কার্ল ইকাহন। রিপোর্টে বলা হয়েছে, ওয়েস্ট উইংয়ে ট্রাম্প পরিবারের সদস্য সহ অন্যদের সঙ্গে বিরোধ চলছিল স্টিভ বেননের। এর বাইরে তিনি উত্তর কোরিয়া ইস্যুতে ট্রাম্পের মতের বিরুদ্ধে যাচ্ছিলেন বলেও অভিযোগ আছে। এখন ঘটনা যা-ই হোক প্রেসিডেন্ট ট্রাম্প তার ৩০ সপ্তাহের সময়কালে যেসব সিদ্ধান্ত নিয়েছেন তার বেশির ভাগই সমালোচিত হয়েছে, আদালতে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। তিনি শুরুতেই যুক্তরাষ্ট্রে মুসলিম প্রধান ৭টি পরে ৬টি দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেন। তা আদালতে চ্যালেঞ্জের মুখে পড়ে। আদালত স্থগিত করে ওই নির্দেশ। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ নিয়ে অনেক কথা বলেছেন, যার বিরোধিতা করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র থেকে তিনি মুসলিমদের বের করে দেয়ার কথা বলেছেন। উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের দা-কুমড়ো সম্পর্ক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া কানেকশন নিয়ে বেশ বড় ধরনের সমস্যার মুখোমুখি তিনি, ছেলে ডনাল্ড ট্রাম্প জুনিয়র, জামাই জারেড কুশনার। এ ইস্যুতে চাকরি খেয়েছেন এফবিআইয়ের সাবেক পরিচালক জেমস কমির। সব কিছু মিলে এক কঠিন অবস্থায় রয়েছেন তিনি।

১৯ আগস্ট ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি