সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ট্রেন থেকে এমপি পড়ে যাওয়ায় স্টেশন মাস্টার বরখাস্ত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য তানভীর ইমাম ট্রেন থেকে নামতে গিয়ে আহতের ঘটনায় উল্লাপাড়া স্টেশনের মাস্টার শামছুল আলমকে সাময়িক বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ।

বুধবার (৬ সেপ্টেম্বর) রাতে দায়িত্বে অবহেলার অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

পশ্চিমাঞ্চল রেল বিভাগের ব্যবস্থাপক (ডিআরএম) অসীম কুমার তালুকদার জানান, আন্তঃনগর ট্রেনে যাত্রী ওঠানামার সময় তিন মিনিট হলেও এমপি তানভীর ইমামের জন্য সাড়ে চার মিনিট সময় দেওয়া হয়। এরপর সহকারী স্টেশন মাস্টার আব্দুল বাতেন ক্লিয়ারেন্স দিলে এমপি সাহেব নামতে গিয়ে পা পিছলে পড়ে সামান্য আহত হন। বাতেন নির্দোষ ছিলেন।তবু তাকে অহেতুক মারধর করেছে এমপির লোকজন।

তিনি আরও জানান, সংসদ সদস্য তানভীর ইমাম স্ত্রীকে তুলে দিয়ে ট্রেন থেকে নেমে যাবেন, সহকারী স্টেশন মাস্টার আব্দুল বাতেন তা জানতেন না। শামছুল আলমের দায়িত্বে কিছুটা অবহেলা প্রতীয়মান হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় দুই সদস্যের কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। তাদের রোববারের (১০ সেপ্টেম্বর) মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

স্থানীয় সাংসদ বলেন, ‘স্টেশন মাস্টারদের ভুলে এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। সাধারণত এ স্টেশনে পাঁচ মিনিট দেরি করে ট্রেন। কিন্তু মাত্র চার মিনিট পর ট্রেনটি ছেড়ে দেয়। আর আমি নামতে গিয়ে পড়ে যাই।’

৭ সেপ্টেম্বর ২০১৭/ রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি