রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বন্যাদুর্গতদের জন্য ১০ টি উদ্যোগ গ্রহণ করুন, সরকারকে বিএনপি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বন্যাদুর্গত মানুষদের জন্য ১০ টি উদ্যোগ গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। এই ১০ টি উদ্যোগগুলো হলো, নিরপেক্ষভাবে তালিকা প্রণয়ন করে আমি সমন্বিত উদ্যোগের মাধ্যমে কৃষি পূনর্বাসন করতে হবে, কৃষকদের বিনা সুদে ঋণ প্রদান, গৃহহারা মানুষদের অতিদ্রুত গৃহ নির্মাণের ব্যবস্থা, মানুষ ও গো-খাদ্যের ব্যবস্থা নিশ্চিতকরণ, দ্রুততম সময়ের মধ্যে কৃষকদের ধানের চারা বিনামূল্যে বিতরণ, গবাদী পশু কেনার জন্য আর্থিক অনুদান প্রদান, ভিজিএফ কার্ড চালু করে প্রকৃত বানভাসীদের মধ্যে খাদ্য সরবরাহ, ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট সংস্কার, ক্ষতিগ্রস্থ শিক্ষা প্রতিষ্ঠানগুলো মেরামত করে শিক্ষার পরিবেশ তৈরী, বিশুদ্ধ পানির জন্য পর্যাপ্ত সংখ্যক নলকুপ স্থাপনসহ জরুরী ভিত্তিতে স্বাস্থ্য সেবা নিশ্চিত করে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধের ব্যবস্থা করতে হবে।

রোববার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দরটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান এই আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ আল নোমান বলেন, বর্তমানে দেশের বিভিন্ন এলাকায় গিয়ে বিএনপির জাতীয় ত্রাণ ও পূনর্বাসন কমিটির সদস্যরা লক্ষ্য করেছে যে, দুর্গত এলাকাগুলোতে সরকারী কোন ত্রাণ তৎপরতা নেই। বানভাসী মানুষরা বিএনপির টিমকে অভিযোগ করেছে, সরকারীভাবে বরাদ্দকৃত সামান্য ত্রাণটুকুও আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা ভাগ বাটোয়ারা করছে। বিএনপির ত্রাণ কার্যক্রমে আইন শৃঙ্খলা বাহিনী ও সরকারী দলীয় লোকেরা বাধার সৃষ্টি করছে- বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী দেরীতে হলেও ত্রাণ দিতে গিয়ে নৌকায় ভোট চেয়েছেন। মানুষ বন্যায় ভাসছে, ত্রাণ পাচ্ছে না। অথচ প্রধানমন্ত্রী নৌকায় ভোট চাইতে ব্যস্ত। এটা জাতির জন্য দু:খজনক- বলেন নোমান।
বিএনপির এই নেতা জানান, বিএনপি ইতোমধ্যেই দেশনেত্রী খালেদা জিয়ার নির্দেশে বন্যাকবলিত এলাকার প্রকৃত বানভাসীদের বিধ্বস্ত কাঁচা ঘরবাড়ী নির্মাণ ও ধান বীজ ক্রয়ে সীমিত সাধ্য দিয়ে আর্থিক অনুদান দেয়ার প্রকল্প হাতে নিয়েছে। বিএনপি বর্তমানে সরকারে নেই। কিন্তু জনগণের দল হিসেবে বিএনপি সবসময় সুখে দু:খে জনগণের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে। বর্তমানে বন্যাদূর্গত এলাকায় বিএনপির নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় যথাসাধ্য ত্রাণ ও পূনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আগামীকাল থেকেই বন্যাদুর্গত এলাকাগুলোতে তালিকা করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের মাঝে বিএনপির জাতীয় ত্রাণ ও পূনর্বাসন কমিটির পক্ষ থেকে এই আর্থিক অনুদান কিংবা ঘরবাড়ী নির্মাণের ম্যাটেরিয়ালস ও কৃষকদেরকে ধান বীজ ক্রয় বাবদ অর্থ প্রদানের কাজ শুরু হবে- বলেও জানান নোমান।

আগস্ট ২৭, ২০১৭/ রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি