সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘নতুন কারবালা তৈরি হয়েছে নাফ নদীর তীরে’


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ক্রমাগত হামলা-নির্যাতনের মুখে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গা প্রসঙ্গে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘কারবালায় যেমন পানি জোটেনি, সেই নতুন কারবালা তৈরি হয়েছে নাফ নদীর তীরে।’

তিনি বলেন, ‘ঈদের দিনে রোহিঙ্গা শিশুরা এক টুকরো মাংসের জন্য কেঁদে ছিল, তার মা এক ফোঁটা পানিও দিতে পারেননি, মাংস তো দূরে থাক। কারবালায় যেমন পানি জোটেনি, সেই নতুন কারবালা তৈরি হয়েছে নাফ নদীর তীরে। রোহিঙ্গারা পানিহীন, বস্ত্রহীন, চিকিৎসাহীন। আমরা এই অন্যায়ের তীব্র নিন্দা জানাচ্ছি।’

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত রোহিঙ্গা হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

রোহিঙ্গা পরিস্থিতি সামাল দিতে সরকার কোনো কার্যকর উদ্যোগ নিতে পারছে না বলে মন্তব্য করে রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী বলছেন, তিনি আন্তর্জাতিক চাপ সৃষ্টির জন্য চেষ্টা করছেন কিন্তু কার্যকর কোনো উদ্যোগ নেই। বার্মারাজ চাচ্ছে, চলে যাও নইলে হত্যার শিকার হও। ওরা মরুক, ওরা পঁচুক, নাফ নদীর পানিতে ভেসে যাক, কারো কোনো দায়দায়িত্ব নেই।’

মানববন্ধনে তিনি অভিযোগ করে বলেন, ‘প্রধানমন্ত্রী চাচ্ছেন, কূটনৈতিক সমাধান। কিন্তু কতদিন বছরের পর বছর উদ্ধাস্তু হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে আসছে। আগে ৪ লাখের মতো এসেছে। ভারতে ৪০ হাজারের মতো, মোদি সরকার ঘোষণা দেন তাদেরও তাড়িয়ে দেবেন।’

বিএনপির নেতা বলেন, ‘এই যে উদ্বেগ-উৎকণ্ঠা এটা তো শুধু আজকের বিষয় নয়, দশকের পর দশক এই অত্যাচার হয়েছে। শুধু দশকের পর দশক বলব না, শতাব্দীর পর শতাব্দী। বার্মারা এক সময় আমাদের চট্টগ্রাম দখল করেছিল, শায়েস্তা খানের সেনাপতি ওমেদ খান চট্টগ্রাম পুনরুদ্ধার করেছিলেন। এটা আর কতদিন চলবে, আরাকান দখল করে এমন বিভৎসতা তৈরি করেছিল, এটা ভাবা যায় না। বার্মারাজ দাবি করেছিলেন, চট্টগ্রাম, ঢাকা ও মুর্শিদাবাদ তাদের দিয়ে দিতে।’

৭ সেপ্টেম্বর ২০১৭/ রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি