শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রাস্তা সংস্কারে মন্ত্রীর নির্দেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ঈদে বাড়ি ফেরা শুরু হয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মহাসড়ক চলাচলের উপযোগী করার নির্দেশ দিয়েছেন। আলোকিত বাংলাদেশের প্রতিবেদন থেকে জানা যায়, ঢাকা থেকে বের হওয়ার প্রায় প্রত্যেকটি পথে যানজট রয়েছে। এছাড়া দেশের ছয়টি মহাসড়কের ৫৩৭ কিলোমিটার রাস্তার বেহাল দশার খবর গণমাধ্যমে এসেছে এরই মধ্যে। স্বাভাবিকভাবেই ঈদযাত্রা নিয়ে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে।
লক্ষ করলে দেখা যায়, মন্ত্রী নানাভাবেই চেষ্টা করে যাচ্ছেন সংকট সমাধানে। তিনি বিভিন্ন মহাসড়কে যাচ্ছেন, কাজের তদারকিও করছেন। প্রতি বছরই ঈদের সময় বাড়ি ফেরা মানুষের বাড়তি চাপ থাকে। বিষয়টি হুট করে তৈরি হওয়া কোনো সমস্যা নয়; কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো, অধিকাংশ সময়ই পরিস্থিতি প্রকট আকার ধারণ করে। এবার সে শঙ্কা আরও বেশি বলেই প্রতীয়মান হচ্ছে। কারণ চলমান বন্যা পরিস্থিতি ও অতিবৃষ্টি এবার অধিকাংশ মহাসড়কের বেহাল দশার প্রধান কারণ। তবে সড়কের উন্নয়ন কাজে যে গাফিলতি আছে, তা-ও বলা যায়। গেল ঈদুল ফিতরের সময়ই মহাসড়কগুলো সংস্কার করা হয়েছে। এত অল্প সময়ের মধ্যে সড়কগুলো আবার খানাখন্দে ভরে গেলে সে কাজ নিয়ে প্রশ্ন উঠতেই পারে।
বর্ষা মৌসুম এলেই দেশের মহাসড়কগুলোর বেহাল দশার সৃষ্টি হয়। এটা নতুন নয়। প্রশ্ন হলো সড়কগুলো অতিবৃষ্টি মাথায় রেখে কেন সংস্কার করা হয় না? আমরা একটু লক্ষ করলে দেখব, জলবায়ু পরিবর্তনের কারণে ইদানীং বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে। আবহাওয়ার এ পরিবর্তন মাথায় রেখেই আমাদের মহাসড়কের উন্নয়ন কাজগুলো করতে হবে।
এটা স্বাভাবিক যে, ঈদের সময় যানবাহনের অতিরিক্ত চাপে যাত্রীদের খানিকটা বাড়তি সময় লাগবে; কিন্তু ওই বাড়তি সময় নিয়মিত সময়ের ১০ থেকে ১২ ঘণ্টা বেশি হওয়া মোটেও গ্রহণযোগ্য নয়। রাস্তা সংস্কারের কাজটি নিয়মিত করা হলে ঈদে মানুষের বাড়তি ভোগান্তি হয় না। সেতুমন্ত্রী সড়ক সংস্কারের জন্য আন্তরিক চেষ্টা করছেন। ঈদযাত্রা স্বস্তিদায়ক করার এ উদ্যোগের প্রশংসা করি আমরা। এখন প্রয়োজন সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তা ও মাঠকর্মীদের আন্তরিকতা। আমরা আশা করি, মন্ত্রীর নির্দেশের প্রেক্ষাপটে ঈদে ঘরমুখো যাত্রীদের মাঝে যে প্রত্যাশা জেগেছে, তা পূরণ হবে।

পূর্বাশানিউজ/৩০আগষ্ট ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি