
পূর্বাশা ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১১ বছরের ছেলে ব্যারন ট্রাম্পের পোশাক নিয়ে কটুক্তি করায় দেশটির সংবাদমাধ্যম দ্য ডেইলি কলারের নিন্দা জানিয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটনের কন্যা চেলসি ক্লিনটন।
রোববার অবকাশ যাপন শেষে নিউ জার্সি থেকে ওয়াশিংটনে বাবা-মায়ের সঙ্গে বিমান থেকে নামার সময় ব্যারনকে বাদামি রঙের শর্টস আর লাল টি-শার্টে দেখা যায়। ব্যারনের এই পোশাকের সমালোচনা করে ডেইলি কলারের লেখক ফোর্ড ফিঙ্গার এক প্রতিবেদনে বলেন, ছোট্ট ব্যারনের প্রেসিডেন্টের ছেলে হিসেবে কোন দায়িত্ব পালন করতে হয় না। কিন্তু পোশাক-পরিচ্ছদের বিষয়ে তার সচেতন থাকা উচিত। ব্যারনের প্রকাশ্যে আসার সময় সঠিক পোশাক নির্বাচন করা উচিত ছিল।
এর প্রতিবাদ করে চেলসি টুইট বার্তায় বলেন, ব্যারন ট্রাম্প একটি বাচ্চা ছেলে। গণমাধ্যমসহ অন্য সবাইকে তার নিজের মত করে সময় কাটাতে দেয়া উচিত। দয়া করে তার পিছু ছাড়–ন। ওকে ওর মতো বড় হতে দিন। ব্যারনকে নিয়ে সমালোচনার জবাব দেয়ায় চেলসিকে ধন্যবাদ জানান ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। টুইট বার্তায় তিনি বলেন, ‘ধন্যবাদ চেলসি ক্লিনটন। আমাদের শিশুদের নিজের মত করে বেড়ে উঠতে দিতে তাদের সমর্থন দেয়া অনেক গুরুত্বপূর্ণ। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীসহ আরও অনেকে চেলসি ও মেলানিয়াকে সমর্থন করেন।
এছাড়া মেলানিয়া ট্রাম্পের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, আমরা গণমাধ্যমের প্রতি ব্যারনের ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ না করার আহ্বান জানাচ্ছি। শিশু হিসেবে তার নিজের মত করে শৈশব কাটানোর অধিকার আছে’ ।
উল্লেখ্য এর আগে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর ব্যারনকে নিয়ে গণমাধ্যমের নানা সংবাদের প্রেক্ষিতে চেলসি বলেছিলেন, প্রত্যেক শিশু তার নিজের মত করে বেড়ে ওঠার সুযোগ পায়। ব্যারনেরও তা পাওয়া উচিত। চেলসির এই টুইটের পর ব্যারনকে নিয়ে সমালোচনা ও কৌতুক করায় ‘সাটারডে নাইট লাইভ’ এর একজন উপস্থাপক চাকরি হারান।
২০১৭/রুমকী
























































