
পূর্বাশা ডেস্ক:
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টায় জড়িত স্বাধীনতাবিরোধী ও মৌলবাদী গোষ্ঠী এখনো থেমে নেই। ষড়যন্ত্র ও চক্রান্তকারীরা নানাভাবে রয়েছে সক্রিয়। আর তাদের প্রধান টার্গেট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইনশৃঙ্খলা বাহিনীর নথি অনুযায়ী, ১৯৮১ সালে শেখ হাসিনা দেশে ফিরে আসার পর থেকে ২০বার তাকে হত্যার চেষ্টা করা হয়। কিন্তু প্রতিবারই চক্রান্তকারীরা ব্যর্থ হয়েছে। সর্বশেষ গত ১৫ আগস্টে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়। এ জন্য ধানমণ্ডি ৩২ নম্বর থেকে মাত্র দুইশ’ গজ দূরে একটি আবাসিক হোটেলে অবস্থান নিয়েছিল আত্মঘাতী এক জঙ্গি। যাকে পরাস্ত করতে সক্ষম হয়েছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য মোতাবেক, ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা এবং পরবর্তী সময়ে জাতীয় চার নেতাকে হত্যার মাধ্যমে উগ্রপন্থার চর্চা শুরু হতে থাকে। তখন থেকেই উগ্রপন্থিরা ধারাবাহিক টার্গেট করে শেখ হাসিনাকে। এমনকি শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কেও হত্যার ষড়যন্ত্র করা হয়। বরাবরই ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হলেও তারা সক্রিয় থাকে হত্যাচেষ্টায়। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দারা তৎপর থাকায় স্বাধীনতাবিরোধী রাজাকার এবং মৌলবাদী গোষ্ঠীর সেই চেষ্টা একের পর এক ভেস্তে যায়।
গোয়েন্দারা বলছেন, ৭৫ সালে জাতির জনককে হত্যায় জড়িত গোষ্ঠী রাজনীতির মাঠে সামনে-পেছনে সক্রিয় রয়েছে। বর্তমানে দেশের ভেতরে এ চক্র নানাভাবে সংকট তৈরির চেষ্টাও করছে। রাজনীতির মাঠে চক্রান্তকারীরা একধরনের পোশাক বদল করে চলেছেন। তারা সুযোগ পেলেই টার্গেট করেন শেখ হাসিনাকে। ষড়যন্ত্রকারী শক্তি শেখ হাসিনা সরকারের পতনের জন্যও নানাভাবে চেষ্টা চালায়। এরা দেশে একের পর এক জঙ্গি হামলা করে সরকার পতন ত্বরান্বিত করার ব্যর্থ চেষ্টা করে। কিন্তু তাদের চেষ্টা গুঁড়িয়ে দিতে সক্ষম হন গোয়েন্দারা।
আইনশৃঙ্খলা বাহিনীর এক পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত শেখ হাসিনাকে ২০বার হত্যার চেষ্টা চালিয়েছে ষড়যন্ত্রকারীরা। ১৯৮৭ সালে ১০ নভেম্বর সচিবালয়ের সামনে, পরের বছর ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি চট্টগ্রাম বিমানবন্দর থেকে মিছিল নিয়ে জনসভাস্থলে যাওয়ার পথে সেই মিছিলে হামলা ও শেখ হাসিনার গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। একই সালের ১৫ আগস্ট ফ্রিডম পাটির অস্ত্রধারীরা ধানমণ্ডির ৩২ নম্বরের বাসভবনে গ্রেনেড ও গুলি ও নিক্ষেপ করে। ১৯৯১ সালের ১১ সেপ্টেম্বর জাতীয় সংসদের উপনির্বাচনকালীন গ্রীনরোডে ভোটকেন্দ্র পরিদর্শনে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি নিক্ষেপ করা হয়। ১৯৯৪ সালে ঈশ্বরদী রেলস্টেশনে তাকে বহনকারী ট্রেনের কামরা লক্ষ্য করে গুলি চালালে সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। ১৯৯৫ সালের মার্চ পান্থপথে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় বোমা হামলা ও ১৯৯৬ সালে কার্জন হল থেকে অস্ত্রধারীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ওই বছর মার্চ মাসে একটি অনুষ্ঠান থেকে বের হওয়ার সময় তাকে টার্গেট করা হয়েছিল।
এ ছাড়া ২০০০ সালের ২০ জুলাই গোপালগঞ্জের কোটালীপাড়ায় জনসভাস্থলের কাছে ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে রাখা হয়েছিল। এই বোমা উদ্ধার করেন গোয়েন্দারা। ২০০১ সালের ২৯ মে খুলনায় রূপসা সেতুর কাজ উদ্বোধন করতে যাওয়ার কথা ছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কিন্তু ঘাতকচক্র সেখানে বোমা পুঁতে রাখে, যা গোয়েন্দারা উদ্ধার করতে সক্ষম হন। ২০০৩ সালের ৩০ আগস্ট সাতক্ষীরার কলারোয়ায় ও ২০০৪ সালের ২ এপ্রিল বরিশালের গৌরনদীতে শেখ হাসিনার গাড়িবহরে হামলা ও গুলি চালায় বিএনপি এবং জামায়াতচক্র। ২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলা করা হয় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশস্থলে। উল্লিখিত ঘটনাগুলোতে অসংখ্য প্রাণহানি হয়। আর প্রতিটি ঘটনায় কোনো না কোনোভাবে বেঁচে যান শেখ হাসিনা। হামলাগুলোর নেপথ্যের শক্তি স্বাধীনতাবিরোধী চক্র। এসব হামলা একই সূত্রে গাঁথা বলেও মনে করেন গোয়েন্দারা।
এ প্রসঙ্গে জানতে চাইলে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান ও ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, স্বাধীনতাবিরোধী ও মৌলবাদী গোষ্ঠীর টার্গেট প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ চক্র সরকারের ভালো চায় না। দেশে উন্নয়ন হোক চায় না। তারাই বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রীকে বারবার টার্গেট করেছে। তারা যতবারই চেষ্টা করেছে, ততবারই ব্যর্থ হয়েছে। মনিরুল ইসলাম বলেন, এরা কখনোই থেমে থাকে না। হামলার জন্য কৌশল পাল্টায় ও নতুন লোকবল নিয়োগ করে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী প্রতিবারই তাদের পরাস্ত করকে সক্ষম হয়।
বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আবদুর রশীদ বলেন, প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টায় স্বাধীনতাবিরোধী চক্র এখনো সক্রিয় রয়েছে। এই গোষ্ঠীর ভ্রান্ত ধারণা যে, শেখ হাসিনাকে হত্যা করতে পারলে তারা ক্ষমতায় বসবে। সরকারের পতন ঘটানো সম্ভব হবে। জেনারেল রশীদ বলেন, ’৭৫-এর সেই শক্তিই শেখ হাসিনাকে বারবার টার্গেট করেছে। কিন্তু আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা তৎপরতা এবং সতর্কতার কারণে ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হয়েছে।
২০১৭/মাহি























































