শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বাংলাদেশ, ভারত ও নেপালের ৪১ মিলিয়ন মানুষ হুমকির মুখে


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

দক্ষিণ এশিয়ার ৩টি দেশ বাংলাদেশ, ভারত ও নেপালের ৪১ মিলিয়ন মানুষ এখনো বন্যার ঝুঁকিতে রয়েছে এবং প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা করছেন আবহাওয়াবিশেষজ্ঞরা। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে ইতিমধ্যে এ ৩টি দেশে বন্যায় ১ হাজার মানুষ মারা গেছে। কিন্তু বন্যা দুর্গতদের উদ্ধার ও ত্রাণ কাজে নিয়োজিত বিভিন্ন সূত্র আশঙ্কা করছে মৃতের সংখ্যা ১২’শ ছাড়িয়ে যাতে পারে। এ ৩টি দেশে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এধরনের বৃষ্টিপাত হওয়ার প্রবল আশংকা রয়েছে এ মৌসুমেও।

নেপালে বন্যা ও বৃষ্টিতে হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস হয়েছে। শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। বন্যার পর বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে দেশটিতে। ভারতে প্রবল বৃষ্টিপাত দুর্যোগ বয়ে এনেছে। আসাম, বিহার, উড়িষ্যা ও পশ্চিম বাংলায় সড়ক ও জনপদ পানিতে তলিয়ে গিয়েছে। স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। দেওয়াল ধসে মুম্বাইতে মানুষের মৃত্যু ঘটছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাচ্ছে মানুষ। স্থানীয় সরকারের এক কর্মকর্তা তানাজি ক্যাম্বেল জানান, দুর্যোগে এসব মানুষ মারা যাচ্ছে। আমরা চেষ্টা করছি জীবন যাত্রা স্বাভাবিক রাখতে। ভারতের পূর্বাঞ্চল বিহারে ইতিমধ্যে ৫’শ মানুষ মারা গেছে। দেশটির প্রধানমন্ত্রী বিহার সফর করে বন্যার্তদের সাহায্যের আশ্বাস দিয়েছে।

বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের অনেক মানুষ। আন্তর্জাতিক রেডক্রস বলছে, অন্তত ৮০ লাখ মানুষ বন্যায় বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরবাড়ি, সড়ক, ফসলের মাঠ তলিয়ে গেছে। নদী ভাঙ্গনে মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। অন্তত ৭ লাখ ঘরবাড়ি বিনষ্ট হয়েছে ও ১৪০ জন মারা গেছে। বাংলাদেশের রেডক্রিসেন্টের এক মুখপাত্র জানান অব্যাহত বৃষ্টি ও বন্যায় অনেকেই হতাশ।

বাংলাদেশের ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির ইনচার্জ ম্যাথিউ মারেক বলেছেন, বাংলাদেশের বন্যার্তদের এখন ত্রাণ দরকার। খাবার ও বিশুদ্ধ পানি ছাড়াও অন্যান্য সহায়তা প্রয়োজন। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে রেড ক্রস বাংলাদেশে বন্যার্তদের সাহায্যের জন্যে ৪ দশমিক ৯ মিলিয়ন ডলার সহায়তা চেয়েছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের হিউস্টন, টেক্সাসে ঘূর্ণিঝড় ‘হার্ভে’র আঘাতে সৃষ্ট বন্যায় হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছাড়া হয়েছে। তারপরও দক্ষিণ এশিয়ায় বন্যায় দুর্গতদের জন্যে যে নিদারুণ চাহিদা সৃষ্টি হয়েছে তা উপেক্ষা করা হবে না আমরা এমনটাই আশা করছি।

পূর্বাশানিউজ/৩১আগষ্ট ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি