
পূর্বাশা ডেস্ক:
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে ধমক দিতেই তার বাসায় দেখা করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী বলে মনে করছে বিএনপি।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেন। আয়োজক সংগঠনের সভাপতি ফরিদা মনি শহিদুল্লাহ’র সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রুহুল কবির রিজভী বলেন, গওহর রিজভীকে আমরা ভালোভাবে চিনিও না। তার বাড়ি উত্তর প্রদেশে। তিনি ভাল করে বাংলা বলতেও এবং লিখতে পারেন না। তাকে প্রধান বিচারপতিকে ধমক দেয়ার জন্য পাঠিয়ে ছিলেন প্রধানমন্ত্রী। সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য তিনি যাননি- বলেন তিনি।
নিম্ন আদালত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিয়ন্ত্রিত মন্তব্য করে বিএনপির এই মুখপাত্র বলেন, আওয়ামী লীগ স্বার্থের বাইরে কিছু হলে সেটা তারা মানতে চায় না। মনে হচ্ছে প্রধান বিচারপতির সাথে আওয়ামী লীগের মল্লযুদ্ধ চলছে। একদিকে নেগোশিয়েশন অন্যদিকে ঘায়েল করার চেষ্টা চলছে। আগে পাঠানো হলো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে। এরপর গওহর রিজভীকে।
‘বিচার বিভাগকে আক্রমণ করে আওয়ামী দুঃশাসনকে দীর্ঘায়িত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন’ উপলক্ষে এ অনুষ্ঠানে তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা বাংলাদেশ সরকার কূটনৈতিকভাবে সমাধান করতে পারেনি। বরং রোহিঙ্গাদেরকে বাধা দেয়া হচ্ছে। রোহিঙ্গারা যখন পালিয়ে আসছে তখন বাংলাদেশের বিজিব বাধা দিচ্ছে।
বর্তমান শেখ হাসিনা সরকার রোহিঙ্গাদের আশ্রয় দিতে চায় না মন্তব্য করে তিনি বলেন, তিনি বিশ্বকে বলতে চান যে তিনি একজন মুসলিম বিরোধী। এই কারণে রোহিঙ্গাদের ব্যাপারে সরকার নিশ্চুপ এবং নির্বিকার। তারা একটি সহনশীল জাতি রোহিঙ্গাদের মৃত্যু এবং তাদের আর্তনাদ দেখছে।
২০১৭/রুমকী

























































