শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রান্না নিয়ে ঝগড়া, প্রেমিককে হত্যা করেছেন প্রেমিকা


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:
তারা প্রেমিক, প্রেমিকা। মাঝে মাঝেই একের বাসায় অন্যের যাতায়াত ছিল। শনিবার রাতের খাবার কে রান্না করবে তা নিয়ে ধুন্ধুমার ঝগড়া তাদের। এরই এক পর্যায়ে উত্তেজিত প্রেমিকা ছুরিকাঘাত করে হত্যা করেছে প্রেমিককে। এ ঘটনা ঘটেছে ভারতের রাজধানী দিল্লির দক্ষিণ-পশ্চিমে উত্তম নগরে। এ ঘটনায় নিহত প্রেমিক ৩০ বছর বয়সী নাইজেরিয়ার নাগরিক ইজু। তার প্রেমিকা ২৮ বছর বয়সী এলভি উজুম্মা। ইজুর শরীরে অনেকগুলো ছুরিকাঘাতের ক্ষত পেয়েছে পুলিশ। এতে তার মৃত্যু ঘটে। তাকে হত্যার অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে এলভি উজুম্মাকে। পুলিশকে তিনি বলেছেন, শনিবার বিকালে ইজুকে নিজের বাসায় ডেকে নেন উজুম্মা। ইজু সেখানে যাওয়ার পর পরই তাদের মধ্যে তীব্র বাকবিত-া হয়। প্রতিবেশীরা পরিস্থিতিতে হস্তক্ষেপ করলে তা শান্ত হয়। তারা চলে যাওয়ার পর আবার শুরু হয়। উজুম্মা পুলিশকে বলেছেন, কে রাতের খাবার রান্না করবে তা নিয়েই তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এরই এক পর্যায়ে তাকে প্রথম আঘাত করে ইজু। এ সময় তাকে সরিয়ে দিতে উজুম্মা রান্নাঘরে থাকা ছুরি হাতে নেন। ইজুকে সতর্ক করেন যেন, তিনি তাকে স্পর্শ না করেন। আবারও তার ওপর হামলা চালানোর চেষ্টা করে ইজু। তখন উজুম্মা একের পর এক কোপাতে থাকে ইজুকে। উজুম্মা আরো বলেছেন, এক পর্যায়ে আমি আরেক রুমে গিয়ে দরজা বন্ধ করে বসে থাকি। প্রায় আধা ঘন্টা পরে ইজুর অবস্থা কি তা দেখতে যাই। তখন তার দেহ থেকে ভীষণভাবে রক্তপাত হচ্ছিল। এটা দেখে আমি ভীষণ ভয় পেয়ে যাই এবং বন্ধুদের ডাকি। সবাই মিলে তাকে নিয়ে যাই হাসপাতালে। কিন্তু সেখানে পৌঁছার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ বলেছে, উজুম্মা যখন জানতে পারে ইজু মারা গেছেন তখন তিনি বাসায় ফিরে একটি রুমে নিজেকে আবদ্ধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করে এবং তার বাসায় গিয়ে হাজির হয়। তারা বাসার দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে গ্রেপ্তার করে তাকে। ওই বাসার তত্ত্বাবধায়ক বিজয় বলেছেন, ওই বাসায় তিন মাস ধরে থাকেন উজুম্মা। মাঝে মাঝেই তার সঙ্গে সাক্ষাত করতে যেতেন তার বয়ফ্রেন্ড ইজু। তবে তাদের বিরুদ্ধে কখনো কোনো অভিযোগ ছিল না।

২১ আগস্ট ২০১৭/Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি