
পূর্বাশা ডেস্ক:
প্রবল বর্ষণে বিপর্যস্ত ভারতের মুম্বই। জনজীবন কার্যত স্তব্ধ হয়ে পড়েছে। গতকাল শহরের বিভিন্ন প্রান্তে নয় ঘন্টায় ৩০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। স্বাভাবিকের থেকে যা ৯ গুণ বেশি।
বুধবারও মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে স্বস্তির খবর, রাতে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে। লোকজনকে বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। আজ বন্ধ থাকছে স্কুল ও কলেজ। ভারী বর্ষণে এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
২০০৫-র পর এত বেশি বৃষ্টি মুম্বইতে আর হয়নি। ওই বছরই শহরের জনজীবন স্তব্ধ হয়ে পড়েছিল। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়ণবীশ জরুরি প্রয়োজন না থাকলে বাড়িতে থাকার জন্য লোকজনের কাছে আর্জি জানিয়েছেন। একইসঙ্গে অত্যাবশ্যক পরিষেবার আশ্বাসও দিয়েছেন তিনি।
মাঝরাতেই পশ্চিম রেলওয়ের শহরতলির রেল পরিষেবা ফের শুরু হয়েছে। মধ্য রেলে অবশ্য পরিস্থিতি এখনও বেহাল। ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাসে আটকে রয়েছেন অনেক যাত্রী।
শহরতলির ট্রেন পরিষেবা মুম্বইয়ের লাইফ লাইন হিসেবে পরিচিত। প্রায় ৬৫ লক্ষ যাত্রী প্রতিদিন যাতায়াত করেন। বৃষ্টির কারণে এই ট্রেন পরিষেবা বেহাল হয়ে পড়ায় গতকাল নিত্যযাত্রীরা ব্যাপক দুর্ভোগের মুখে পড়েন। তবে এখন ইস্টার্ন ও ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়েতে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।
মুম্বই ও সংলগ্ন এলাকাগুলিতে ভারী বর্ষণের পরিপ্রেক্ষিতে নৌ বাহিনীর হেলিকপ্টার তৈরি রাখা হয়েছে। উদ্ধারকারী দল ও ডুবুরিদেরও তৈরি রাখা হয়েছে বলে নৌ বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, মুম্বইতে দুই শিশু সহ তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়াও থানেতে ৩২ বছরের এক মহিলা ও এক কিশোরীর মৃত্যু হয়েছে।
ভারী বর্ষণে বেহাল দশার মধ্যেই বিপন্নদের সাহায্যে এগিয়ে এসেছেন মুম্বইবাসী। বৃষ্টিতে আটকে পড়াদের আশ্রয় দিয়েছেন, দিয়েছেন খাবারও।
২০১৭/মাহি
























































